সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি
জাতীয় সংসদ ভবন এলাকার সার্বিক বিদ্যুতের চাহিদা মেটানো ও অপচয় রোধে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্বখ্যাত স্থপতি লুই আই কানের মূল নকশা অক্ষুণ্ন রেখে ও পরিবেশের ভারসাম্য বজায় রেখে কীভাবে সৌরবিদ্যুৎ উৎপাদন করা সম্ভব, তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখতে কাজ শুরু করেছে জাতীয় সংসদের বিশেষ কমিটি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রথম সভাতেই বুয়েটের মতো শীর্ষ প্রতিষ্ঠানের মাধ্যমে সম্ভাব্যতা যাচাই ও ত্রিমাত্রিক (থ্রিডি) নকশা তৈরির সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি গঠন করা হয়েছে তিন সদস্যের একটি উপকমিটিও।
বৈঠকে জাতীয় সংসদ ভবন ও তৎসংলগ্ন এলাকার সার্বিক বিদ্যুৎ চাহিদা নিরূপণ, বিদ্যুতের অপচয় রোধ, সিস্টেম লস কমানো এবং সোলার সিস্টেম স্থাপনের জন্য উপযুক্ত ফাঁকা জায়গার সম্ভাব্যতা যাচাই নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্য স্থানগুলো চিহ্নিত করে দ্রুত একটি মানচিত্র প্রণয়ন করা এবং প্রস্তাবিত স্থানসমূহে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনার ত্রিমাত্রিক (থ্রিডি) অ্যানিমেশন তৈরি করে কমিটির আগামী সভায় উপস্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় কমিটির সদস্যরা জাতীয় সংসদ ভবনের মূল স্থাপত্যশৈলী এবং বিশ্বখ্যাত স্থপতি লুই আই কানের ঐতিহাসিক নকশার সুরক্ষার ওপর সর্বোচ্চ জোর দেন। সোলার প্যানেল বসাতে গিয়ে যাতে স্থাপত্যের কোনো ধরনের ব্যত্যয় না ঘটে এবং পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য সম্পূর্ণ ক্ষুণ্ণ না হয়, তা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করার নির্দেশনা দেওয়া হয়। এ লক্ষ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অথবা অন্য কোনো প্রতিষ্ঠিত স্বনামধন্য প্রতিষ্ঠানের মাধ্যমে সম্ভাব্যতা যাচাই করার সুপারিশ করা হয়।
কার্যক্রমকে আরও বেগবান করতে সভায় ৩ সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়েছে। সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন, লুৎফুল্লাহেল মাজেদ এবং মারদিয়া মমতাজের সমন্বয়ে গঠিত এই উপকমিটি সোলার প্যানেল স্থাপনের সার্বিক বিষয় পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই করে প্রতিবেদন জমা দেবে। উপকমিটিকে কারিগরি ও প্রশাসনিক সহায়তা দেবে সংসদ সচিবালয়, ডিপিডিসি, স্থাপত্য অধিদপ্তর এবং গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধিরা।
এছাড়া অধিবেশন চলাকালের বাইরে অন্যান্য সময়ে সংসদ ভবনের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বন্ধ রাখলে কারিগরি বা অবকাঠামোগত কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে কি না, সে বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে উপকমিটির কাছে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে সভায় জানানো হয়, এমপি হোস্টেলের ছাদে সোলার প্যানেল স্থাপনের চলমান যে কার্যক্রমের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) ইতিপূর্বে প্রণয়ন করা হয়েছে, সেটির কোনো দায়ভার এই কমিটি গ্রহণ করবে না।
কমিটির আহ্বায়ক ডেপুটি স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও অংশ নেন বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, মো. আশরাফ উদ্দিন, লুৎফুল্লাহেল মাজেদ, মো. সাইফুল আলম এবং মারদিয়া মমতাজ। এছাড়া সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব, ডিপিডিসির প্রতিনিধি, গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীরা এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
aliul / aliul
‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’
আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি
ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট
কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন
প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন
বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি
বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন
সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি
কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির
ক্যান্সারের ওষুধ চোরাচালানের চেষ্টা : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪