হেলপার চালাচ্ছেন বাস, চালকের নেই লাইসেন্স
নটর ডেম কলেজের শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে ও নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর ধানমন্ডি-২৭ এলাকার প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। আরেক দল শিক্ষার্থী বাসের প্রয়োজনীয় কাগজপত্র ও চালকের লাইসেন্স দেখে ছেড়ে দিচ্ছেন।
শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই সাভার পরিবহন ও ঠিকানা পরিবহনে চালককে পায়নি শিক্ষার্থীরা। চালকের অনুপস্থিত হেলপার বাস চালাচ্ছিলেন। পরে ট্রাফিক সার্জেন্ট এসে সাভার পরিবহনের (ঢাকা মেট্রো ব-১১-৯৭৯২) বাসটিকে ডাম্পিং করার নির্দেশনা দেন আর ঠিকানা পরিবহনের বিরুদ্ধে মামলা করেন।
আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, আমরা নিরাপদ সড়কের দাবিতে যখন আন্দোলন করছি, রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছি, তখনও চালক ছাড়া হেলপারের হাতে স্টিয়ারিং দেখছি। আবার চালক থাকলেও নেই ড্রাইভিং লাইসেন্স। আবার কোনো কোনো পরিবহনের বৈধ কাগজপত্র পাওয়া যাচ্ছে না। আমাদের আন্দোলন চলছে, চলবে। বাসসহ কোনো পরিবহন যাতে বৈধ কাগজপত্র ছাড়া এবং চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া চলাচল না করে সেটি দেখার জন্য আমরা ট্রাফিক পুলিশকে অনুরোধ জানিয়েছি।
ঘটনাস্থলে দেখা যায়, প্রত্যেকটি লেনের মুখে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে সন্দেহভাজন যানবাহন বিশেষ করে বাস, মালবাহী কাভার্ডভ্যান আটকে কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স দেখছেন। যেসব পরিবহনে বৈধ কাগজ পাওয়া যাচ্ছে না বা চালকের অনুপস্থিতি কিংবা চালকের ড্রাইভিং লাইসেন্স নেই এমন পরিবহনগুলোকে রাস্তার পাশে আটকে যাত্রীকে নামিয়ে দেয়া হচ্ছে। চালক ও হেলপারকে পুলিশের কাছে সোপর্দ করে আইনানুগ ব্যবস্থা নিতে অনুরোধ করছেন শিক্ষার্থীরা।
ধানমন্ডি ২৭ এলাকার কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট রিয়াদুল ইসলাম রিয়াদ জানান, শিক্ষার্থীরা পরিবহনের কাগজপত্র দেখছে, বাসের ফিটনেস সার্টিফিকেট দেখছে। ড্রাইভিং লাইসেন্স শো করতে বলছে চালকদের। দুটি পরিবহনে আমরা ব্যত্যয় লক্ষ্য করেছি। একটি ঠিকানা পরিবহন ও অপরটি সাভার পরিবহন। সাভার পরিবহনে চালকের অনুপস্থিতিতে হেলপার চালাচ্ছিল বাসটি। সেজন্য সেটি ডাম্পিং এ পাঠানো হচ্ছে। আর ঠিকানা পরিবহনের বাসেও আসল চালক নেই। তিনি বাস চালালেও তার লাইসেন্স নেই। সেজন্য বাসটির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে ধানমন্ডি, মোহাম্মদপুর ও লালমাটিয়া এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ধানমন্ডি-২৭ এর রাপা প্লাজার সামনের সড়কে নেমে অবরোধ করে বিক্ষোভ মিছিল শুরু করে। এ সময় স্থানীয় থানা পুলিশ ও ট্রাফিক সদস্যদের নিরাপত্তায় আশপাশে অবস্থান করছেন।
শিক্ষার্থীদের রাস্তায় অবস্থানের কারণে মিরপুর-নিউমার্কেটগামী সড়কে যান চলাচল সীমিত করা হয়েছে। মানিক মিয়া এভিনিউ মোড়ে ট্রাফিক পুলিশ সদস্যদের গাড়ি ডাইভারসন করতে দেখা যায়।
ধানমন্ডি-২৭ এলাকা সরেজমিনে দেখা যায়, নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈমের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছেন শিক্ষার্থীরা। সেখানে মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর গভর্মেন্ট কলেজ, লালমাটিয়া মহিলা কলেজ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হয়েছেন।
‘দাবি মোদের একটাই, নিরাপদ সড়ক চাই’, ‘আমার ভাই রাস্তায় মরে, প্রশাসন কি করে’, ‘জাস্টিজ জাস্টিজ, উই ওয়ান্ট জাস্টিজ’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’ শীর্ষক শ্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।
মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের আকাশ নামে এক আন্দোলনরত শিক্ষার্থী জানান, ঢাকার সড়ক নিরাপদ নয়, শিক্ষার্থীরা হরহামেশাই মরছে। বিচার নেই, সুষ্ঠু ব্যবস্থাপনা নেই। তাই আমরা আন্দোলন করছি, নিরাপদ সড়কের দাবিতে।
ঘটনাস্থলে উপস্থিত ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব জানান, শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে সড়কে অবস্থান করছে। চারদিকে যানচলাচল বিঘ্নিত হচ্ছে। শিক্ষার্থীদের সড়কে অবস্থান, আন্দোলন ঘিরে যাতে কোনো ধরণের অপ্রীতিকর কিছু না ঘটে সেজন্য পুলিশও আশপাশে অবস্থান করছে। নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঊর্ধ্বতন স্যাররাও আসছেন।
এমএসএম / জামান
ট্যাক্স-ফ্রি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি : হাসনাত আবদুল্লাহ
হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু
কৃষিকে লাভজনক খাতে রূপান্তরে কৃষক কার্ডসহ সরকারের বহুমুখী পরিকল্পনা
প্রধানমন্ত্রী’র অনুষ্ঠানকে ঘিরে ৫০ লাখ টাকার চাঁদাবাজী!
৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার
ঢাকার বায়ু আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
সৌদি আরব পৌঁছেছেন ২০৫৫৩ হজযাত্রী, একজনের মৃত্যু
প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার
কিশোরগঞ্জ ও রংপুরের এসপিসহ ৪ পুলিশ সুপারকে বদলি
বুধ ও বৃহস্পতিবার ভার্চ্যুয়ালি চলবে সুপ্রিম কোর্ট
২০ এপ্রিল পর্যন্ত ২৬ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে
এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী