ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪


 মো.শহিদুল ইসলাম photo মো.শহিদুল ইসলাম
প্রকাশিত: ১৪-১০-২০২৬ বিকাল ৬:৫৫

দেশে ডেঙ্গু ও হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৫৪ জন। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১৪৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি সন্দেহজনক হামে আক্রান্ত রোগী পাওয়া গেছে ১ হাজার ৭৪ জন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু ও হামবিষয়ক পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ডেঙ্গুতে মৃত্যু ৩১৭
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৯৫৪ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ৩৯৬ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৯৬৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯৭ হাজার ২৯৬ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৮৪৫ জন। এ ছাড়া চট্টগ্রামে ৩১৮, খুলনায় ২৩০, বরিশালে ১৯৬, রাজশাহীতে ১৮৪, ময়মনসিংহে ৯৭ এবং রংপুরে ৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১৭। এর মধ্যে অক্টোবরের প্রথম ১২ দিনে মারা গেছেন ৭১ জন। এ ছাড়া সেপ্টেম্বরে ১৪৮, আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬, জুনে ১৩, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
দেশে হামের সংক্রমণ ও এ রোগের উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনাও অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৪৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া সন্দেহজনক হামে আক্রান্ত রোগী পাওয়া গেছে ১ হাজার ৭৪ জন।
সন্দেহজনক হামে আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে ২৯৫, চট্টগ্রামে ২৪৬, সিলেটে ১৪২, বরিশালে ১৩২, খুলনায় ১২৬, ময়মনসিংহে ৭২, রাজশাহীতে ৩৭ এবং রংপুরে ২৪ জন রয়েছেন।
অন্যদিকে, নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৬৩, চট্টগ্রামে ৬৭ এবং খুলনায় ৯ জন রয়েছেন।
ডেঙ্গুর ঝুঁকি বাড়াচ্ছে এডিস মশা
বিশেষজ্ঞদের আশঙ্কা, এখনই কার্যকর উদ্যোগ না নিলে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। অন্যান্য বছরের অভিজ্ঞতার আলোকে চলতি বছরের সেপ্টেম্বর ও অক্টোবরেও ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা করা হয়েছিল।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার সাংবাদিকদের বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে প্রতিদিন মশা, লার্ভা ইত্যাদির ওপর একটি সার্ভেইল্যান্স করি আমরা। আমরা ট্র্যাপও ব্যবহার করি। এই সার্ভেইল্যান্সে আমরা দেখেছি, এডিস মশার ঘনত্ব ডেঙ্গু ছড়ানোর জন্য উপযোগী মাত্রায় আছে।”

তিনি বলেন, এডিস মশার ঘনত্ব, ডেঙ্গু রোগীর সংখ্যা, বৃষ্টিপাত, তাপমাত্রা ও আর্দ্রতা বিবেচনায় নিয়ে তাঁরা পূর্বাভাস তৈরি করেন। সেই পূর্বাভাসে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতি খারাপ যাওয়ার ইঙ্গিত ছিল।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ডা. কাজী আহমেদ জাকী বলেন সাংবাদিকদের বলেন, “ডেঙ্গু নিয়ে এখনই আমরা উদ্বেগজনক অবস্থায় আছি। দিনদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে।”
স্বাস্থ্যসেবায় বাড়তি চাপ
হামের সংক্রমণ সামাল দিতে দেশের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো আগে থেকেই চাপের মধ্যে রয়েছে। এর মধ্যে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা নিশ্চিত করা আরও কঠিন হয়ে পড়ছে।
এ বিষয়ে ডা. কাজী আহমেদ জাকী বলেন সাংবাদিকদের বলেন, “হামের কারণে আমাদের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো এমনিতেই অতিরিক্ত চাপের মধ্যে রয়েছে। এর মধ্যে ডেঙ্গু নতুন করে বাড়তি চাপ তৈরি করছে। সব মিলিয়ে এটি আমাদের জন্য স্বস্তিদায়ক পরিস্থিতি নয়, বরং বেশ চাপের।”
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, আক্রান্ত এলাকার নজরদারি এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি হামের সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার, আক্রান্তদের দ্রুত শনাক্তকরণ এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা গুরুত্বপূর্ণ। সমন্বিত উদ্যোগ ছাড়া দুই রোগের বাড়তি চাপ সামাল দেওয়া কঠিন হতে পারে।

 

aliul / aliul

ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৯৫৪

ডেঙ্গুতে আক্রান্ত এক লাখ ছাড়াল

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই

অক্টোবরের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে প্রাণ গেল ৪৯ জনের

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০

আজও ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৯৬

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৩২

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু

স্বাস্থ্যখাতের উন্নয়নে চিকিৎসক নেতাদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

হাম উপসর্গে আরও ৫ জন সহ মোট মৃত্যু ১০৮১