ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

হরমুজ প্রণালিতে ভারত-চীনকে বিশেষ ছাড় ইরানের


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৫-১১-২০২৬ বিকাল ৬:৩৫

মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলাকালীন কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে অন্যান্য দেশের জাহাজ চলাচলে চরম অনিশ্চয়তা তৈরি হলেও ভারত, চীন, ইরাক ও কাতারের বাণিজ্যিক জাহাজের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছে ইরান। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ধরনের রাজনৈতিক ধাক্কার পরপরই এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

এই সিদ্ধান্তের তথ্য নিশ্চিত করে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির সহ-সভাপতি আমির হায়াত মোকাদ্দাম বলেছেন, ভারতীয় জাহাজ চলাচলের সুযোগ দিলে দেশটি থেকে প্রয়োজনীয় ওষুধ আমদানি সহজ হবে। অন্যদিকে চীনের জাহাজকে ছাড় দেওয়ার মূল উদ্দেশ্য হলো বেইজিংয়ের পূর্ণ রাজনৈতিক সমর্থন বজায় রাখা।

তিনি বলেছেন, ‘‘আমরা বর্তমানে চার দেশ—ভারত, চীন, ইরাক ও কাতারকে হরমুজ প্রণালিতে নৌ চলাচলের বিধিনিষেধ থেকে মুক্ত রেখেছি। এসব দেশের জাহাজ এখন সম্পূর্ণ স্বাধীনভাবে চলাচল করছে এবং আমেরিকানরাও সেগুলোতে কোনো বাধা সৃষ্টি করছে না।’’

• কেন এই ছাড়?

মধ্যপ্রাচ্যের জ্বালানির ওপর চরম নির্ভরতা এবং ওই অঞ্চলে বিশাল বাণিজ্যিক স্বার্থের কারণে বিশেষ এই ছাড় ওই কয়েকটি দেশের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক। তবে ছাড়ের সুযোগ পেলেও সংশ্লিষ্ট দেশগুলোর জাহাজ হরমুজ প্রণালি দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবে না। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় জাহাজগুলোকে এখনও নির্ধারিত ট্রানজিট ফি বা যাতায়াত মাশুল গুনতে হতে পারে। কারণ তেহরানের এই নমনীয়তা জলপথটি ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য, কোনো প্রকার আর্থিক ফি মওকুফের জন্য নয়।

ছাড়ের তালিকায় চীনের স্থান পাওয়া তেহরানের সঙ্গে বেইজিংয়ের কৌশলগত সম্পর্কের গুরুত্বের বিষয়টিকে সামনে আনছে। চীন কেবল ইরানি তেলের প্রধান ক্রেতাই নয়, দেশটির বর্তমান শাসকগোষ্ঠীর বড় অর্থনৈতিক ও কূটনৈতিক চালিকাশক্তিও। চীনা জাহাজ চলাচলের সুবিধা অব্যাহত রেখে তেহরান নিজের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পর্ক সুরক্ষিত রাখতে চাইছে।

একইভাবে কাতার ও ইরাকেরও নিজস্ব কৌশলগত গুরুত্ব রয়েছে তেহরানের কাছে। কাতার যেমন বিশ্বের অন্যতম প্রধান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানিকারক এবং উপসাগরীয় নৌপথ চালু রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক তেমনই ইরাকের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ইরান নিজের সুরক্ষার অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে।

• উপসাগরীয় নৌপথে চরম অস্থিরতা
পারস্য উপসাগরের সঙ্গে ওমান উপসাগরকে সংযুক্তকারী এই সংকীর্ণ হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিক সময়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি পরিবহন করা হয়। তবে গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলা এবং পরবর্তীতে ইরানের পাল্টা জবাবের পর থেকে এই গুরুত্বপূর্ণ জলপথে জাহাজ চলাচল মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে।

মার্কিন-ইসরায়েলি বোমাবর্ষণ শুরু হওয়ার পরপরই তেহরান এই জলপথ কার্যত অবরুদ্ধ করে ফেলে। কিছুদিন পর ওয়াশিংটনও ইরানের বন্দরগুলোতে কড়া নৌ-অবরোধ জারি করে।

ইরান বর্তমানে জাহাজ চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে রেখেছে; নির্দিষ্ট কয়েকটি জাহাজকে যাতায়াতের অনুমতি দেওয়া হলেও বাকিদের কঠোর পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে দিতে হচ্ছে মোটা অঙ্কের ট্রানজিট ফি।

গত ফেব্রুয়ারিতে সংঘাত ছড়িয়ে পড়ার পর থেকে এখন পর্যন্ত এই অঞ্চলের বিভিন্ন জাহাজে হামলায় অন্তত ১৫ জন ভারতীয় নাবিক প্রাণ হারিয়েছেন। সবশেষ গত সোমবার সন্ধ্যায় ওমানের লিমার কাছে এমএসভি আল জুসুফি নামের বাণিজ্যিক জাহাজে হামলায় ভারতীয় এক নাবিক নিহত হন।

আলোচনা ও কূটনীতির মাধ্যমে এই সংকট মোকাবিলার ওপর বারবার জোর দেওয়া ভারত বাণিজ্যিক জাহাজে অব্যাহত হামলাকে গভীর উদ্বেগের বিষয় বলে অভিহিত করেছে।

সূত্র: এনডিটিভি।

aliul / aliul

নির্বাচনে ভরাডুবির পর ইরান নিয়ে কঠিন পরিস্থিতিতে ট্রাম্প

হরমুজ প্রণালিতে ভারত-চীনকে বিশেষ ছাড় ইরানের

যুদ্ধবিরতির জন্য সৌদির কাছে সাড়ে ৬ লাখ কোটি টাকা চেয়েছে হুথিরা

মেয়েকে নিজের কর্মচারীর সঙ্গে ধরলেন বাবা, ক্ষিপ্ত হয়ে মেরে ফেললেন যুবককে

ইরান যুদ্ধের তহবিল বন্ধ করতে মার্কিন সিনেটরের আহ্বান

বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা : এক বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দিলো কুয়েত

আমাকে অভিশংসন করতে এলে ডেমোক্র্যাটরা ধ্বংস হয়ে যাবে : ট্রাম্প

হরমুজে অপারেশনের আওতা বাড়াচ্ছে দক্ষিণ কোরিয়ার বাহিনী

আরব দলগুলো নিয়ে নেতানিয়াহুর অভিযোগ প্রত্যাখ্যান নির্বাচন কমিশনের

ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

নির্বাচনে বিপুল অর্থ ঢেলে ব্যর্থ হয়ে ইলন মাস্কের উপহাস

দুই মুসলিম নারীর টানা পঞ্চম জয়

ইরানে ফের হামলার পরিকল্পনা থেকে সরলেন ট্রাম্প