এক মেয়াদে এমপি হয়েই কয়েকশ কোটি টাকার মালিক মনসুর
এমপি ছিলেন মাত্র এক মেয়াদে (পাঁচ বছর)। ওই সময়ে এলাকায় নিয়োগ বাণিজ্য করেই শতকোটিসহ কয়েকশ কোটি টাকা কামানোর অভিযোগ আছে রাজশাহী-৫ আসনের আওয়ামী লীগদলীয় সাবেক এমপি ডা. মনসুর রহমানের বিরুদ্ধে। ওই টাকা রাখার জন্য নিজের বাড়িতে দেয়ালের সঙ্গে সিন্দুক বানিয়েছিলেন তিনি। ফলে নিয়োগ বাণিজ্য, অর্থ পাচারসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক।
তথ্যানুসন্ধানে জানা যায়, ২০১৮ সালের জাতীয় নির্বাচনে অনেকটা চমক হিসেবেই দলীয় মনোনয়ন পান ডা. মনসুর রহমান। ওই নির্বাচনে তিনি বার্ষিক আয় দেখিয়েছিলেন ১৪ লাখ টাকা। পাঁচ বছরের ব্যবধানে টাকার কুমির বনে যান তিনি। টাকা হাতানোর হাতিয়ার হিসেবে এমপি হয়েই প্রথমে এলাকার নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকা তৈরি করেন তিনি। পরে এমপিওভুক্ত করে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে হাতিয়ে নেন কোটি কোটি টাকা। এক্ষেত্রে পুঠিয়ার চন্দনমাড়িয়া দাখিল মাদ্রাসা এমপিওভুক্ত করে দেয়ার নামে ২০ লাখ, সাধনপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে ২০ লাখ, সাধনপুর পঙ্গু শিশু নিকেতন ডিগ্রি কলেজ থেকে ১২ লাখ টাকা নিয়েছেন। এছাড়া নিয়োগের নামেও চালান বাণিজ্য।
এরই অংশ হিসেবে পুঠিয়া ইসলামিয়া ডিগ্রি কলেজে দুই দফায় ১৬ জন শিক্ষক-কর্মচারী নিয়োগ দেয়া হয়। এই নিয়োগ প্রক্রিয়ায় ১ কোটি ৮০ লাখ টাকা হাতিয়ে নেন তিনি। শুধু পুঠিয়ার ওই একটি কলেজে নয়, সাধনপুর পঙ্গু শিশু নিকেতন ডিগ্রি কলেজে চারটি পদে নিয়োগ দিয়ে ৪৮ লাখ টাকা, সাধনপুর পঙ্গু ও শিশু নিকেতন হাই স্কুল থেকে চারটি পদে নিয়োগে ৩২ লাখ, অমৃতপাড়া দাখিল মাদ্রাসার তিনটি পদে নিয়োগ দিয়ে ২৪ লাখ, সাতবাড়িয়া দাখিল মাদ্রাসায় তিনটি পদে নিয়োগ দিয়ে ২০ লাখ, সাতবাড়িয়া হাই স্কুলে তিনটি পদে ২১ লাখ, পচামাড়িয়া ডিগ্রি কলেজে চারটি পদে ২২ লাখ, পচামাড়িয়া হাই স্কুলে চারটি পদে ৪৮ লাখ এবং তেঁতুলিয়া হাই স্কুলে তিনটি পদে নিয়োগ দিয়ে ২০ লাখ টাকা নিয়েছেন মনসুর রহমান।
এলাকাবাসীর অভিযোগ, নিয়োগ বাণিজ্য নির্বিঘ্ন করতে কলেজ পরিচালনা কমিটিতে তার ছেলে-মেয়ে ও পছন্দের লোকজনকে বানিয়েছেন সভাপতি। তাদের মাধ্যমেই নিয়োগ প্রক্রিয়ায় নিজের আধিপত্য বজায় রেখেছিলেন। মেয়ে স্কলারশিপ নিয়ে বিদেশে চলে গেলে ছেলেকে কলেজের সভাপতি করেন। এভাবে দুই উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছিল নিজের পছন্দের লোকজন।
এদিকে খাসপুকুর ইজারা, টিআর-কাবিখাসহ বিভিন্ন রকম উন্নয়নমূলক প্রকল্পে নামমাত্র কাজ করে জালিয়াতির মাধ্যমে টাকা হাতিয়ে নেন তিনি। ফলে এক মেয়াদে মাত্র পাঁচ বছর এমপির দায়িত্ব পেয়েই তিনি কয়েকশ কোটি টাকার মালিক হন। অবৈধ এসব টাকা রাখার জন্য নিজের বাড়িতে দেয়ালের সঙ্গে সিন্দুক বানিয়েছিলেন। এছাড়া বিদেশেও টাকা পাচার করেন তিনি।
নিয়োগ বাণিজ্য, অর্থ পাচারসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ডা. মনসুর রহমানের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। দুদক সূত্রে জানা যায়, মনসুর রহমানের নির্বাচনী হলফনামা অনুসারে বার্ষিক আয় বেড়েছে সাড়ে ছয় গুনেরও বেশি। অন্যান্য সম্পদের পরিমাণও ২০০ গুণ বেড়েছে। শিক্ষকতা, শেয়ার ও চাকরি থেকে বার্ষিক আয় দেখালেও সম্পদ বৃদ্ধির বিষয়টি অস্বাভাবিক বলে অভিযোগ আছে। ফলে গত ২৭ আগস্ট মনসুর রহমানের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।
দুদকের প্রধান কার্যালয়ে আইনজীবী কবিরুল ইসলাম সূর্যের করা লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, এমপি মনসুর রহমান বিগত পাঁচ বছরে এলাকার উন্নয়নের নামে কোটি কোটি টাকার কমিশন বাণিজ্য করেছেন। ওএমএস, সার ডিলার নিয়োগ, কাবিখা-কাবিটার টাকায় কমিশন নিয়েছেন। স্কুল-কলেজ ও মাদ্রাসায় নিয়োগ বাণিজ্য, এমপিও করে দেয়ার নামে অর্থ বাণিজ্য, টেন্ডার বাণিজ্য ও খাসপুকুরের ইজারা দেয়াসহ নানা অনিয়ম-দুর্নীতি করে কোটি কোটি টাকা কামিয়েছেন।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর আত্মগোপনে চলে যান সাবেক এমপি ডা. মনসুর রহমান। তার ব্যক্তিগত মোবাইল ফোনে কল করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। সে কারণে তার বক্তব্য পাওয়া যায়নি।
T.A.S / জামান
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল
নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক