সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের
জাতীয় সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন কোনো আচরণ না করার জন্য সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। কোনো সদস্যের বক্তব্যে আপত্তিকর শব্দ থাকলে তা কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হবে এবং প্রয়োজনে অন্য সদস্যদেরও জবাব দেওয়ার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্পিকার এসব কথা বলেন।
শাহজাহান চৌধুরী তাঁর বক্তব্যে জামায়াতের সংসদ সদস্য আমির হামজার প্রশ্ন করার সময় সরকারি দলের কয়েকজন সংসদ সদস্যের টিপ্পনী ও মন্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় সংসদ সদস্যদের মর্যাদা রক্ষায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের হস্তক্ষেপ কামনা করেন এবং এ বিষয়ে রুলিং দেওয়ার অনুরোধ জানান।
এর আগে মাগরিবের বিরতির আগে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তারকা চিহ্নিত ৫৪৩ নম্বর প্রশ্ন উত্থাপন করেন জামায়াতের সংসদ সদস্য আমির হামজা। ডেপুটি স্পিকার তাঁর নাম ঘোষণার পর সরকারি দলের কয়েকজন সংসদ সদস্যকে হইচই করতে দেখা যায়। মাইক ছাড়াই কয়েকজন তাঁর নাম ধরে মন্তব্য করেন। পরে আমির হামজার প্রশ্নের উত্তর দেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। এরপর আরেকটি সম্পূরক প্রশ্ন করেন আমির হামজা।
মাগরিবের বিরতির পর সংসদের সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় তিনি শাহজাহান চৌধুরীর পয়েন্ট অব অর্ডারের বিষয়ে জবাব দেন।
স্পিকারকে উদ্দেশ করে শাহজাহান চৌধুরী বলেন, আপনি এই হাউজের ৩৫০ জন সংসদ সদস্যের অভিভাবক। সংসদ সদস্যদের সবার সম্মান রক্ষার বিষয়টি সবচেয়ে বেশি আপনিই দেখবেন এবং অভিভাবক হিসেবে তাঁদের প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।
তিনি বলেন, তাঁদের একজন সদস্য বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ওয়ায়েজিন আমির হামজা। প্রশ্নোত্তর পর্বে তাঁর নাম উল্লেখ করে প্রশ্ন করার সময় কয়েকজন সংসদ সদস্য যেভাবে মন্তব্য করেছেন এবং সংসদে যেভাবে শব্দ করেছেন, তা একজন সংসদ সদস্যের বিশেষ অধিকার ক্ষুণ্ন করার শামিল।
জামায়াতের এই সংসদ সদস্য বলেন, স্পিকার এ পর্যন্ত সরকারি দল ও বিরোধী দল—উভয় পক্ষের সদস্যদের সম্মান সমানভাবে রক্ষা করেছেন। একজন সংসদ সদস্যের নাম উল্লেখ করে যেভাবে মন্তব্য করা হয়েছে, বিষয়টি তিনি স্পিকারের দৃষ্টিতে আনতে চান। সংসদের অভিভাবক হিসেবে স্পিকার এ বিষয়ে একটি রুলিং দেবেন বলে প্রত্যাশা করেন তিনি।
জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, এই সংসদের ওপর জনগণের অনেক আস্থা রয়েছে। ১৫ বছরের দুঃসময় অতিক্রম করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই সংসদ গঠিত হয়েছে।
তিনি বলেন, বাইরে যখনই বক্তব্য দেওয়ার সুযোগ পান, তখনই তিনি বলেন, তাঁর দৃষ্টিতে এই সংসদ তাঁর দেখা সাতটি সংসদের মধ্যে সবচেয়ে সুন্দরভাবে গঠিত হয়েছে এবং এখানে যোগ্য ব্যক্তিরা রয়েছেন। এই সংসদে অনেক জ্ঞানী-গুণী ও শিক্ষিত ব্যক্তি রয়েছেন। এই সংসদের সবচেয়ে বড় মাহাত্ম্য হলো, এটি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত হয়েছে।
স্পিকার বলেন, এর আগের ১৫ বছর ছিল অন্ধকার সময়। সবাই সেই সময় সহ্য করেছেন। উভয় পক্ষের অনেক সদস্য বিনা বিচারে কারাগারে সময় পার করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছয় বছর অন্তরীণ ছিলেন। বিচার পাননি, খাবার পাননি, চিকিৎসা পাননি। অনেক দুঃসময় অতিক্রম করে তাঁরা এই সংসদ পেয়েছেন। তাই এই সংসদের ওপর জনগণের অনেক আশা-ভরসা রয়েছে।
তিনি বলেন, তাঁরা আশা করেন, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে পারবেন। সংসদের কার্যক্রম এখন সাধারণ মানুষ অতীতের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি দেখছেন। তাই সংসদ সদস্যদের আচরণের ওপর ভিত্তি করেই তাঁরা এই সংসদ সম্পর্কে ধারণা তৈরি করবেন।
স্পিকার আরও বলেন, অতীত দিনের রাজনীতি ছিল ক্লেদাক্ত। তিনি যেসব সংসদে ছিলেন, সেখানে তুমুল গালাগালি ও অশ্রাব্য কথাবার্তা হতো। এমনকি বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে পেছন থেকে অত্যন্ত আপত্তিকর কথাবার্তা বলা হয়েছে। এভাবে অনেক খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাঁদের। তাঁরা এসব দিন পেছনে ফেলে যেতে চান।
তিনি বলেন, তাঁরা এমন একটি সংসদ গড়ে তুলতে চান, যার ওপর জনগণ নির্ভর করতে পারে। এ জন্য প্রত্যেক সংসদ সদস্যের দায়িত্ব রয়েছে। ট্রেজারি বেঞ্চের যেমন দায়িত্ব রয়েছে, তেমনি অপোজিশন বেঞ্চ ও স্বতন্ত্র সদস্যদেরও দায়িত্ব রয়েছে।
স্পিকার আরও বলেন, সংসদ সদস্যরা জনগণের নির্বাচিত প্রতিনিধি। তাঁরা তাঁর চেয়ে কেউ কম বোঝেন না, বরং বেশি বোঝেন। তাই সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন কোনো আচরণ না করার জন্য তিনি তাঁদের অনুরোধ করেন। কোনো সদস্য দাঁড়িয়ে কথা বলার সময় আপত্তিকর শব্দ ব্যবহার করলে তা কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হবে। আর অন্য সদস্যদের জবাব দেওয়ার প্রয়োজনীয়তা অনুভূত হলে তাঁদেরও সেই সুযোগ দেওয়া হবে।
সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, তাঁদের মধ্যে আরও বেশি পরমতসহিষ্ণুতা থাকা প্রয়োজন। ধৈর্য ধরে অন্যের বক্তব্য শুনতে হবে। বাক্স্বাধীনতা রয়েছে এবং এ স্বাধীনতা নিয়ে সবাই গর্ব করেন। তাই কোনো সদস্যের মানসম্মান ক্ষুণ্ন হয়, এমন আচরণ কেউ করবেন না বলে তিনি আশা প্রকাশ করেন।
aliul / aliul
নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হয়ে উঠবে, আশা প্রধানমন্ত্রীর
সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের
মাদক প্রতিরোধে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটারে কাঁটাতারের বেড়া
'কাদম্বরীর মতো দেশেও না থেকেও উপস্থিতি জানান দিচ্ছেন শেখ হাসিনা'
নিজ বাড়িতে অগ্নিকাণ্ড নিয়ে সংসদে নুসরাতের ক্ষোভ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
‘আপনাকে তো বৃদ্ধ মনে হচ্ছে না, নওজোয়ান মনে হচ্ছে’
ভারত কীভাবে শেখ হাসিনার পুনর্বিচার চায়, প্রশ্ন চিফ প্রসিকিউটরের
গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জে নতুন ডিসি
আড়াই মাস পর ঢাকায় ফিরে অফিস করলেন খলিলুর রহমান, ছিলেন মন্ত্রিসভার বৈঠকেও
স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দুটো রিং পরানো সম্পন্ন
ধানমন্ডি এলাকা দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করবে ডিএসসিসি
সংসদ ভবনে সোলার প্যানেল সমীক্ষায় অসন্তোষ, ৪৮ ঘণ্টায় নতুন জরিপের নির্দেশ