ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের শেষ মুহূর্তেও বিতর্ক ও আইনি লড়াই


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩-১১-২০২৬ দুপুর ১২:২০

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগের দিন সোমবার (২ নভেম্বর) ভোটারদের উদ্দেশ্যে নিজেদের চূড়ান্ত বক্তব্য তুলে ধরেছেন কংগ্রেস প্রার্থীরা। দেশটির মিশিগান অঙ্গরাজ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। সেখানে আবদাল এল-সায়িদ নামের এক প্রার্থী দেশের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হিসেবে নির্বাচিত হওয়ার দৌড়ে রয়েছেন। অন্যদিকে, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার বিভাগের হস্তক্ষেপের চেষ্টা নস্যাৎ করে দিয়েছেন মার্কিন সুপ্রিম কোর্ট।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের মেয়াদ আর দুই বছর রয়েছে। এসময় মার্কিন কংগ্রেস কার দখলে থাকবে—তা নির্ধারণ হবে এই নির্বাচনের মাধ্যমে। ভোটের আগের দিন তার বক্তব্যে ট্রাম্প কোনো রাজনৈতিক প্রচারের বদলে ওয়াশিংটনের পাবলিক ওয়ার্কস প্রকল্পের অংশ হিসেবে ‘লিংকন মেমোরিয়াল রিফ্লেক্টিং পুল’-এর সংস্কার কাজের বর্ণনা তুলে ধরেন। দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া পর থেকে তিনি এটিকে অগ্রাধিকার দিয়ে আসছেন।   

মঙ্গলবার ( ৩ নভেম্বর)  অনুষ্ঠিত হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচনে মার্কিন প্রতিনিধি পরিষদের (হাউজ অব রিপ্রেজেন্টেটিভস) ৪৩৫টি আসনে এবং ১০০ সদস্যের সিনেটের ৩৫টি আসনে ভোটগ্রহণ হবে। প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটরা জয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে বলে ধারণা করা হচ্ছে, তবে সিনেটে তাদের জন্য লড়াইটি বেশ চ্যালেঞ্জিং।

কংগ্রেসের যেকোনো একটি কক্ষের নিয়ন্ত্রণ হারালেও ট্রাম্পের পক্ষে নতুন আইন পাস করা কঠিন হয়ে পড়বে এবং প্রশাসন তদন্তের মুখোমুখি হবে। আর ডেমোক্রেটরা সিনেটের নিয়ন্ত্রণ পেলে সুপ্রিম কোর্টসহ অন্যান্য ফেডারেল আদালতের বিচারক নিয়োগে ট্রাম্পের সিদ্ধান্ত আটকে দেওয়ার ক্ষমতা পাবে।

ক্যালিফোর্নিয়া ইস্যুতে ট্রাম্প প্রশাসনকে সুপ্রিম কোর্টের ধাক্কা

সোমবার ( ২ নভেম্বর)  ট্রাম্প প্রশাসনের একটি আবেদন দ্রুততার সঙ্গে খারিজ করে দিয়েছেন মার্কিন সুপ্রিম কোর্ট। ক্যালিফোর্নিয়ার ২০ হাজারের বেশি নিবন্ধিত ভোটারের ডাকযোগে দেওয়া ভোট গণনা সাময়িকভাবে স্থগিত করার আবেদন জানিয়েছিল ট্রাম্প প্রশাসন। ওই ভোটাররা মার্কিন নাগরিক নন বলে অভিযোগ তুলেছিল ওয়াশিংটন। তবে ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ জানায়, অস্পষ্ট অভিযোগ তুলে অহেতুক ভোটারদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। একই দিনে একজন মার্কিন বিচারক আদেশ দেন যে, ট্রাম্প প্রশাসন যাদের ভুয়া নাগরিক বলে সন্দেহ করছে, তাদের ভোট আলাদা করে রাখা যাবে না

৮০ বছর বয়সী ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনের আগে রিপাবলিকানদের পক্ষে জোরদার প্রচার চালিয়েছেন। গত ৩২ দিনে ২০টি রাজ্যে একাধিক সভায় অংশ নিয়েছেন তিনি।  সোমবার রয়টার্স/ইপসোস-এর জরিপে দেখা গেছে, ৪৬ শতাংশ নিবন্ধিত ভোটার ডেমোক্রেটদের সমর্থন করছেন, আর ৩৮ শতাংশ পছন্দ করছেন রিপাবলিকানদের। অন্যদিকে, আগাম ভোটের সংখ্যা এবার রেকর্ড ৫৭ মিলিয়নে পৌঁছেছে, যা ২০২২ সালের পুরো মধ্যবর্তী নির্বাচনের (৪৫ মিলিয়ন) ভোটের চেয়ে অনেক বেশি।

মিশিগানে তীব্র উত্তেজনা

মিশিগানে ডেমোক্রেটিক প্রার্থী চিকিৎসক ও সাবেক জনস্বাস্থ্য কর্মকর্তা এল-সায়িদ ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর হওয়ার জন্য লড়াই করছেন। তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী মাইক রজার্স।

ডেমোক্রেটিক প্রাইমারিতে এল-সায়িদের কাছে হেরে যাওয়া প্রতিনিধি পরিষদ সদস্য হ্যালি স্টিভেন্স হঠাৎ করেই রিপাবলিকান রজার্সকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেন। এই ‘বিশ্বাসঘাতকতার’ পর সাধারণ সমর্থকদের ক্ষুদ্র ক্ষুদ্র অনুদানে ভর করে মাত্র একদিনে রেকর্ড ২৪ লাখ ডলার তহবিল সংগ্রহ করেছে এল-সায়িদের প্রচার দল।

মিশিগান হাউজের প্রতিনিধি আলাবাস ফারহাত জানান, স্টিভেন্সের এই পদক্ষেপে ডেমোক্রেট সমর্থকদের মধ্যে চরম ক্ষোভ তৈরি হয়েছে এবং আরব-আমেরিকান অধ্যুষিত ডিয়ারবোর্নে অগ্রিম ভোটের হার একলাফে অনেক বেড়ে গেছে।

মিশিগানে জন্মগ্রহণকারী মিসরীয়-আমেরিকান মুসলিম এল-সায়িদকে লক্ষ্য করে ট্রাম্প ও অন্য রিপাবলিকানরা বিষোদ্গার শুরু করেছেন।  

আলাস্কাতেও ট্রাম্প প্রশাসনের হস্তক্ষেপ

আলাস্কার নির্বাচনেও হস্তক্ষেপের চেষ্টা চালাচ্ছে ট্রাম্প প্রশাসন। বর্তমান রিপাবলিকান সিনেটর ড্যান এস সুলিভান ডেমোক্রেট প্রার্থী মেরির কাছে হেরে যেতে পারেন—এমন আশঙ্কায় নির্বাচন কমিশনের ফলাফল প্রত্যয়ন স্থগিত চেয়ে দায়ের করা একটি বিচার বিভাগীয় মামলা রোববার খারিজ করে দিয়েছেন বিচারক। সুলিভানের প্রচার দলের অভিযোগ, ব্যালটে ড্যানিয়েল জে সুলিভান জুনিয়র নামে একই নামের অন্য এক স্বতন্ত্র প্রার্থীকে দাঁড় করিয়ে ভোটারদের বিভ্রান্ত করার ষড়যন্ত্র করা হয়েছে।

এই ঘটনার জল এতদূর গড়িয়েছে যে ওই ড্যানিয়েল জে সুলিভান জুনিয়রকে ৫০০ ডলার অনুদান দেওয়ার অপরাধে তার ৪০ বছরের পরিচিত এক অবসরপ্রাপ্ত মৎস্য বিজ্ঞানী ব্যারি ব্র্যাকেনকে এফবিআই এজেন্টরা জিজ্ঞাসাবাদ করেছে। তবে অভিযোগ থাকা সত্ত্বেও ট্রাম্প প্রশাসন যখন বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছে, তখন রিপাবলিকান সিনেটর সুলিভান জানিয়েছেন, মঙ্গলবার ভোটের ফলাফল যাই আসুক না কেন, তিনি তা মেনে নেবেন।

aliul / aliul

থাইল্যান্ডে ইসরায়েলবিরোধী বিক্ষোভ, পর্যটকদের ভিসার মেয়াদ কমানোর দাবি

ডেমোক্রেটরা মধ্যবর্তী নির্বাচনে জিতলে কী করবেন, জানালেন ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের জনসমর্থনে ধস

মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের শেষ মুহূর্তেও বিতর্ক ও আইনি লড়াই

ইউক্রেনে ত্রাণ বিতরণ কেন্দ্রে রাশিয়ার বোমা হামলা, নিহত ২৬

স্বজনহীন তরুণের বিয়েতে অচেনাদের ঢল, গাড়ি বহরের সঙ্গে এল বিশাল বরযাত্রী

মধ্যবর্তী নির্বাচনে হেরে গেলে ট্রাম্পকে কি ক্ষমতা ছাড়তে হবে?

মার্কিন মধ্যবর্তী নির্বাচন : জয়-পরাজয়ের হিসাব-নিকাশ কার পক্ষে?

যুদ্ধের ইতি টানতে খসড়া প্রস্তাব, দোহা ছেড়েছেন ইরানি প্রতিনিধিরা

সৌদিতে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

হরমুজে হামলার শিকার হওয়া কাতারের গ্যাসবাহী ট্যাংকারটি পাকিস্তানে আসছিল

যুদ্ধ শুরুর শঙ্কায় উচ্চ সতর্কতায় ইসরায়েল