মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিটের নামে জিম্মি করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ১
ওয়ার্ক পারমিট ভিসায় মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে দুই ব্যক্তিকে ভিজিট ভিসায় নিয়ে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগে মাসুদ করিম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ২টার দিকে রাজধানীর পল্টন থানাধীন পলওয়েল মার্কেট এলাকা থেকে মাসুদ তাকে গ্রেপ্তার করে সিআইডি। এ ঘটনায় দায়ের করা মানিলন্ডারিং মামলায় তাকে আসামি করা হয়েছে। একই মামলায় তার মালিকানাধীন প্রতিষ্ঠান তাহসিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের বিরুদ্ধেও মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ জানান, দুই ভুক্তভোগীকে ওয়ার্ক পারমিট ভিসায় মালয়েশিয়ায় নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিযুক্ত মাসুদ করিম। কিন্তু তাদের ভিজিট ভিসায় দেশটিতে নেওয়ার পর বিমানবন্দর থেকে অজ্ঞাত স্থানে নিয়ে আটকে রাখা হয়। পরে আন্তর্জাতিক সংঘবদ্ধ মানব পাচার চক্রের সহায়তায় ভুক্তভোগীদের স্বজনদের ফোন করে তাদের মুক্তির বিনিময়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
এ সময় ভুক্তভোগীদের শারীরিক ও মানসিক নির্যাতন এবং ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগ রয়েছে। পরে ভুক্তভোগীদের একজন এ ঘটনায় থানায় মামলা করেন।
সিআইডির অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, ভুক্তভোগীদের মুক্তিপণ বাবদ ব্যাংক হিসাবের মাধ্যমে দুই লাখ টাকা আদায় করা হয়। মানব পাচার, অপহরণ ও মুক্তিপণ আদায়ের মাধ্যমে অর্থ গ্রহণের অভিযোগের বিষয়ে মানিলন্ডারিং অনুসন্ধান শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মাসুদ করিম ও তার মালিকানাধীন তাহসিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের বিরুদ্ধে মামলা করা হয়।
গত ১২ মার্চ পল্টন থানায় মামলাটি করা হয়। মামলার নম্বর ২০। এতে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর সংশোধিত ৪(২) ধারা উল্লেখ করা হয়েছে।
তিনি বলেন, বর্তমানে মামলাটির তদন্ত করছে সিআইডি। এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তি, পলাতক অভিযুক্ত এবং চক্রটির দেশি-বিদেশি সহযোগীদের শনাক্ত করার পাশাপাশি সম্ভাব্য ভুক্তভোগীদের খুঁজে বের করতে তদন্ত চলছে।
বিদেশে কর্মসংস্থান, অভিবাসন কিংবা ভ্রমণের ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রলোভনে পড়ে যাচাই-বাছাই ছাড়া অর্থ বা পাসপোর্ট হস্তান্তর না করতে নাগরিকদের সতর্ক করেছে সিআইডি। সংস্থাটি বিদেশে যাওয়ার ক্ষেত্রে সরকার অনুমোদিত বৈধ প্রক্রিয়া অনুসরণ এবং সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করার আহ্বান জানিয়েছে।
এ ছাড়া ভিসা দেওয়ার নামে অস্বাভাবিক অঙ্কের অর্থ দাবি, পাসপোর্ট আটকে রাখা, ভিসা জালিয়াতি, মানব পাচার কিংবা অবৈধ অভিবাসনের সঙ্গে জড়িত থাকার সন্দেহ হলে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা সিআইডিকে জানানোর অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
aliul / aliul
মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিটের নামে জিম্মি করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ১
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা জানালো সরকার
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
জার্মান পর্যটকের ম্যাকবুক উদ্ধার করে পুরস্কার পেলেন ২ পুলিশ কর্মকর্তা
ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সরকারি পদক্ষেপ চান সাবেক বিচারপতি
হামের উপসর্গে নতুন করে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৯৯ মামলা
এলডিসি থেকে উত্তরণের সময়সীমা বাড়ানো নিয়ে ডাচদের সমর্থন চায় বাংলাদেশ
কমছে সব প্রধান নদীর পানি
চকবাজারে আগুন : ২১ ঘণ্টা পরও উড়ছে ধোঁয়া
সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়
দুর্যোগের ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির