ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

জড়তার কারণে আমি বারবার নিজের চুল ঠিক করছিলাম : শাহরুখ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৮-১০-২০২৬ বিকাল ৭:১৫

৭৫-এ হঠাৎ থামলেন নানা পাটেকর। বলিউডের শক্তিমান এ অভিনেতা বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে চলে গেছেন অনন্তলোকে। তার প্রয়াণে শোকস্তব্ধ বলিউড, বিষাদের ছায়া গোটা উপমহাদেশের সিনেমাপ্রেমীদের মনে।

তবে যারা নানা পাটেকরের সহকর্মী, একসঙ্গে কাজ করেছেন, তাদের মনে বিষণ্নতার মাত্রা কিছুটা বেশিই। যেমন শাহরুখ খান। আজ তিনি বলিউডের বেতাজ বাদশাহ। কিন্তু ক্যারিয়ারের প্রথম দিকে নানা পাটেকরের সঙ্গে কাজ করাই ছিল তার জন্য বড় বিষয়।

নানার সঙ্গে প্রথম দেখার স্মৃতি সামনে আনলেন ‘পাঠান’ শাহরুখ। ফেসবুকে লিখলেন, “প্রথম যেদিন তার সঙ্গে দেখা হয়েছিল, মুগ্ধতা আর জড়তার কারণে আমি বারবার নিজের চুল ঠিক করছিলাম। তিনি আমার হাত সরিয়ে দিয়ে বলেছিলেন, ‘নায়কের মতো চুল সাজাবি না, তুই একজন অভিনেতা!’ তিনি কখনো কারো মন জোগানোর চেষ্টা করতেন না। কেউ যা শুনতে চাইত, তা বলতেন না। বরং যা শোনা প্রয়োজন, সেটাই বলতেন। নানার স্বভাব ছিল এমনই; সোজাসাপটা, রুক্ষ অথচ সৎ; আর সবচেয়ে সুন্দর হাসিগুলোর একটি ছিল তার।”

নানা পাটেকরকে নিয়ে দীর্ঘ বার্তা দিয়েছেন শাহরুখ। অভিনেতাকে নিয়ে ‘কিং অব রোম্যান্স’ আরো লেখেন, ‘ভালোবাসা প্রকাশের নিজস্ব এক অদ্ভুত ধরন ছিল তার। প্রথমে বকা দিতেন। তারপর তৃতীয় বা চতুর্থবার গালমন্দ করার মাঝখানে হঠাৎ বোঝা যেত, আসলে তিনি বুকে জড়িয়ে নিচ্ছেন! তিনি আমাকে ভালোবাসতেন, আমিও তাকে ভালোবাসতাম। তিনি ছিলেন আমার পথপ্রদর্শক, শিক্ষক, সমালোচক এবং বন্ধু। ক্যারাম খেলায় একের পর এক ম্যাচে আমাকে এবং আশপাশের সবাইকে হারিয়ে জয়ের আনন্দ উপভোগ করতেন তিনি।’

আরও কিছুদিন নানা পাটেকরের সঙ্গে আড্ডা-খেলার সুযোগ হয়নি, এ নিয়ে আক্ষেপ প্রকাশ করে শাহরুখ লিখেছেন, ‘নানা, আপনার সেই তীব্র ব্যক্তিত্ব, হাসি, পাগলামি আর ভালোবাসা চিরকাল আমাদের সঙ্গে থেকে যাবে। শুধু আফসোস, যদি আরও কিছুক্ষণ কথা বলার সুযোগ পেতাম! আরেকটা তর্ক, আরও এক কাপ চা, কিংবা ক্যারামের আরেকটা খেলা; ইশ! যদি আরেকবার হতো!’

নানা পাটেকর ও শাহরুখ খানকে একসঙ্গে প্রথমবার দেখা গিয়েছিল ১৯৯২ সালের সিনেমা ‘রাজু বন গয়া জেন্টলম্যান’-এ। সিনেমাটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। এরপর তারা একসঙ্গে হাজির হন ২০০২ সালের ‘শক্তি’তে। এটিও দর্শকনন্দিত হয়েছিল।

নানার বলে যাওয়া নানা কথা মাথায় গেঁথে রেখেছেন শাহরুখ। তেমনই একটি কথা উল্লেখ করে পর্দার ‘রাজু’ বলেন, “শুধু চলচ্চিত্রজগতে নয়, কোটি কোটি ভারতীয় এবং সারা বিশ্বের মানুষের হৃদয়ে এক অপূরণীয় শূন্যতা রেখে গেছেন নানা পাটেকর। শুধু এটুকুই বলতে পারি, আপনাকে ভীষণ মনে পড়বে। আপনার বলা কথাগুলো আমৃত্যু হৃদয়ে ধারণ করে রাখব, ‘নায়ক হওয়ার চক্করে পড়ে অভিনেতা পরিচয়টা হারিয়ে ফেলো না।’ নানা, আপনার আত্মা শান্তিতে থাকুক। আল্লাহ আপনার মঙ্গল করুন। স্বর্গও ধন্য হবে আপনার মতো একজন অসাধারণ অভিনেতা এবং অপরাজেয় ক্যারাম চ্যাম্পিয়নকে! আপনাকে ভালোবাসি, ভীষণ মনে পড়বে আপনার কথা! খুব তাড়াতাড়ি চলে গেলেন, আমার নায়ক, আমার অভিনেতা! শান্তিতে ঘুমান।”

শাহরুখের প্রতি অসামান্য স্নেহ ছিল নানা পাটেকরের। বছর দুয়েক আগে এক সাক্ষাৎকারে শাহরুখকে নিয়ে বলেছিলেন, ‘বাচ্চাটাকে আমার খুব ভালো লাগে। ও তো আমার কাছে বাচ্চার মতোই। আজও আমার সঙ্গে খুব আন্তরিকতা নিয়ে দেখা করে, কথা বলে। মানুষ তো ভুলে যায়, কিন্তু ও ভোলেনি।’  

aliul / aliul

জড়তার কারণে আমি বারবার নিজের চুল ঠিক করছিলাম : শাহরুখ

তিন ঘণ্টায় এক মিলিয়ন, শুরুতেই চমকে দিলো এই নাটক

কেমোথেরাপির মাঝে তানিয়া বৃষ্টির সময় যেভাবে কাটছে

মেহজাবীনকে দেখে ভক্তরা বলছেন, ‘বিয়ের চেয়েও আজ সুন্দর লাগছে’

উপদেষ্টা হলেন মিঠুন চক্রবর্তী, পাবেন পূর্ণমন্ত্রীর মর্যাদা

‘নীল রং আমাতেই সাজে’

নানা পাটেকরের শেষ বক্তব্য—কাল বাঁচব কি না জানি না

মারা গেছেন বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর

শাহরুখের বিশেষ পরামর্শের কথা জানালেন অভিষেক

‘এটা আমাদেরই গল্প’ নাটকের নির্মাতার ‘ফিরে আসার গল্প’ শুরু

মা হতে চলেছেন কিয়ারা, জানালেন সিদ্ধার্থ

১০২ বছর বয়সে মারা গেছেন অস্কারজয়ী অভিনেত্রী ইভা মেরি সেইন্ট

বিয়ের ক্ষেত্রে আমি ভাগ্যে বিশ্বাসী