ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

স্বর্ণের ভরি ৯০ হাজার টাকা ছাড়ালো


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-১-২০২৩ দুপুর ১১:২১

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। সব চেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে দুই হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে হয়েছে ৯০ হাজার ৭৪৬ টাকা। ফলে দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক ভরি স্বর্ণের দাম ৯০ হাজার টাকা ছাড়ালো।

রোববার (৮ জানুয়ারি) থেকে স্বর্ণের এ নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

শনিবার (৭ জানুয়ারি) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি বৈঠক করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরে মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সই করা এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি স্বর্ণ ও রূপার নতুন দাম নির্ধারণ করেছে, যা রোববার (৮ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

এছাড়া মান অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ানো হয়েছে এক হাজার ৫৭৫ টাকা থেকে দুই হাজার ৩৩৩ টাকা পর্যন্ত। স্বর্ণের পাশাপাশি দাম বাড়ানো হয়েছে রুপার। মান অনুযায়ী ভরিতে রুপার দাম বাড়ানো হয়েছে ১১৭ টাকা থেকে ১৯৯ টাকা পর্যন্ত।

নতুন মূল্য অনুযায়ী, সব চেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দুই হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে ৯০ হাজার ৭৪৬ টাকা করা হয়েছে।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই হাজার ২১৬ টাকা বাড়িয়ে ৮৬ হাজার ৬০৫ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৯২৪ টাকা বাড়িয়ে ৭৪ হাজার ২৪১ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে এক হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ৬১ হাজার ৮৭৮ টাকা করা হয়েছে।

এদিকে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৯৯ টাকা বাড়িয়ে এক হাজার ৭১৫ টাকা করা হয়েছে। আর ২১ ক্যারেটের রুপার দাম ১৯৮ টাকা বাড়িয়ে এক হাজার ৬৩৩ টাকা ও ১৮ ক্যারেটের রুপার দাম ভরিতে ১৭৫ টাকা বাড়িয়ে এক হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১১৭ টাকা বাড়িয়ে ভরি এক হাজার ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৪ ও ৩০ ডিসেম্বর এবং ১৩ ও ১৮ নভেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়। ফলে দুই মাসের কম সময়ের মধ্যে দেশের বাজারে পাঁচ দফা স্বর্ণের দাম বাড়লো। এতে দেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছে গেছে দামি এ ধাতুর দাম। এর আগে কখনো দেশের বাজারে স্বর্ণের ভরি ৯০ হাজার টাকা স্পর্শ করেনি। 

প্রীতি / প্রীতি

বিক্রি হচ্ছে মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্র, গ্যাস বিল বকেয়া ৩৪৮ কোটি টাকা

দেশের বাজারে আজকের স্বর্ণের দাম

নয় মাসে ইসলামী ব্যাংকের ৩,২৮৬ কোটি টাকা লোকসান

গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হচ্ছে না, কিছুটা কমবে: পেট্রোবাংলা

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

১২ কেজি এলপিজির নতুন দর ২০৬০ টাকা, বাড়ল ২২৩ টাকা

‘আগামী গ্রীষ্মের মধ্যে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য’

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ

অক্টোবরে এলো ৩৫ হাজার ৬০০ কোটি টাকার বেশি প্রবাসী আয়

'শ্রমিক অসন্তোষের পেছনে রাজনৈতিক ইন্ধন', কাজে ফেরার আহ্বান মন্ত্রীর

‘এলডিসি উত্তরণের সময় বাড়ানো ব্যতিক্রম সিদ্ধান্ত, পারফরম্যান্স দেখাতে হবে’

রক্ষণাবেক্ষণে এফএসআরইউ, গ্যাস সংকটের শঙ্কা!

বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত