৩১ হাজারের বেশি পূজামণ্ডপের অগ্নিনিরাপত্তায় প্রস্তুত ফায়ার সার্ভিস
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্ঘটনা মোকাবিলায় সংস্থাটির জনবল ও সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে। দেশে ৩১ হাজারের বেশি পূজামণ্ডপ রয়েছে। এসব মণ্ডপে দ্রুত সেবা পৌঁছে দিতে পরিস্থিতি অনুযায়ী ফায়ার সার্ভিসের সরঞ্জাম ও ইউনিটকে কাছাকাছি স্থানে প্রস্তুত রাখার ব্যবস্থা করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিস সদর দপ্তরে আয়োজিত ‘শারদীয় দুর্গাপূজায় অগ্নিনিরাপত্তা বিষয়ক’ সংবাদ সম্মেলনে এতথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ।
নবনিযুক্ত ফায়ার সার্ভিস মহাপরিচালক বলেন, বিভিন্ন অপশক্তি ও স্বার্থান্বেষী মহল যেকোনো সময় দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করতে পারে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো যথেষ্ট প্রস্তুতি নিয়েছে। কোনো স্বার্থান্বেষী মহল পরিস্থিতির সুযোগ নিতে পারবে না।
তিনি বলেন, অতীতের শারদীয় দুর্গোৎসবসহ বিভিন্ন উৎসবে ঘটে যাওয়া দুর্ঘটনাগুলো বিশ্লেষণ করে অগ্নিনিরাপত্তার ঝুঁকিগুলো চিহ্নিত করা হয়েছে।
পূজামণ্ডপে অস্থায়ী প্যান্ডেল নির্মাণের সময় বৈদ্যুতিক সংযোগে ত্রুটি, নিম্নমানের তার ব্যবহার এবং প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বৈদ্যুতিক লোড নেওয়ার কারণে অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি হয়। কোথাও কোথাও বৈদ্যুতিক সংযোগের সক্ষমতা বিবেচনা না করেই এসি ব্যবহারের ঘটনাও ঘটে।
এ ছাড়া পূজামণ্ডপের পেছনে রান্নাবান্না ও খাবার প্রস্তুতের জায়গা থেকেও অগ্নিকাণ্ডের আশঙ্কা থাকে। এসব বিষয় বিবেচনায় নিয়ে শুরু থেকেই পূজা কমিটিগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
ফায়ার সার্ভিসের ডিজি বলেন, দেশের ৫৩৮টি ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট পূজা কমিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেছেন। তারা পূজামণ্ডপ পরিদর্শন করে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা যাচাই, প্রয়োজনীয় পরামর্শ প্রদান এবং আগুন লাগলে প্রাথমিকভাবে তা মোকাবিলার বিষয়ে ধারণা দিয়েছেন।
তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের খবর দ্রুত জানাতে ফায়ার সার্ভিসের ১০২ হটলাইন নম্বরের বিষয়ে প্রচার চালানো হচ্ছে। স্টেশন পর্যায়ে কর্মকর্তা, ফায়ার লিডার ও ফায়ার ফাইটারদের প্রস্তুত রাখা হয়েছে, যাতে যেকোনো ঘটনায় দ্রুত সাড়া দেওয়া যায়।
পূজামণ্ডপের আয়োজকদের প্রতি আহ্বান জানিয়ে মহাপরিচালক বলেন, প্রতিটি মণ্ডপে অগ্নিনিরাপত্তা পর্যবেক্ষণের জন্য নির্দিষ্ট ব্যক্তিকে দায়িত্ব দিতে হবে। কোথাও আগুন লাগলে ওই ব্যক্তি যেন তাৎক্ষণিকভাবে মণ্ডপের লোকজন ও ফায়ার সার্ভিসকে জানাতে পারেন। প্রাথমিক পর্যায়ে আয়োজক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা দ্রুত ব্যবস্থা নিতে পারলে এবং পরে ফায়ার সার্ভিস পৌঁছালে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কমানো সম্ভব হবে।
তিনি আরও বলেন, দেশে ৩১ হাজারের বেশি পূজামণ্ডপ রয়েছে। এসব মণ্ডপে দ্রুত সেবা পৌঁছে দিতে পরিস্থিতি অনুযায়ী ফায়ার সার্ভিসের সরঞ্জাম ও ইউনিটকে কাছাকাছি স্থানে প্রস্তুত রাখার ব্যবস্থা করা হয়েছে। দূরবর্তী এলাকার কোনো কোনো মণ্ডপের জন্য স্থানীয় পর্যায় থেকে অনুরোধ পাওয়ায় সংশ্লিষ্ট এলাকায় সরঞ্জাম ও জনবল এগিয়ে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করা হয়েছে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ইমার্জেন্সি রেসপন্স কন্ট্রোল সেলের পাশাপাশি বিভাগীয় পর্যায়েও কন্ট্রোল সেল চালু রেখে সমন্বয় ও সহায়তা দেওয়ার প্রস্তুতি রয়েছে।
তিনি বলেন, শুধু ফায়ার সার্ভিসের প্রস্তুতিই যথেষ্ট নয়, পূজার আয়োজক, পূজায় অংশগ্রহণকারী ও দর্শনার্থীসহ সবাইকে সচেতন হতে হবে। ধূপ জ্বালানোসহ পূজামণ্ডপে আগুনের ব্যবহার এবং অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে সচেতনতা বাড়াতে হবে।
মহাপরিচালক বলেন, স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে নিরাপত্তাবিষয়ক প্রচার চালাচ্ছেন। গণমাধ্যমের মাধ্যমেও এ বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স যেকোনো ধরনের অগ্নিকাণ্ড ও দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রয়েছে। সঠিক সময়ে খবর পেলে দ্রুত ব্যবস্থা নিয়ে মানুষের জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি কমানো এবং দুর্গাপূজা নিরাপদে সম্পন্ন করতে সহায়তা করা সম্ভব হবে।
aliul / aliul
ফিলিস্তিনে ইসরায়েলের অবৈধ দখলদারত্ব বন্ধে কার্যকর পদক্ষেপের আহ্বান
লাইসেন্স ছাড়া চলছিল টুপটুপ রিসোর্ট, ঝুঁকিপূর্ণ বলে নোটিশ করেছিল ফায়ার
হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
৩১ হাজারের বেশি পূজামণ্ডপের অগ্নিনিরাপত্তায় প্রস্তুত ফায়ার সার্ভিস
দুর্গাপূজার ছুটিতে অতিরিক্ত ভাড়া ঠেকানোসহ যাত্রী নিরাপত্তার দাবি
সবুজ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
গাজীপুর-এয়ারপোর্ট বিআরটি দ্রুত চালুর দাবি
বাউলসম্রাট লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ
ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮১, মামলা ৪০
দিনভর রোদ ও ভ্যাপসা গরম, শেষরাতে নামবে হালকা শীত
আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক