জানুয়ারিতে চালু হচ্ছে এসপিএম!
২০২৭ সালের জানুয়ারির শেষ নাগাদ, অথবা ফেব্রুয়ারির শুরুতে সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) চালু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান ড. রফিকুল ইসলাম।
বিপিসি চেয়ারম্যান বার্তা২৪.কমকে বলেছেন,অগ্রাধিকার দিয়ে কাজটি এগিয়ে নেওয়া হচ্ছে। পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রতিষ্ঠানকে জানুয়ারির মধ্যে চালু করার জন্য বলা হয়েছে। তারাও খুব আন্তরিকতার সঙ্গে কাজ করছে।
তিনি বলেন, বড়জাহাজে আমদানিকারকদের জ্বালানি তেল লাইটার জাহাজে করে রিফাইনারি ট্যাংকে পৌঁছাতে সময় লাগত এগারো-বারো দিন। এসপিএম চালু হলে সমপরিমাণ তেল পরিবহণে সময় লাগবে মাত্র ৪৮ ঘন্টা। এতে বছরে বিপুল অর্থ সাশ্রয় হবে, কমবে সিস্টেম লসও।
প্রায় ৮ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত স্থাপনাটি, পরিচালনা প্রতিষ্ঠানের অভাবে এতোদিন বেকার পড়ে ছিল। পরিচালনার জন্য ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠান পিটি পারতামিনা ট্রান্স কন্টিনেন্টালের নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটিকে (কর ও মূল্য সংযোজন কর ছাড়া) ৫ বছরের জন্য ১২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার পরিশোধ করতে হবে।
২০১৫ সালে শুরু হয় এসপিএম প্রকল্পের কাজ, চালু হওয়ার কথা ছিল ২০২৩ সালের জুনে। নানা রকম অনিয়ম এবং সিন্ডিকেটের বেড়াজালে আটকা পড়ে এসপিএস। এখানে বিপিসির দায়িত্বশীলদের ভূমিকা ছিল দায়সারা গোছের। বিপিসির নতুন চেয়ারম্যান হিসেবে ড. রফিকুল ইসলাম যোগদানের পর কাজে গতি দেখা যাচ্ছে।
কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত “ইন্সটলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) উইথ ডাবল পাইপলাইন” প্রকল্প। মহেশখালি দ্বীপের পশ্চিমে (বঙ্গোপসাগরে) ভাসমান জেটি স্থাপন করা হয়েছে। জেটি থেকে কক্সবাজারের মহেশখালি উপজেলায় পাম্প স্টেশন ও ট্যাংক ফার্ম (পিএসটিএফ) হয়ে চট্টগ্রাম জেলার উত্তর পতেঙ্গা ইস্টার্ণ রিফাইনারী লিমিটেড পর্যন্ত ১১০ কিঃমিঃ দৈর্ঘ্যের দু’টি সমান্তরাল পাইপলাইন বসানো হয়েছে।
এছাড়া মহেশখালী উপজেলার পাম্প স্টেশন ও ট্যাংক ফার্ম (পিএসটিএফ) এলাকায় ৩টি ক্রুড অয়েল ও ৩টি পরিশোধিত তেলের ট্যাংক, স্কাডা সিস্টেমস্, প্রধান পাম্প, বুস্টার পাম্প, জেনারেটর, মিটারিং স্টেশন, পিগিং স্টেশন, অফিস ও আবাসিক ভবন, অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় সকল অবকাঠামো নির্মাণ করা হয়েছে।
এসপিএম চালু হলে বিদেশ থেকে আমদানি করা জ্বালানি তেল পাইপলাইনের মাধ্যমে মহেশখালী এলাকায় স্থাপিত স্টোরেজ ট্যাংকে জমা হবে। সেখান থেকে চট্টগ্রামের পতেঙ্গা ডিপো, ইস্টার্ণ রিফাইনারীর স্টোরেজ ট্যাংক ছাড়াও প্রয়োজনে তেল বিপণন কোম্পানির বিভিন্ন স্টোরেজ ট্যাংকে জমা করা যাবে। পাইপলাইনের পাশাপাশি তৈরি করা হয়েছে ৬টি বিশালাকার স্টোরেজ ট্যাঙ্ক; যা বাংলাদেশের তেল মজুদ সক্ষমতাকে নিয়ে যাবে নতুন উচ্চতায়।
বাংলাদেশে জ্বালানি তেল উৎপাদন করে না, গ্যাস ফিল্ডগুলো থেকে প্রাপ্ত কনডেনসেট থেকে পেট্রোল ও অকটেন ৪০ শতাংশের মতো যোগান আসে। বিপুল পরিমাণ ডিজেলসহ অন্যান্য পণ্য আমদানি করে যোগান দেওয়া হয়। সম্প্রতি ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে কিছু তেল আমদানি করা হচ্ছে। এতোদিন জ্বালানি তেলের প্রায় সবটাই নদী পথে আমদানি করা হতো। এসপিএম চালু হলে সাশ্রয়ী খরচে নিরবচ্ছিন্ন তেল সরবরাহে আরেক ধাপ অগ্রসর হবে বিপিসি।
aliul / aliul
২০২৭ সালে জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশি কাজী ফাহাদ
১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি
জানুয়ারিতে চালু হচ্ছে এসপিএম!
কারখানা বন্ধ নয়, শ্রমিকদের যৌক্তিক মজুরি নির্ধারণের আহ্বান
শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, কমেছে দাম
অবশেষে ভোলার গ্যাস নিয়ে সঠিক পথে পেট্রোবাংলা!
৯৬ কোটি টাকায় জন্মনিয়ন্ত্রণের খাওয়ার বড়ি কিনছে সরকার
১৮০ কোটি টাকার চিনি ও মসুর ডাল কিনবে সরকার
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ফিরে এলো ‘ফ্লেভারফুল বাংলাদেশ’
নামমাত্র লভ্যাংশ দেবে তিন কোম্পানি, দুটির না দেওয়ার সিদ্ধান্ত
সুপার পেট্রোকেমিক্যাল রিফাইনারি: অনুমোদন ছাড়াই নির্মাণ, এখন বৈধতার চেষ্টা