ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

আগুন নেভাতে গিয়ে অধিকাংশই ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-১১-২০২৬ দুপুর ১২:০

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসার লাইব্রেরিতে লাগা আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অর্ধশতাধিক শিক্ষার্থী। আগুন যাতে পুরো মাদ্রাসায় ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য শিক্ষক ও শিক্ষার্থীরা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। 

এ সময় ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত হন অনেকে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আগুনে কারও শরীর দগ্ধ হয়নি।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টা ৫৫ মিনিটের দিকে মাদ্রাসার পুরোনো পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত লাইব্রেরিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় রাত ৩টা ৪৩ মিনিটে আগুন নির্বাপণ করা হয়। অগ্নিকাণ্ডের পর অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

মঙ্গলবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের সামনে মাদ্রাসার সহকারী শিক্ষা সচিব আজিজুর রহমান জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। রাত দেড়টার দিকে হেফজ বিভাগের দায়িত্বে থাকা এক শিক্ষক নামাজ পড়ার সময় প্রথম পোড়া গন্ধ পান। নামাজ শেষে গন্ধ আরও তীব্র হলে এবং ভেতর থেকে শব্দ শুনতে পেয়ে তিনি মক্তব বা লাইব্রেরির দরজা খুলে আগুন দেখতে পান।

তিনি বলেন, আগুন দেখার পরপরই ওই শিক্ষক হেফজ বিভাগের শিক্ষার্থীদের ঘুম থেকে জাগিয়ে তোলেন এবং দারোয়ানকে খবর দেন। পরে মাইকে ঘোষণা ও ঘণ্টা বাজিয়ে অন্য শিক্ষার্থীদেরও সতর্ক করা হয়। শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতায় সবাইকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়।

আজিজুর রহমান আরও বলেন, আগুন লাগা লাইব্রেরির ওপরের তিনটি তলায় নাহুমী ও ইবতেদাইয়া জামাতের শিক্ষার্থীরা ঘুমিয়েছিলেন। আগুনের ধোঁয়া ওপরের দিকে ছড়িয়ে পড়ায় তারা অসুস্থ হয়ে পড়েন। মাদ্রাসার এক ভবনের সঙ্গে অন্য ভবনের সংযোগ থাকায় ওস্তাদদের সহযোগিতায় শিক্ষার্থীদের দ্রুত নামিয়ে আনা সম্ভব হয়েছে। আগুনে কেউ দগ্ধ না হলেও ধোঁয়ায় অসুস্থ হয়ে প্রায় ৬০ থেকে ৭০ জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চারজন আইসিইউতে এবং একজন লাইফ সাপোর্টে রয়েছেন। প্রাথমিকভাবে মশার কয়েল অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জরুরি বিভাগের সামনে সহপাঠীদের খোঁজ নিতে আসা মাদ্রাসার তাকমিল (দাওরায়ে হাদিস) জামাতের শিক্ষার্থী হাসান মাহমুদ বলেন, রাতে হুজুর কিতাবাদি লেখার কাজ শেষ করে নামাজে দাঁড়িয়েছিলেন। এ সময় পোড়া গন্ধ পেয়ে পরে মক্তবের দরজা খুলে আগুন দেখতে পান। এরপর চিৎকার ও ঘণ্টা বাজিয়ে সবাইকে সতর্ক করা হয়। মাদ্রাসায় ১১শর বেশি শিক্ষার্থী পড়াশোনা করেন। প্রতিটি কক্ষে ওস্তাদরা থাকায় তাঁদের সহযোগিতায় শিক্ষার্থীদের দ্রুত নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে।

অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির বিষয়ে হাসান মাহমুদ বলেন, আগুন নেভানোর পর লাইব্রেরির ভেতরে গিয়ে দেখেছেন, সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। বিপুল পরিমাণ কিতাবাদি নষ্ট হওয়ার পাশাপাশি লাইব্রেরির প্রায় ৩০ লাখ টাকার ডেকোরেশনের কাজও ক্ষতিগ্রস্ত হয়েছে।

মাদ্রাসার শিক্ষার্থী মাজহারুল ইসলাম সিয়াম বলেন, আগুন যাতে পুরো মাদ্রাসায় ছড়িয়ে না পড়ে, সে জন্য শিক্ষার্থীরা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। এ সময় ধোঁয়ার কারণে অনেকের শ্বাসকষ্ট দেখা দেয়। তাদের অধিকাংশের অবস্থা গুরুতর নয়। তবে কয়েকজনের শারীরিক অবস্থা তুলনামূলক খারাপ। যারা বেশি অসুস্থ হয়েছে, তাদের কেউ কেউ আগুন নেভাতে যায়নি। ধোঁয়া ও ভবন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে আতঙ্কিত হয়েও অনেকে অসুস্থ হয়ে পড়ে।

মাদ্রাসার মিশকাত জামাতের শিক্ষার্থী ইমরান বলেন, মাদ্রাসার কাছেই শিবু মার্কেট ফায়ার সার্ভিস স্টেশন। কিন্তু সেখানকার ইউনিট সময়মতো পৌঁছায়নি। তুলনামূলক দূরের কাঁচপুর ফায়ার স্টেশনের ইউনিট দ্রুত ঘটনাস্থলে আসে। এর আগে আগুন নিয়ন্ত্রণে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা সম্মিলিতভাবে চেষ্টা চালান।

তিনি বলেন, আগুনে কেউ সরাসরি দগ্ধ হননি। তবে আগুন নেভানোর সময় ধোঁয়া ও গ্যাসের কারণে অনেকে অসুস্থ হয়ে পড়েন। রাতে অনেক শিক্ষার্থী স্বাভাবিকভাবে ভবন থেকে বের হলেও পরে শ্বাসনালিতে ধোঁয়া প্রবেশের কারণে অসুস্থতা অনুভব করেন। সকালে সতর্কতামূলকভাবে তাদের হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে চিকিৎসাধীন নাহুমী জামাতের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ তাহসিনের বাবা মো. রফিকুল ইসলাম বলেন, তার দুই ছেলে ওই মাদ্রাসায় পড়াশোনা করে। রাত দেড়টার দিকে আগুন লাগলেও তিনি খবর পান সকাল ৭টার দিকে। বড় ছেলে ফোন করে আগুন লাগা ও ছোট ভাইয়ের অসুস্থতার কথা জানালে লালবাগের বাসা থেকে দ্রুত হাসপাতালে ছুটে আসেন। ছেলের হাতে লাগানো ক্যানুলা খুলে রাখা হয়েছে দেখলেও পরবর্তী চিকিৎসার বিষয়ে তাকে এখনো কিছু জানানো হয়নি।

এদিকে জরুরি বিভাগের সামনে সরেজমিনে দেখা যায়, চিকিৎসা নিতে আসা শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। কেউ চিকিৎসা নিচ্ছেন, আবার কেউ চিকিৎসার অপেক্ষায় রয়েছেন। মাদ্রাসার কয়েকজন শিক্ষকও চিকিৎসা নিচ্ছেন। অন্যদিকে, কেউ কেউ অসুস্থ শিক্ষার্থীদের পাশে থেকে সেবা দিচ্ছেন। হাসপাতালে আসা অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ থেকে ২০ বছরের মধ্যে।

ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, এখন পর্যন্ত ৬৩ জন শিক্ষার্থী এখানে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে চারজনকে আইসিইউতে রাখা হয়েছে। রোগীর সংখ্যা আরও বাড়ছে। তবে কারও শরীরে দগ্ধ হওয়ার কোনো চিহ্ন নেই। সবাই মূলত ধোঁয়ার কারণে শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে ফতুল্লার সাইনবোর্ড এলাকার শান্তিধারায় অবস্থিত জামিয়া আশরাফিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার লাইব্রেরিতে আগুন লাগে। আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়লে ঘুমন্ত শিক্ষার্থীরা শ্বাসকষ্টসহ ধোঁয়াজনিত শারীরিক সমস্যায় আক্রান্ত হন। পরে শিক্ষক ও অন্য শিক্ষার্থীদের সহযোগিতায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

aliul / aliul

ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে রোগীদের

শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি

মালিবাগে ককটেল বিস্ফোরণে ১৭ বছরের কিশোর আহত

আগুন নেভাতে গিয়ে অধিকাংশই ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন

ফতুল্লায় মাদ্রাসায় আগুন : জাতীয় বার্নে ভর্তি ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪

নারায়ণগঞ্জে মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

২০২৭ সালের হজ চুক্তি সই : বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০

সার ডিলার নিয়োগ বাতিলের খবর ‘অসত্য’ বলল কৃষি মন্ত্রণালয়

স্বাস্থ্যসেবায় সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান

সরকারি ক্রয়-ভ্যাট-সৌরবিদ্যুৎ সংক্রান্ত ৩ অধ্যাদেশ সংসদে উত্থাপন

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের বিল উত্থাপন সংসদে

বাসে আগুনের ঘটনায় বন্ধের পর চালু ফার্মগেট মেট্রো স্টেশন