অবকাঠামো উন্নয়নে গুণগত মান, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে : সড়ক পরিবহন প্রতিমন্ত্রী
টেকসই অবকাঠামো উন্নয়নে গুণগত মান, স্বচ্ছতা, জবাবদিহি ও পেশাগত নৈতিকতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
তিনি বলেছেন, সড়ক, সেতু, রেলপথ ও অন্যান্য যোগাযোগ অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে শুধু প্রকল্প বাস্তবায়ন নয়, বরং দীর্ঘমেয়াদি পরিকল্পনা, নিরাপত্তা, পরিবেশগত ভারসাম্য এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
আজ শনিবার সন্ধ্যায় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (সিইএএ-ইউএপি) ২০২৭-২০২৮ মেয়াদের নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের উন্নয়নকে টেকসই করতে প্রকৌশলীদের প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি সততা, দায়িত্বশীলতা ও দেশপ্রেমের চর্চা করতে হবে। তাদের প্রতিটি পরিকল্পনা ও সিদ্ধান্তের সঙ্গে মানুষের নিরাপত্তা, জনস্বার্থ এবং দেশের ভবিষ্যৎ জড়িত।
আধুনিক প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা, আধুনিক নির্মাণপ্রযুক্তি, ডিজিটাল প্রকৌশল, স্মার্ট পরিবহনব্যবস্থা এবং পরিবেশবান্ধব অবকাঠামোর গুরুত্ব ক্রমেই বাড়ছে। আন্তর্জাতিক মানের সঙ্গে তাল মিলিয়ে চলতে প্রকৌশল শিক্ষায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, ব্যবহারিক প্রশিক্ষণ, গবেষণা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোকে এমনভাবে শিক্ষার্থী প্রস্তুত করতে হবে, যাতে তারা দেশীয় চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও দক্ষতার সঙ্গে কাজ করতে পারেন।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে হাবিবুর রশিদ হাবিব বলেন, সাবেক শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা, দক্ষতা ও পেশাগত যোগাযোগের মাধ্যমে বর্তমান শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিতে পারেন। নবীন প্রকৌশলীদের জন্য মেন্টরশিপ, ইন্টার্নশিপ, কর্মমুখী প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অ্যালামনাই সংগঠনগুলো কার্যকর ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে প্রকৌশল পেশায় নৈতিকতা, নিরাপত্তা ও মানসম্মত কাজের সংস্কৃতি প্রতিষ্ঠায় তাদের সক্রিয় হতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ইউএপির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কে এম মোজিবুল হক বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের সাফল্য শুধু বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকদের অর্জনে সীমাবদ্ধ নয়; সাবেক শিক্ষার্থীদের পেশাগত সাফল্য, উদ্ভাবন ও সমাজে অবদানও সেই প্রতিষ্ঠানের পরিচয় বহন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন তালুকদার, ইউএপির সাবেক শিক্ষক ও ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির অধ্যাপক ড. মো. তারেক উদ্দিন, ইউএপির স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. জি. আর. আহমেদ জামাল এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান সৈয়দ জামাল উদ্দিন আহমেদ।
ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া বিশ্ববিদ্যালয় ও অ্যালামনাইদের মধ্যে নিবিড় যোগাযোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
এমএসএম / এমএসএম
নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হয়ে উঠবে, আশা প্রধানমন্ত্রীর
সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের
মাদক প্রতিরোধে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটারে কাঁটাতারের বেড়া
'কাদম্বরীর মতো দেশেও না থেকেও উপস্থিতি জানান দিচ্ছেন শেখ হাসিনা'
নিজ বাড়িতে অগ্নিকাণ্ড নিয়ে সংসদে নুসরাতের ক্ষোভ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
‘আপনাকে তো বৃদ্ধ মনে হচ্ছে না, নওজোয়ান মনে হচ্ছে’
ভারত কীভাবে শেখ হাসিনার পুনর্বিচার চায়, প্রশ্ন চিফ প্রসিকিউটরের
গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জে নতুন ডিসি
আড়াই মাস পর ঢাকায় ফিরে অফিস করলেন খলিলুর রহমান, ছিলেন মন্ত্রিসভার বৈঠকেও
স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দুটো রিং পরানো সম্পন্ন
ধানমন্ডি এলাকা দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করবে ডিএসসিসি
সংসদ ভবনে সোলার প্যানেল সমীক্ষায় অসন্তোষ, ৪৮ ঘণ্টায় নতুন জরিপের নির্দেশ