গাবতলী কাউন্টারে টিকিট বিক্রি শুরু, রাতেই ছাড়বে দূরপাল্লার বাস
দেড় মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে দূরপাল্লার বাস। ঈদুল আজহা উপলক্ষে চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করায় আগামীকাল বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে শর্তসাপেক্ষে চালু হচ্ছে পরিবহন। ফলে একদিন আগেই সরব হয়ে উঠেছে রাজধানীর গাবতলীর দূরপাল্লার বাস কাউন্টারগুলো। কেউ কেউ আগামীকালের জন্য প্রস্তুতি শুরু করলেও অনেকে যাত্রীদের কাছে টিকিট বিক্রিও করছেন। বুধবার (১৪ জুলাই) গাবতলী বাস টার্মিনালে সরোজমিনে এমন দৃশ্য চোখে পড়েছে।
দেড় মাস পর দূরপাল্লার বাস চালু হওয়ায় পরিবহন শ্রমিকদের মুখে হাসি ফুটেছে। সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে ছুটবে পরিবহনগুলো। তবে বাস যাত্রীদের গুনতে হবে দ্বিগুণ ভাড়া।
গাবতলী বাস টার্মিনালে বরিশাল লাইনের গোল্ডেন লাইন কাউন্টার সকাল ৯টায় খুলেছে। সকাল থেকে কিছু সময় পরিষ্কার-পরিচ্ছন্ন কাজ শেষ করে মঙ্গলবার রাতের বাসের টিকিট বিক্রি করছে।
কাউন্টারম্যান মিজান বলেন, ‘আগামীকাল বৃহস্পতিবার থেকে পুরোদমে গাড়ি চলাচল করবে। ৪০ সিটের গাড়িতে ২০ জন করে যাত্রী নিতে হবে। তবে টিকিট বুকিং হয়ে গেলে আজ রাতেই কয়েকটি গাড়ি বরিশালের উদ্দেশে যাবে।’
কক্সবাজার রুটের সোহাগ পরিবহনেও বিক্রি হচ্ছে বুধবার রাতের বাসের টিকেট। কাউন্টারে থাকা মইনুদ্দিন জানান, সকাল থেকে কয়েকটি বাসের টিকিট বিক্রি হয়ে গেছে। রাতে আটটার পর থেকে এসব গাড়ি কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে।
তিনি বলেন, গত দেড় মাস দূরপাল্লার বাস বন্ধ থাকায় গাড়িগুলো বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্থানে পড়ে রয়েছে। আগামীকাল সকালের মধ্যে এসব বাস ঢাকায় পৌঁছে যাবে। এ জন্য গাড়িচালক, সুপারভাইজার ও হেলপারদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। ঢাকায় যে কয়টি গাড়ি রয়েছে, সেগুলো আজ রাতে যাত্রী নিয়ে রওনা দেবে।
যশোর-বেনাপোল রোডের এসপি গোল্ডেন পরিবহনের কাউন্টার সহকারী মেহেদী বলেন, প্রতিটি বাসে ২০ জন করে নেয়ার কথা থাকলেও সকাল থেকে তিনটি বাসের অধিকাংশ টিকিট বিক্রি হয়ে গেছে। রাত আটটার পর থেকে সেসব বাস ছাড়া হবে। প্রতিটি সিটে একজন করে যাত্রী নেয়া হবে। দুই সিটের ভাড়া একজনের কাছে নেয়া হচ্ছে।
রাতে খুলনা যেতে আনন্দ পরিবহনের টিকিট কিনেছেন ফরিদ হোসেন। বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তিনি। পরিবারের সঙ্গে ঈদ করতে আজ রাতে রওনা দেবেন বলে গাবতলীতে এসে টিকিট নেন।
ফরিদ বলেন, ‘রাতে বাড়ি যাব, টিকিট কিনেছি। টিকিটের দাম সাড়ে ৮০০ টাকা রাখা হয়েছে।’ নিয়মের বাইরে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়নি বলে জানান।
অন্যদিকে, সকাল থেকে কাউন্টার খুলে পরিষ্কার-পরিচ্ছন্ন কাজে ব্যস্ত থাকতে দেখা গেছে অধিকাংশ বাস কাউন্টারগুলোতে। দীর্ঘদিন বন্ধ থাকায় কাউন্টারের ভেতরে থাকা চেয়ার-টেবিল কম্পিউটার ও আসবাবপত্র ময়লা-আবর্জনায় ভরে গেছে। যারা আজ পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত তারা, বৃহস্পতিবার সকাল থেকে টিকিট বিক্রি শুরু করবেন বলে জানিয়েছেন।
এমএসএম / জামান
গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী
হামে আরও ৭ শিশুর মৃত্যু
বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
দেশে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ হাজি
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার
হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ বাংলাদেশির
দেশের ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা
প্রস্তাবিত বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নেবে : আইনমন্ত্রী
নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : তথ্যমন্ত্রী
১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী