ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মেট্রোরেলের প্রথম নারী চালক মরিয়ম আফিজা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-৮-২০২২ দুপুর ১০:১৮

দেশের প্রথম মেট্রোরেল চালানোর জন্য নিয়োগ পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী মরিয়ম আফিজা। গত বছরের ২ নভেম্বর নিয়োগ পান তিনি। মরিয়ম আফিজা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) থেকে কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর করেছেন। আফিজার এমন সাফল্যে খুশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

জানা যায়, দেশের প্রথম মেট্রোরেল আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে। সম্পূর্ণ বিদ্যুৎ চালিত মেট্রোরেলের প্রতিটি কোচ শীতাতপ নিয়ন্ত্রিত। এর মাধ্যমে বাংলাদেশ আধুনিক গণপরিবহন ব্যবস্থার যুগে প্রবেশ করবে। দেশে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ইতোমধ্যে মরিয়ম আফিজা চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ রেলওয়ের ট্রেনিং একাডেমিতে দুই মাসের প্রশিক্ষণ নিয়েছেন। ঢাকায় ফিরে আরও চার মাস প্রশিক্ষণ নেন। বর্তমানে উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেলের ডিপোতে কারিগরি ও প্রায়োগিক প্রশিক্ষণ নিচ্ছেন। এখানে মেট্রোরেলের নির্মাতা প্রতিষ্ঠান জাপানের মিতসুবিশি-কাওয়াসাকি কোম্পানির বিশেষজ্ঞরা ট্রেন পরিচালনার কারিগরি ও প্রায়োগিক নানা প্রশিক্ষণ দিচ্ছেন। এরপর তিনি দিল্লি মেট্রোরেল একাডেমিতে প্রশিক্ষণ নেবেন। প্রয়োজনে ট্রেন পরিচালনায় যুক্ত ব্যক্তিদের জাপানেও প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা আছে কর্তৃপক্ষের।

মেট্রোরেলের প্রথম নারী চালক হতে পেরে উচ্ছ্বসিত মরিয়ম আফিজা বলেন, ২০২১ সালের ২ নভেম্বরে আমি নিয়োগ পাই। এরপর থেকে স্বপ্ন বুনছি, সেই মাহেন্দ্রক্ষণের। মেট্রোরেল বাংলাদেশে প্রথম তাই আগ্রহ থেকেই এই চাকরির আবেদন করেছি।

তিনি আরো বলেন, বাংলাদেশের জন্য মেট্রোরেল যেমন স্বপ্নের মতো ঠিক তেমনি মেট্রোরেল আমার কাছেও একটা স্বপ্ন। আমি নিজে ট্রেন চালাবো, এটা ভেবে এখনই বেশ আনন্দ লাগছে। এখন মূল লক্ষ্য সঠিকভাবে সব প্রশিক্ষণ নেওয়া এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জন করা। সে দক্ষতা অর্জনের জন্য প্রতিনিয়ত প্রশিক্ষণ নিচ্ছি এবং শিখছি।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক বলেন, ‘মেট্রোরেল পরিচালনায় যোগ্য ও দক্ষ লোকবল নিয়োগ দেওয়া হচ্ছে। এর মধ্যে নারীরাও যাতে বেশি সংখ্যায় নিয়োগ পান, সে বিষয়টিতেও নজর দেওয়া হচ্ছে। আগামী ডিসেম্বরে মেট্রোরেল চালুর লক্ষ্য নিয়ে পুরোদমে কাজ চলছে।’

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিস্ময় প্রকল্প মেট্রোরেল। তিনি সব সময় নারীর অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন। তার অংশ হিসেবে আমাদের শিক্ষার্থী নারী চালক হিসেবে নিয়োগ পেয়েছে। মরিয়ম আফিজার এমন সাফল্যে আমরা বিশ্ববিদ্যালয় পরিবার আনন্দিত।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের যেকোনো শিক্ষার্থী ভাল স্থানে গেলে আমাদের ভালো লাগে। নারী হিসেবে আফিজা সাহসীকতার পরিচয় দিয়েছে। আমি তার সর্বাঙ্গীণ উন্নতি কামনা করছি।

জামান / জামান

সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

রিয়াদে হুতি হামলায় দুই প্রবাসীর মৃত্যু, তীব্র নিন্দা বাংলাদেশের

আইপিইউ সম্মেলনে সফল অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: রাষ্ট্রবিরোধী কাজের মামলায় গ্রেপ্তার ৪

বঞ্চনার ১৭ বছর পর জনপ্রশাসন সচিব হলেন কামরুজ্জামান চৌধুরী

জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত

হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬

বর্ণাঢ্য আয়োজনে বিপিকেএস জাতীয় লটারির পুরস্কার বিতরণ

প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার

মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক

চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার

সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা