ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

মৎস্য খাতের শ্রমিকদের আইনি সুরক্ষা ও সামাজিক নিরাপত্তার দাবি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-১০-২০২৬ দুপুর ৪:৫৫

আহরণ ও মৎস্য চাষে বাংলাদেশের অবস্থান বিশ্বে অন্যতম শীর্ষস্থানে থাকা এবং জাতীয় অর্থনীতিতে মৎস্যখাত গুরুত্বপূর্ণ অবদান রাখা সত্ত্বেও এ খাতের শ্রমিকরা অনানুষ্ঠানিক কর্মসংস্থান, অপর্যাপ্ত মজুরি, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তার ঝুঁকি এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থায় সীমিত সুযোগসহ নানা ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন। নদী ও সমুদ্রে মাছ ধরতে গিয়ে অনেকেই নিখোঁজ, অথচ সেটির কোনো তালিকা নেই। এমনকি লিখিত চুক্তি ও নির্ধারিত মজুরি ব্যবস্থাও নেই। নিষেধাজ্ঞার সময় আয় বন্ধ হলে তারা দাদন ও ঋণের ওপর নির্ভর করেন। উৎপাদনের হিসাবের পাশাপাশি শ্রমিকের অধিকার, নিরাপত্তা ও সামাজিক সুরক্ষার প্রশ্নটিও এখন সমান গুরুত্ব দাবি করে। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিল্‌স ও ফ্রেডরিখ-এবার্ট-স্টিফটুং (এফইএস) বাংলাদেশ এর যৌথ উদ্যোগে রাজধানীর হোটেল এশিয়ায় আজ ২৬ অক্টোবর সোমবার আয়োজিত “বাংলাদেশের মৎস্য খাতে শোভন কর্মপরিবেশ: নীতি সুপারিশ ও করণীয়” শীর্ষক জাতীয় সংলাপে বক্তারা এ কথা বলেন। বাংলাদেশের মৎস্য খাতে নিয়োজিত শ্রমিকদের অধিকার ও কর্মপরিবেশ সংক্রান্ত প্রধান চ্যালেঞ্জগুলো পর্যালোচনা করে তাঁদের আইনগত সুরক্ষা, ন্যায্য মজুরি, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা, সামাজিক সুরক্ষা এবং সংগঠিত হওয়ার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় নীতি পরিবর্তন ও প্রাতিষ্ঠানিক করণীয় নির্ধারণ করার উদ্দেশ্যে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

বিলস উপদেষ্টা পরিষদের সদস্য ও ন্যাশনাল ফিশিং ওয়ার্কার্স ট্রেড ইউনিয়ন ফোরামের আহ্বায়ক নাইমুল আহসান জুয়েলের সভাপতিত্বে ও মোঃ মজিবর রহমানের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিল্‌স-এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ, বিল্‌স নির্বাহী পরিষদের সম্পাদক বাদল খান, স্কপ-এর যুগ্ম আহ্বায়ক এএএম ফয়েজ হোসেন, বাংলাদেশ জাতীয় ফেডারেশনের সভাপতি শামীম আরা, আইএলও-র সিনিয়র প্রোগ্রাম অফিসার মাহমুদুল ইসলাম খান, বাংলাদেশ মুক্ত ফেডারেশনের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ বাদল, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট-এর সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল, বিল্‌স-এর নির্বাহী পরিষদ সদস্য পুলক রঞ্জন ধর, বিল্‌স পরিচালক নাজমা ইয়াসমীন, এফইএস বাংলাদেশ-এর প্রোগ্রাম অ্যাডভাইজার আরিফা এ.এস. ইসলাম, উপকূলীয় অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, ন্যাশনাল ফিশিং ওয়ার্কার্স রাইট ফোরামের যুগ্ম আহ্বায়ক এস এম জাকির হোসেন প্রমুখ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিল্‌স-এর সিনিয়র অফিসার রেজওয়ানুল হক আজম। 

মূল প্রবন্ধে উল্লেখ করা হয় , বাংলাদেশের মৎস্য খাতে রেকর্ড উৎপাদন হলেও এর পেছনের শ্রমিকেরা এখনো অনিশ্চয়তায় পড়ে আছেন। ইলিশ উৎপাদন কমেছে, নিষেধাজ্ঞার সময় আয় বন্ধ থাকে এবং দাদন ও ঋণের চাপ বাড়ছে। অন্যদিকে অনানুষ্ঠানিক নিয়োগ, লিখিত শর্তের অভাব এবং অপর্যাপ্ত সামাজিক নিরাপত্তার কারণে বহু শ্রমিক এখনো আইনি সুরক্ষার বাইরে আছেন। নারী, স্বনিয়োজিত ও সরবরাহ শৃঙ্খলের শ্রমজীবীদের ঝুঁকি আরও বেশি। শ্রমিকের পরিচয় ও কাজের ধরন স্পষ্টভাবে সংজ্ঞায়িত না হলে অধিকার, ক্ষতিপূরণ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা কঠিন। সুপারিশপত্রে ছয়টি অগ্রাধিকার ক্ষেত্র হিসেবে আইনি স্বীকৃতি, নিবন্ধন, কর্মপরিবেশ, সামাজিক সুরক্ষা, প্রতিনিধিত্ব এবং জীবিকা ও পরিবেশকে বিশেষভাবে উল্লেখ করা হয়।

বিল্‌স-এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ জোর দিয়ে বলেন, মৎস্য শ্রমিকদের পরিচয়পত্রের আওতা এনে তাদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা, তাদের সংগঠনের নিবন্ধন করা এবং তাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে হবে।

ন্যাশনাল ফিশিং ওয়ার্কার্স ট্রেড ইউনিয়ন ফোরামের আহ্বায়ক নাইমুল আহসান জুয়েল দাদন প্রথা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, শ্রমিকেরা মাছ ধরে আনেন ঠিকই, কিন্তু সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে উৎপাদিত মাছের বড় অংশের আয় দাদন ব্যাবসায়ীর হাতে চলে যায়। ফলে শ্রমিকেরা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হন এবং ঋণের জালে আটকে থাকেন। এ অবস্থা থেকে পরিত্রাণে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগের বিষয়ে তিনি গুরুত্ব আরোপ করেন।

বিল্‌স নির্বাহী পরিষদ সম্পাদক বাদল খান বলেন, যে কোন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে নিরপেক্ষ থাকা দরকার। শ্রমিক, ট্রেড ইউনিয়নসহ সব অংশীজনকে সমন্বিত করে ঐক্যবদ্ধভাবে উদ্যোগ নিলে তা সফল হবে। এতে সমস্যার সমাধানও সম্ভব।

স্কপ-এর যুগ্ম আহ্বায়ক এএএম ফয়েজ হোসেন বলেন, মৎস্য শ্রমিকদের সমস্যার সমাধান কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। সরকারি প্রতিষ্ঠান, শ্রমিক সংগঠন, নিয়োগকর্তা ও গবেষণা প্রতিষ্ঠানকে নিয়ে একটি সমন্বিত সামাজিক সংলাপ কাঠামো গড়তে হবে। শ্রমিক ও ট্রেড ইউনিয়নসহ সব অংশীজন ঐক্যবদ্ধভাবে উদ্যোগ নিলেই চ্যালেঞ্জ মোকাবিলা করা যাবে। এ ক্ষেত্রে কোনো সংগঠন যেন বাদ না পড়ে, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।

আইএলও-র সিনিয়র প্রোগ্রাম অফিসার মাহমুদুল ইসলাম খান আইন ও নীতিকে শ্রমিকদের কাছে বোধগম্য করে তোলার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। আইনের ব্যাখ্যা তাদের কাছে পৌঁছে দিয়ে সচেতনতা তৈরি করা অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে সব অংশীজনকে একত্র করে নীতি প্রণয়ন ও বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়ার বিষয়ে তিনি গুরুত্ব আরোপ করেন।

বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ বাদল বলেন, সবার আগে মৎস্য শ্রমিকদের সংগঠিত ও সচেতন করতে হবে। এরপর তাদের একটি ডাটাবেজ তৈরি করতে হবে। শ্রমিক কল্যাণ তহবিল থেকে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকেরা যেন সহায়তা পান, সে বিষয়ে কাজ করার সুযোগও এখন তৈরি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বিল্‌স নির্বাহী পরিষদ সদস্য পুলক রঞ্জন ধর বলেন, বিভিন্ন বাধার কারণে মৎস্য শ্রমিক ও মৌসুমি শ্রমিকদের সংগঠিত করা যাচ্ছে না। জলদস্যুরা প্রায়ই শ্রমিকদের ছিনতাই করে এবং মুক্তিপণ দাবি করে। এ বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত।

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট-এর সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল বলেন, মৎস্য শ্রমিকদের সমবায় থাকলেও তাঁদের কোনো সংগঠন নেই। তাদেরকে ইউনিয়নে অন্তর্ভুক্ত করা অত্যন্ত গুরুত্মপূর্ণ। এছাড়া, মৎস্য শ্রমিকের কাজ ঝুঁকিপূর্ণ। তাই কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও মৃত শ্রমিকের উত্তরাধিকারীদের দীর্ঘমেয়াদি আর্থিক ঝুঁকি মোকাবিলায় রাষ্ট্রের উচিত মৎস্য শ্রমিকদের পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করা। একই সঙ্গে স্কিমের সুবিধার মান এমন পর্যায়ে নিতে হবে, যাতে তা শ্রমিকদের জন্য মর্যাদাপূর্ণ হয়।

ন্যাশনাল ফিশিং ওয়ার্কার্স রাইট ফোরামের যুগ্ম আহ্বায়ক এস এম জাকির হোসেন বলেন, নারী শ্রমিকদের ক্ষেত্রে মাতৃত্বকালীন কোনো সুবিধা নেই। অনেক শ্রমিক চর্মরোগে আক্রান্ত হচ্ছেন, অথচ তাদের স্বাস্থ্য সুরক্ষার কোনো কার্যকর ব্যবস্থা নেই। সমুদ্রে যাওয়া ট্রলার ও নৌকায় প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকে না। ঝড়ের কবলে পড়লে শ্রমিকদের জীবন ও নিরাপত্তা অনিশ্চিত হয়ে পড়ে।

মাঠপর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরেন উপকূলীয় অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন এবং কক্সবাজার জেলা ফিশিং বোট শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মিজানুর রহমান বাহাদুর। তারা বলেন, উপকূলীয় অঞ্চলে এ পর্যন্ত অসংখ্য মৎস্য শ্রমিক নিখোঁজ হয়েছেন। অথচ সরকারের পক্ষ থেকে নিখোঁজদের কোনো তালিকা তৈরির উদ্যোগ নেই। মজুরি ব্যবস্থা এখনো শ্রমিকবান্ধব হয়নি। মৌখিক চুক্তির ভিত্তিতে মজুরি ঠিক হয়। কাজের নির্দিষ্ট সময়সীমাও উল্লেখ থাকে না। বেশির ভাগ ক্ষেত্রে শ্রমিকেরা জানেন না, তাদের মজুরি কত এবং কত দিনের জন্য তারা সমুদ্রে যাচ্ছেন।

সংলাপে ট্রেড ইউনিয়ন নেতৃত্ব, জাতীয় ও স্থানীয় নিয়োগকারী সংগঠনের প্রতিনিধি, মৎস্য ও মৎস্য আহরণ খাতের শ্রমিক এবং শ্রম ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। আয়োজকরা জানান, মৎস্য খাত দেশের অর্থনীতি, খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থানে বড় ভূমিকা রাখে। তবু এ খাতের শ্রমিকেরা অনানুষ্ঠানিক নিয়োগ, অপর্যাপ্ত সামাজিক সুরক্ষা, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকি, মজুরিসংক্রান্ত সমস্যা এবং সংগঠিত হওয়ার বাধার মুখে পড়েন। সংলাপে এসব চ্যালেঞ্জ, বিদ্যমান আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামো এবং শ্রমিকের সুরক্ষার ঘাটতি নিয়ে আলোচনা হয়। সংলাপের লক্ষ্য ছিল ব্যবহারিক নীতি সুপারিশ তৈরি করা এবং ভবিষ্যৎ অ্যাডভোকেসির অগ্রাধিকার চিহ্নিত করা।

উল্লেখ্য, ২০১৪ সাল থেকে বিল্‌স ও এফইএস একসঙ্গে কাজ করছে। এই সহযোগিতায় তরুণ নেতৃত্ব গড়ে তোলা, সক্ষমতা বাড়ানো এবং আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক খাতে অ্যাডভোকেসি চলছে। মৎস্য ও মৎস্য আহরণ খাতের শ্রমিকদের অধিকার সুরক্ষা ও কর্মপরিবেশ উন্নয়ন এই অংশীদারির অন্যতম মূল বিষয়।

aliul / এমএসএম

নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হয়ে উঠবে, আশা প্রধানমন্ত্রীর

সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের

মাদক প্রতিরোধে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটারে কাঁটাতারের বেড়া

'কাদম্বরীর মতো দেশেও না থেকেও উপস্থিতি জানান দিচ্ছেন শেখ হাসিনা'

নিজ বাড়িতে অগ্নিকাণ্ড নিয়ে সংসদে নুসরাতের ক্ষোভ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

‘আপনাকে তো বৃদ্ধ মনে হচ্ছে না, নওজোয়ান মনে হচ্ছে’

ভারত কীভাবে শেখ হাসিনার পুনর্বিচার চায়, প্রশ্ন চিফ প্রসিকিউটরের

গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জে নতুন ডিসি

আড়াই মাস পর ঢাকায় ফিরে অফিস করলেন খলিলুর রহমান, ছিলেন মন্ত্রিসভার বৈঠকেও

স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দুটো রিং পরানো সম্পন্ন

ধানমন্ডি এলাকা দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করবে ডিএসসিসি

সংসদ ভবনে সোলার প্যানেল সমীক্ষায় অসন্তোষ, ৪৮ ঘণ্টায় নতুন জরিপের নির্দেশ

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে উদ্যোগ নিয়ে শ্রীলঙ্কার হাইকমিশনারের সঙ্গে আলোচনা