‘সব ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষকে নিয়ে বাংলাদেশ গড়তে চায় বিএনপি’
সব ধর্ম, বর্ণ ও জাতিগোষ্ঠীর মানুষকে সমমর্যাদা দিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে চায় বিএনপি। এ লক্ষ্যে দলের মূলধারার রাজনীতি ও অঙ্গসংগঠনগুলোতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃগোষ্ঠীবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) বিজন কান্তি সরকার।
তিনি বলেন, আমরা সবাই বাংলাদেশি। আমাদের চিন্তায় সবার আগে বাংলাদেশ। ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এই মূল্যবোধ ধারণ করেই সবাইকে নিয়ে দেশ গড়তে হবে।
শুক্রবার (১৩ নভেম্বর) চট্টগ্রাম জেলা পরিষদের সম্মেলন কক্ষে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগরের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজন কান্তি সরকার বলেন, বিএনপির রাজনীতিতে সব ধর্মের মানুষের মূল্যবোধ ও মর্যাদাকে গুরুত্ব দেওয়া হয়। প্রধানমন্ত্রীও বিভিন্ন ধর্মীয় ও জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে তাঁদের কথা শুনছেন। গত ১৭ বছর প্রতিকূল পরিস্থিতির কারণে অনেকে সাংগঠনিকভাবে সক্রিয় থাকতে পারেননি। এখন তৃণমূল পর্যায়ে গিয়ে নতুন নেতৃত্ব ও কর্মীদের খুঁজে বের করতে হবে। দীর্ঘদিন ধরে সংগঠনের জন্য কাজ করা ব্যক্তিদের সম্মান অক্ষুণ্ন রেখেই যোগ্যতা, দক্ষতা ও অবদানের ভিত্তিতে সবাইকে মূল্যায়ন করতে হবে।
সংগঠনের অভ্যন্তরীণ বিরোধ প্রসঙ্গে তিনি বলেন, মতপার্থক্য ও প্রতিযোগিতা যেকোনো সংগঠনের অংশ। তবে তা যেন পারস্পরিক অসম্মান বা বিভেদের কারণ না হয়। আত্মসমালোচনা, আলোচনা ও অভিজ্ঞ নেতাদের পরামর্শের মাধ্যমে বিরোধ মেটাতে হবে।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেন, সংগঠন শক্তিশালী করতে হলে নেতাকর্মীদের সাংগঠনিক শৃঙ্খলা মেনে চলতে হবে। ব্যক্তিগত পছন্দ-অপছন্দ, গ্রুপিং কিংবা কোনো নেতার অনুসারী হয়ে রাজনীতি করলে সংগঠন শক্তিশালী হবে না। দলের সিদ্ধান্ত ও নেতৃত্বের নির্দেশনা মেনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শুধু সভা-সমাবেশে সীমাবদ্ধ না থেকে মানুষের ঘরে ঘরে যেতে হবে এবং নতুন কর্মী তৈরি করতে হবে।
তিনি বলেন, সনাতন, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের অনেক মানুষ বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হতে আগ্রহী। তাঁদের স্বাগত জানাতে হবে। অতীত রাজনৈতিক অবস্থানের কারণে কাউকে দূরে রাখা যাবে না। বরং তাঁদের দলের সঙ্গে সম্পৃক্ত করে সাংগঠনিক দায়িত্ব দিতে হবে। প্রতিটি ইউনিটে কার্যকর কমিটি গঠনের পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে। ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি পরিহার করে সবাইকে দলের স্বার্থে কাজ করতে হবে। সংগঠন ঐক্যবদ্ধ ও শক্তিশালী হলে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত আরও শক্তিশালী হবে।
প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, বিএনপিকে শক্তিশালী করতে হলে নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকতে হবে। ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি ও গ্রুপিং বন্ধ করে দলের সাংগঠনিক সিদ্ধান্ত মেনে চলতে হবে। শুধু সভা-সমাবেশ করলেই সংগঠন শক্তিশালী হয় না। তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করতে হবে। চট্টগ্রাম বিভাগের প্রতিটি জেলায় নেতাকর্মীদের সক্রিয়ভাবে কাজ করতে হবে। দায়িত্ব পাওয়া নেতাদের ঘরে বসে না থেকে মাঠপর্যায়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে।
তিনি আরও বলেন, সনাতন, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের অনেক মানুষ বিএনপির সঙ্গে সম্পৃক্ত হতে আগ্রহী। তাঁদের স্বাগত জানিয়ে নতুন কর্মীদের অন্তর্ভুক্ত করতে হবে। প্রতিটি ইউনিটে কার্যকর কমিটি গঠন এবং নিজেদের মধ্যে বিভেদ এড়িয়ে দলের স্বার্থে কাজ করতে হবে।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য বিপ্লব চৌধুরী বিল্লুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুশীল বড়ুয়া, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাজীব ধর তমাল, শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব পার্থ, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অর্জুন কুমার নাথ ও বিশ্বজিৎ দত্ত বাবু।
এ ছাড়া বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক জিতন্ত্র নাথ নাঠু, চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক সুজন দাশ, চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্যসচিব ও বেসরকারি কারা পরিদর্শক উজ্জ্বল বরণ বিশ্বাস, বাবলু দেবনাথ, চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক নন্দন বড়ুয়া, চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক মোহন দে ও সুকান্ত মহাজন।
aliul / aliul
‘সব ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষকে নিয়ে বাংলাদেশ গড়তে চায় বিএনপি’
সৌদি যুদ্ধের আহ্বান জানালে বাংলাদেশের ১৮ কোটি মুসলমান পাশে থাকবে
‘স্থানীয় সরকার প্রতিমন্ত্রী তার বক্তব্যে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন’
নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলার নিন্দা এবি পার্টির
'সরকারকে উচ্চমূল্যে খেসারত দিতে হবে', কেন বললেন জামায়াত আমির
এক সপ্তাহের সফরে ১৩ নভেম্বর যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম
সনদ অর্জন নয়, বিবেক ও মনুষ্যত্বের সমন্বয়ই প্রকৃত শিক্ষা : রিজভী
গঙ্গা চুক্তি নবায়ন ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে আলোচনা
মাদ্রাসায় অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসা ও ক্ষতিপূরণের দাবি খেলাফত মজলিসের
শেখ হাসিনাকে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরিয়ে আনা হবে
তারেক রহমান জনগণের কাছে ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে সমাদৃত : রিজভী
স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক কমিটি গঠন এনসিপির