তাহসিফ হত্যা: রিমান্ড শেষে কারাগারে দিশা
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় গ্রেপ্তার জেরিকা তাসনিম দিশাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর ফিরোজ উদ্দিন দুই দফা রিমান্ড শেষে দিশাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রিমান্ডে দিশা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে আদালতের কাছে দাবি করেছে তদন্ত সংস্থা।
প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামির পক্ষে জামিন আবেদন ছিল না।
কারাগারে আটক রাখার আবেদনে বলা হয়, মামলার ঘটনার মূল রহস্য উদঘাটনের জন্য দিশাকে বিভিন্ন কৌশল অবলম্বন করে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে দিশা জানান, তাহসিফের সঙ্গে ঘটনার আগে ২৭ অক্টোবর রাতে উত্তরার ‘নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে’ যান তিনি। এরআগে সন্ধ্যায়ও তারা অনেকক্ষণ একসঙ্গে ঘোরাঘুরি করে নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে যান। এ ছাড়াও বিভিন্ন জায়গায় তাহসিফেরর সঙ্গে বাইকে ঘোরাঘুরি করেন তিনি।
তদন্তে সন্দিগ্ধ আসামি দিশা মামলার ঘটনা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যা তদন্তের স্বার্থে গোপন রেখে যাচাই-বাছাই করা হচ্ছে জানিয়ে তদন্ত কর্মকর্তা আবেদনে বলেন, আসামি চতুর প্রকৃতির হওয়ায় একাধিক প্রশ্নের জবাব কৌশলে এড়িয়ে যায় এবং নীরব ছিলেন।
তদন্তে পুলিশ হেফাজতে রিমান্ডে থাকা সন্দিগ্ধ আরেক আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপের (তাহসিফের জুনিয়র বন্ধু) বক্তব্যের সঙ্গে দিশার বক্তব্য ক্রস চেক করা হয়। এছাড়া তাহসিফের মোবাইল ফোনের কললিস্ট পর্যালোচনায় দিশার সঙ্গে একাধিকবার কথা বলার প্রমাণ পাওয়া যায়। প্রাথমিক তদন্তে মামলার ঘটনার সঙ্গে দিশার জড়িত থাকার তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। তার বিরুদ্ধে তদন্ত অব্যাহত। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন।
আবেদনে দাবি করা হয়, দিশা জামিনে মুক্তি পেলে পলাতক হয়ে মামলার তদন্তে ব্যাঘাত ঘটাতে পারে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ও মামলার মূল রহস্য উদঘাটনসহ ঘটনার সঙ্গে জড়িত আসামিকে আবার রিমান্ডে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে।
গত ১ নভেম্বর রাজধানীর কাফরুল এলাকা থেকে গ্রেপ্তারের পরদিন দিশাকে প্রথম দফায় চারদিন এবং দ্বিতীয় দফায় বুধবার আরও তিন দিনের রিমান্ড দেয় আদালত। আর দীপকে গত ৩১ অক্টোবর প্রথম দফায় ৪ দিন, মঙ্গলবার ৩ দিন এবং বৃহস্পতিবার আরও ৩ দিনের রিমান্ড দেয়া হয়।
এর আগে, গত ২৮ অক্টোবর বিকেলে তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। তিনি ২৭ অক্টোবর সন্ধ্যায় ‘দীপের ডাকে’ বাসার নিচে নামেন এবং নিজের বাইক নিয়ে বাসা থেকে বের হয়ে গিয়েছিলেন।
aliul / aliul
সোমবার থেকে বাড়তে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা
হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’
তাহসিফ হত্যা: রিমান্ড শেষে কারাগারে দিশা
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান
১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী
গাড়ির চোরাই যন্ত্রাংশের গোডাউনের সন্ধান, গ্রেপ্তার ৪
শিক্ষানবিশ চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা
জাতীয় চার নেতার নামে থাকা কোস্টগার্ডের জাহাজের নাম পরিবর্তন
৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম নিয়ে বিভ্রান্তি, এক্সের অনুবাদে বিব্রত জাপানি মন্ত্রী
ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করল হাইকমিশন
হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু