এনভিডিয়ার সিইও হুয়াংকে ফাঁদে ফেলা কে এই চীনা নারী অ্যালিস?
বিশ্বের সর্বাধুনিক এআই চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং এক নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়োর কথা স্বীকার করেছেন। ৪.৫ ট্রিলিয়ন ডলার মূল্যের এই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ একজন চীনা নারী ব্যবসায়ীর সঙ্গে জেনসেনের ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগের তদন্ত শুরু করার পর তিনি এই স্বীকারোক্তি দিয়েছেন। ওই নারী চীনা গুপ্তচর বলে সন্দেহ করা হচ্ছে এবং এই ঘটনা বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
গত অক্টোবরে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ৬৩ বছর বয়সী তাইওয়ানে জন্মগ্রহণকারী জেনসেন হুয়াংয়ের সঙ্গে সিঙ্গাপুরভিত্তিক কোম্পানি মেগাস্পিডের সাবেক নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সম্পর্ক ছিল। অ্যালিসের সঙ্গে জেনসেনের পারিবারিক কোনও আত্মীয়তা নেই। মার্কিন কর্তৃপক্ষ অ্যালিসের বিষয়ে তদন্ত চালিয়েছে এবং তিনি চীনা গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছিলেন বলে তদন্তে উঠে এসেছে।
অ্যালিস হুয়াংয়ের সঙ্গে এনভিডিয়া প্রধানের প্রথম কবে সাক্ষাৎ হয়েছিল কিংবা তাদের এই প্রেমঘটিত সম্পর্ক কতদিন স্থায়ী ছিল, তা এখনও স্পষ্ট নয়। তবে ২০২৪ সালের জুনে তাইপের একটি বারে প্রথমবারের মতো জেনসেনের পাশে বসে অ্যালিসকে ছবি তুলতে দেখা যায়। ওই সময় তাদের গিগাবাইট ও নেটথান্ডারের নির্বাহীদের সঙ্গে পানীয় পান করতে দেখা গিয়েছিল।
নিউ ইয়র্ক টাইমস বলছে, ঠিক একই সময়ে তার প্রতিষ্ঠান মেগাস্পিড শত শত কোটি ডলার মূল্যের উন্নত এআই মাইক্রোচিপ কেনা শুরু করে। এর পরের বছরের মে মাসে তাইপের একটি রেস্তোরাঁর বাইরে এনভিডিয়া প্রধান যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, তখন তার পেছনে অ্যালিস হুয়াংকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ততদিনে এনভিডিয়ার সঙ্গে মেগাস্পিডের লেনদেনের বিষয়টি ওয়াশিংটনের নজরে আসে। মার্কিন কর্তৃপক্ষের তদন্তে দেখা যায়, মেগাস্পিড প্রধান বেইজিংয়ের কাছে তথ্য পাচার করছিলেন।
একটি গোপনীয় মেমোর তথ্য দ্য টাইমস এবং ফাইন্যান্সিয়াল টাইমস প্রকাশ করেছে। ওই মেমো অনুযায়ী, এনভিডিয়া প্রধানের ওপর গোয়েন্দা নজরদারি চালানো এবং চীনের কাছে সবচেয়ে উন্নত চিপ বিক্রিতে কোম্পানির চাপকে সম্ভাব্য প্রভাবিত করার উদ্দেশ্যে অ্যালিস হুয়াংকে নিয়োগ করেছিল চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এআই প্রতিযোগিতার কারণে বাইডেন প্রশাসন চীনের কাছে এনভিডিয়ার হাই-এন্ড চিপ বিক্রিতে বিধিনিষেধ আরোপ করেছিল। তবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এনভিডিয়ার সিইও চীনে চিপ রপ্তানির ওপর এই কঠোর বিধিনিষেধের বিরুদ্ধে ব্যাপক তদবির করেছিলেন।
• কে এই অ্যালিস হুয়াং?
অ্যালিস হুয়াং ‘হুয়াং লে’ নামেও পরিচিত। তিনি একজন চীনা নাগরিক এবং সিঙ্গাপুরভিত্তিক মেগাস্পিডের শীর্ষ নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছেন। চীনের একটি প্রাইভেট-ফান্ড ডাটাবেসে অ্যালিস হুয়াংয়ের প্রোফাইলে বলা হয়েছে, তিনি সাবেক টেলিভিশন সাংবাদিক ছিলেন এবং হুনান টিভি ও দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির সঙ্গে কাজ করেছেন। এ ছাড়া তিনি এইচএসবিসি ব্যাংকেও কাজ করেছেন; যেখানে তিনি ব্যাংকটির প্রাইভেট ব্যাংকিং বিভাগের প্রেসিডেন্টের সহকারী হিসেবে তালিকাভুক্ত ছিলেন এবং পরবর্তীতে সিআইটিআইসি সিকিউরিটিজে ভাইস-প্রেসিডেন্ট হিসেবে যোগ দেন।
তবে দ্য নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, হুনান টিভির এক নির্বাহী বলেছেন, তিনি কখনও অ্যালিসের নাম শোনেননি। আর পত্রিকাটি সিসিটিভির ওয়েবসাইটে তার কোনও প্রোফাইল খুঁজে পায়নি।
চীনা বিনিয়োগের নথি অনুযায়ী, হুয়াং সাংহাই হেক্সি ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টেও ব্যবস্থাপনা পরিচালক এবং ফান্ড ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন; যে প্রতিষ্ঠানটির সঙ্গে চীনা গেমিং কোম্পানি সেভেন-রোডের সম্পর্ক ছিল।
মেগাস্পিডের করপোরেট ইতিহাসও সেভেন-রোডের সিঙ্গাপুরভিত্তিক আন্তর্জাতিক শাখা সেভেন-রোড ইন্টারন্যাশনালের সঙ্গে যুক্ত। কোম্পানিটি ২০২৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং একই বছর সুইফটডেটার কাছে বিক্রি হওয়ার আগে এটি অ্যালিস হুয়াংয়ের নেতৃত্বাধীন হুয়াং লে লিমিটেডের মালিকানাধীন ছিল। তবে মালিকানা বদল হলেও হুয়াং এই ব্যবসার সঙ্গে প্রকাশ্যে জড়িত ছিলেন; যা চীনের সঙ্গে যুক্ত কোম্পানিগুলোর একটি নেটওয়ার্কের কেন্দ্রে অবস্থান করছে এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় এনভিডিয়ার অন্যতম বৃহত্তম গ্রাহক।
দ্য টাইমস বলছে, মেগাস্পিড গত দুই বছরে ৪৮০ কোটি ডলারেরও বেশি মূল্যের এনভিডিয়া চিপ কিনেছে।
• ট্রাম্প কী বলেছেন?
এনভিডিয়া প্রধানের অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ার খবর প্রকাশের পর হ্যালোইন পার্টিতে অংশ নিয়ে এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরিস্থিতিটিকে খুবই জটিল উল্লেখ করে তিনি বলেছেন, জেনসেন হুয়াং ভালো আছেন, যিনি প্রেসিডেন্টের বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা কাউন্সিলে দায়িত্ব পালন করছেন। এর আগে হুয়াংকে ‘‘বুদ্ধিমান’’ ও ‘‘অসাধারণ’’ বলে অভিহিত করেছিলেন ট্রাম্প এবং বিভিন্ন বিদেশ সফরে তাকে সঙ্গে রাখার ওপর জোর দিয়েছিলেন।
৩১ অক্টোবর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমি জেনসেন হুয়াংকে সবসময়ই সৎ ও স্পষ্টভাষী মানুষ হিসেবে দেখেছি। প্রশাসন বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখবে।
বিশ্বের সবচেয়ে দামী কোম্পানি এনভিডিয়া গত তিন বছরে ওয়াল স্ট্রিটের আয়ের প্রত্যাশাকে প্রতিনিয়ত ছাড়িয়ে গেছে। বিশেষ করে যখন থেকে তাদের তৈরি হাই-এন্ড চিপ এআই প্রযুক্তির সবচেয়ে মূল ভিত্তি হিসেবে উঠে এসেছে। ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারাভিত্তিক এই কোম্পানিটির আগস্টে ত্রৈমাসিক মুনাফা ৫ হাজার ৯৬৯ কোটি (৫৯.৬৯ বিলিয়ন) ডলারে পৌঁছায়।
সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস।
aliul / aliul
এনভিডিয়ার সিইও হুয়াংকে ফাঁদে ফেলা কে এই চীনা নারী অ্যালিস?
ইসরায়েলে নতুন সরকার গঠনে কঠিন চ্যালেঞ্জের মুখে আইজেনকোট
আমার অভিভাসন-নীতি হয়তো অতিরিক্ত কঠোর ছিল : ট্রাম্প
আলোচনা এগিয়ে চললে ইরানে নতুন হামলার সম্ভাবনা খুবই কম : ট্রাম্প
চীনা গুপ্তচরের সঙ্গে প্রেমের সম্পর্কের অভিযোগ স্বীকার এনডিভিয়া প্রধানের
নীতিগত দিক থেকে আইজেনকোট ও নেতানিয়াহু ‘খুবই সাদৃশ্যপূর্ণ’: ট্রাম্প
ইয়েমেনে সংঘাত : ২৪ ঘণ্টায় ২৬০ জন হুথি ‘নিষ্ক্রিয়’, ৯ সেনা কর্মকর্তা নিহত
বাংলাদেশিরা ওৎ পেতে বসে আছে : শুভেন্দু অধিকারী
মিসরে দুই ট্রেনের সংঘর্ষে ৭ জন নিহত
হরমুজ প্রণালিতে তিন তেল ট্যাঙ্কারে ভয়াবহ আগুন
মোদির সরকারের পতন কবে, জানালেন দীপকে
আটলান্টিক পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত অন্তত ২১