প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন
প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, তারা সমাজেরই মূল্যবান সম্পদ এবং তাদের জীবনমান উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি। সমাজের পিছিয়ে পড়া বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে সমন্বিত পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) রাজধানীর মিরপুর-১৪ নম্বরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন চত্বরে ‘বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে আয়োজিত র্যালি, আলোচনা সভা ও দৃষ্টিপ্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা/প্রণোদনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’—এ প্রতিপাদ্যকে সময়োপযোগী আখ্যা দিয়ে মন্ত্রী বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন দৃষ্টিপ্রতিবন্ধী শিশুসহ সকল প্রতিবন্ধী ব্যক্তি অত্যন্ত মেধার অধিকারী। যথাযথ প্রাতিষ্ঠানিক ও কারিগরি শিক্ষা প্রদানের মাধ্যমে তাদেরকে সমাজে মর্যাদার সঙ্গে প্রতিষ্ঠিত করা সম্ভব। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সম্মানের প্রশ্নে সমাজ এখনও কাঙ্ক্ষিত জায়গা থেকে পিছিয়ে রয়েছে উল্লেখ করে তিনি সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানান।
তিনি জোর দিয়ে বলেন, নগর ও অবকাঠামো পরিকল্পনায় বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অবাধ প্রবেশগম্যতা নিশ্চিত করা জরুরি। দেশের প্রতিটি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বহুতল ভবন ও বিপণিবিতানে বাধ্যতামূলকভাবে র্যাম্প নির্মাণ করতে হবে। পাশাপাশি গণপরিবহনে প্রতিবন্ধী ব্যক্তিদের যাতায়াত নির্বিঘ্ন করতে পরিবহন চালক ও শ্রমিকদের আরও সংবেদনশীল ও মানবিক আচরণ করার আহ্বান জানান তিনি। জনসচেতনতা বৃদ্ধিতে মূলধারার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে মন্ত্রী প্রধান অতিথি হিসেবে ১১০ জন বিশেষ চাহিদাসম্পন্ন দৃষ্টিপ্রতিবন্ধী শিশুর হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন। পরবর্তীতে দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের পরিবেশনায় এক মনোজ্ঞ দলীয় সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে মন্ত্রীর নেতৃত্বে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে মিরপুর-১৪ নম্বর গোলচত্বর প্রদক্ষিণ করে পুনরায় ফাউন্ডেশন প্রাঙ্গণে এসে শেষ হয়।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল। অনুষ্ঠানে দিবসের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম এবং স্বাগত বক্তব্য দেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আহমদ কবীর। এ সময় বিশেষ চাহিদাসম্পন্ন শিশু, অভিভাবক এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’
আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি
ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট
কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন
প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন
বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি
বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন
সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি
কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির
ক্যান্সারের ওষুধ চোরাচালানের চেষ্টা : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪