ঢাকা সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

রাজধানীতে চলছে অল্পসংখ্যক বাস, যাত্রীও কম


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-৮-২০২১ দুপুর ১১:২০

রফতানিমুখী শিল্পের শ্রমিকদের ঢাকায় আসার সুবিধার্থে শনিবার রাত থেকে রোববার (১ ‍আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত গণপরিবহন চলাচলের অনুমতি দিয়েছে সরকার। রোববার সকাল থেকে রাজধানীতে বাস চলাচল করছে। তবে পরিবহন শ্রমিকরা জানিয়েছেন, যাত্রীর সংখ্যা কম। সব রুটেই অল্প কিছু বাস বের হয়েছে। সেগুলোতেও যাত্রী সংকট।

রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ যাত্রাবাড়ীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অল্পসংখ্যক বাস চলাচল করছে। বাসস্ট্যান্ডগুলোতে যাত্রীদের ভিড় নেই। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ধরে অল্পসংখ্যক দূরপাল্লার বাস চলাচল করতে দেখা গেছে।

রায়েরবাগ বাসস্ট্যান্ডে গুলিস্তান রুটে চলাচলকারী শ্রাবণ পরিবহনের ৬-৭টি বাস সারি ধরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। যাত্রী কম থাকায় বেশ সময় নিয়ে একটি বাস পূর্ণ হচ্ছিল। শ্রাবণ পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো জ-১১১৯১৩) চালক মো. সুমন বলেন, এই রুটে শত শত গাড়ি থাকলেও মাত্র ২৫-৩০টি গাড়ি বের হয়েছে। গাড়ি চলবে দুপুর ১২টা পর্যন্ত। তিনি বলেন, ‘মালিক কইছে, গাড়ি চালাইস। যা পাস তুই নিস, আমারেও কিছু দিস। কিন্তু যাত্রী তো নাই।’

আরেকটি গাড়ির চালক শহিদুল ইসলাম জানান, এই অল্প সময়ের জন্য বেশিরভাগ গাড়িই নামেনি। যারা গাড়ি নিয়ে নেমেছে তারাও যাত্রী পাচ্ছে না। গাড়ি ভরতে সময় লাগছে। দুপুরের মধ্যে দুই ট্রিপের বেশি দেয়া যাবে না।

এই মহাসড়কে অনাবিল, রজনীগন্ধা, মুক্তিযোদ্ধা, মৌমিতা, মেঘলাসহ বিভিন্ন কোম্পানির দু-একটি করে বাস চলতে দেখা গেছে।

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে চলে যাওয়ায় গত কয়েক মাস ধরে বিধিনিষেধ আরোপ করে তা নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার। ঈদুল আজহাকে সামনে রেখে ৮ দিনের জন্য শিথিল করা হয়েছিল বিধিনিষেধ। এরপর আবার গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ দিয়েছে সরকার। আগামী ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত থাকবে এই বিধিনিষেধ। বিধিনিষেধে সব ধরনের গণপরিবহন, সরকারি-বেসরকারি অফিস বন্ধ ছিল। খাদ্যপণ্য উৎপাদন-প্রক্রিয়াকরণ, চামড়া পরিবহন-সংরক্ষণ ও ওষুধ খাত ছাড়া বন্ধ ছিল সব ধরনের শিল্প-কারখানা।

কঠোর বিধিনিষেধের মধ্যে রোববার (১ আগস্ট) থেকে রফতানিমুখী শিল্প-কারখানা খুলে দিয়েছে সরকার। এই ঘোষণার পর শনিবার ঢাকামুখী মানুষের ঢল নামে। গণপরিবহন বন্ধ থাকায় কাজে যোগ দিতে শ্রমিকরা সীমাহীন দুর্ভোগ সয়ে কর্মস্থলে ফিরছেন।

যদিও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, শিল্প-কারখানা খুললেও আপাতত কেউ কাজে যোগ না দিলে চাকরি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, তারা চাকরি হারাবেন না। ঈদে বাড়ি গিয়ে যারা ফিরতে পারেননি তারা ৫ আগস্টের পর পর্যায়ক্রমে ফিরবেন।

শনিবার রাতে সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে, রফতানিমুখী শিল্পের শ্রমিক ও সংশ্লিষ্টদের কাজে যোগদানের সুবিধার্থে ১ আগস্ট দুপুর ১২টা পর্যন্ত গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এমএসএম / জামান

‘অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক’

যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রেলওয়ের ৮০ শতাংশ আন্তঃনগর ট্রেনের রেক পরিবর্তন করা হয়েছে

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল: সংসদে বিল পাস

পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী

একদিনে হাম ও উপসর্গে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড, মৃত্যু ৮ শিশুর

বাংলাদে‌শি শিক্ষার্থী‌র হত্যাকারীদের বিচা‌র হবে, প্রত্যাশা বাংলাদেশের

প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সমস্যা সমাধানের আশ্বাস প্রতিমন্ত্রীর

একসঙ্গে ১৫ অধিদপ্তর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ দিলো সরকার

একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫ : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী

ভর্তি জটিলতায় ১ বছরে অপচয় হচ্ছে ‘৪০ লাখ বছর’ : শিক্ষামন্ত্রী

অবশেষে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমবে গরম

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?