দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার, অভিযুক্তসহ মারধরকারীরও সাজা
রাজধানীর ধানমন্ডিতে শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে উঠবস করানোর ঘটনায় খালিদ হাসান (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। আজ আদালতে সোপর্দের পর ১৫ দিনের সাজা দিয়েছে ডিএমপির রমনা জোনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
একই ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত থেকেও দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ধানমন্ডি থানার এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) প্রত্যাহার করেছে পুলিশ।
পাশাপাশি শ্লীলতাহানির অভিযোগের ভিত্তিতে মামলা না করায় আটক অভিযুক্ত শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানাকে(৪৮) আদালতে পাঠানো হলে গতকাল তাকে এক মাসের সাজা দেয় একই আদালত।
পুলিশ জানায়, বুধবার (১৪ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে ধানমন্ডির মীনা বাজার এলাকা থেকে খালিদকে আটক করা হয়। পরে তাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
আটক খালিদ একটি বেসরকারি প্রতিষ্ঠানে গ্রাফিকস ডিজাইনার হিসেবে কাজ করেন। আর প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যের নাম আবদুল হাই।
ধানমন্ডি থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব ঢাকা পোস্টকে বলেন, গত সোমবার (১২ অক্টোবর) দুপুরে ধানমন্ডি সাতমসজিদ সড়কে বাংলাদেশ আই হসপিটালের বিপরীত পাশে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামের এক ব্যক্তিকে মারধর ও কান ধরে উঠবস করানোর অভিযোগে খালিদকে আটক করা হয়েছে। ওই ব্যক্তি মানসিক রোগে আক্রান্ত বলে জানান তিনি।
তবে ঘটনার সূত্রপাত হয় এক তরুণীকে (২৩) শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে। ওই তরুণীর অভিযোগ, শহীদ আবদুল্লাহ তাকে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করেন। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে তাকে চড়-থাপ্পড় ও লাথি মারেন স্বজন খালিদ। একপর্যায়ে তাকে কান ধরে উঠবস করানো হয়। পুরো ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
ঘটনার বিষয়ে ভুক্তভোগী তরুণী বুধবার গণমাধ্যমকে বলেন, শহীদ আবদুল্লাহ তাকে ‘ব্যাড টাচ’ করেন। কিন্তু ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা তাকে আটক করতে অনীহা প্রকাশ করেন। পরে তিনি মোবাইল ফোনে তার এক স্বজনকে ডেকে আনেন। ওই স্বজন ঘটনাস্থলে এসে শহীদ আবদুল্লাহকে মারধর করেন।
ভুক্তভোগী তরুণীর ভাষ্য, এখন তার স্বজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। অথচ শ্লীলতাহানির অভিযোগ ওঠার পর ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা নীরব ছিলেন। তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
তিনি আরও বলেন, স্বজনকে আটকের খবর পেয়ে বুধবার সকালে ধানমন্ডি থানায় যান তিনি। সেখানে পুলিশ তাকে জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল না হলে এমন ঘটনা ঘটতো না। ভিডিওটি যে আইডি থেকে ছড়ানো হয়েছে, সেই ব্যক্তির বিরুদ্ধে মামলা করার কথাও জানান তিনি। একই সঙ্গে স্বজনের মুক্তি দাবি করেন ওই তরুণী।
তবে এ ব্যাপারে ধানমন্ডি থানার ওসি বলেন, ওই তরুণী আজ মৌখিক অভিযোগ করছেন। পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হলেও তিনি লিখিত অভিযোগ করেননি। তিনি মামলা করতেও আগ্রহী নন। বাধ্য হয়ে আটক অভিযুক্ত ব্যক্তিকে গতকালই ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে এক মাসের সাজা দিয়েছেন।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যদের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থার বিষয়ে জানতে চাইলে ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, এএসআই আবদুল হাইকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনাস্থলে দায়িত্ব পালনের কথা ছিল। তবে সেখানে উপস্থিত অন্য দুই পুলিশ সদস্য পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (দাঙ্গা দমন বিভাগ) সদস্য হওয়ায় তাদের বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দুই মিনিট ১২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, এক যুবক ক্ষুব্ধ হয়ে গালাগাল করতে করতে এক ব্যক্তিকে চড়-থাপ্পড় ও লাথি মারছেন। এ সময় ফুটপাতের আশপাশে লোকজন জড়ো হন। তাদের কেউ ঘটনাটি দেখছিলেন, আবার কেউ মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলেন।
ভিডিওতে কয়েকজন পথচারীকে বলতে শোনা যায়, ‘মেয়ের গায়ে হাত দিয়েছে’, ‘মা-বোন নাই’। তবে এসব বক্তব্যের স্বাধীন সত্যতা ভিডিও থেকে নিশ্চিত হওয়া যায় না।
ভিডিওর একপর্যায়ে এক পথচারী মারধরের শিকার ব্যক্তিকে সেখানে থাকা পুলিশের দুই সদস্যের হাতে তুলে দেওয়ার কথা বলেন। পরে ওই ব্যক্তিকে বসা অবস্থা থেকে উঠে দাঁড়াতে দেখা যায়। তার মোবাইল ফোন নিয়ে এক পথচারী ও মারধরকারী যুবক তাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন।
এ সময় উত্তেজিত যুবককে বলতে শোনা যায়, ‘কীসের সরি, সরি বললেই সব শেষ হয়ে যায়?’ এরপর ‘তুই একটি মায়ের গায়ে হাত দিয়েছিস’ বলে আবারও ওই ব্যক্তিকে চড় মারেন তিনি।
ভিডিওতে আরও দেখা যায়, ফুটপাতে মারধরের সময় কয়েক হাত দূরে পুলিশের দুই সদস্য উপস্থিত ছিলেন। আশপাশের লোকজনের মতো তারাও ঘটনাটি দেখছিলেন।
aliul / aliul
দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার, অভিযুক্তসহ মারধরকারীরও সাজা
নিরাপদ অভিবাসনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
চাকরির প্রলোভনে রাশিয়ায় ৩০ বাংলাদেশি পাচার, ইউক্রেন যুদ্ধে নিহত ২০
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন
মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ
সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
স্কুল-কলেজে বিজ্ঞান মেলা ও নতুন উদ্ভাবন রপ্তানির সুপারিশ
গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে ৯ নভেম্বর