ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

স্থান পরিবর্তন করে কমিটি ঘোষণা

বিএনপির দুই গ্রুপের সমাবেশে সহিংসতা এড়াতে ১৪৪ ধারা জারি


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ১৭-১০-২০২৪ রাত ৮:৫১

জয়পুরহাটের আক্কেলপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা শাখার দুটি গ্রুপ একই স্থানে ও একই সময়ে সমাবেশ ডাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকাল ৩টায় পৌর এলাকার রাজকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছিল বিএনপির চন্দন সমর্থিত গ্রুপ ও মোস্তফা সমর্থিত গ্রুপ। পরে বিকালে সমাবেশস্থল পরিবর্তন করে আক্কেলপুর সিনিয়র মাদ্রাসা মাঠে কমিটি ঘোষণা করেন চন্দন সমর্থিত গ্রুপের পৌর বিএনপি নেতারা। 

জানা গেছে, পৌর এলাকার ১, ২ ও ৩নং ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে কাউন্সিল সমাবেশ করার জন্য কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ওবাইদুর রহমান চন্দন সমর্থিত গ্রুপের পক্ষ থেকে গত ১৫ অক্টোবর পৌর বিএনপির আহ্বায়ক আলমগীর চৌধুরী বাদশা ও যুগ্ম-আহ্বায়ক আফাজ উদ্দীন মণ্ডল যৌথভাবে সমাবেশের অনুমতি চেয়ে থানায় একটি লিখিত আবেদন করেন। সে মোতাবেক কাউন্সিল সমাবেশে জন্য বৃহস্পতিবার সকাল থেকে তারা সকল প্রস্তুতি গ্রহণ করেন।

এদিকে পৌর এলাকার ১, ২ ও ৩নং ওয়ার্ডের কমিটি গঠনের বিরুদ্ধে একই স্থানে ও একই সময়ে বিক্ষোভ সমাবেশ করার অনুমতি চেয়ে বৃহস্পতিবার বেলা ১১টায় থানায় আরেকটি লিখিত আবেদন করেন সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা সমর্থিত গ্রুপের পক্ষ থেকে মো. ফারুক নামে এক ব্যক্তি।

একই সময় ও একই স্থানে বিএনপির দুটি গ্রুপ সমাবেশ আহ্বান করায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত সমাবেশস্থলসহ আশপাশের এক কিলোমিটার এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুরুল আলম। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী ও থানা পুলিশ মোতায়েন করা হয়েছে। 

পকেট কমিটি গঠনের অভিযোগ এনে গত কয়েক দিন ধরে একাধিকবার বিক্ষোভ মিছিল ও নানা কর্মসূচি পালন করেছন সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা সমর্থিত গ্রুপের নেতাকর্মীরা।

চন্দন সমর্থিত গ্রুপের পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আফাজ উদ্দীন মণ্ডল বলেন, পৌর বিএনপির ১, ২ ও ৩নং ওয়ার্ড কমিটি গঠনের জন্য কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী গত ১৫ অক্টোবর কাউন্সিল সমাবেশের অনুমতি চেয়ে থানায় আবেদন করেছিলাম। সমাবেশের সকল প্রস্তুতি সম্পন্ন করার পর আরেক গ্রুপ কমিটি গঠনের প্রতিবাদে আমাদের সমাবেশ ভণ্ডুল করতে আরেকটি আবেদন করে। ওই ঘটনায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। পরে বৃহস্পতিবার বিকালে আমরা সমাবেশস্থল পরিবর্তন করে আক্কেলপুর সিনিয়র মাদ্রাসা মাঠে ৩টি ওয়ার্ডের কমিটি গঠন করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছি। 

এ বিষয়ে চন্দন গ্রুপ সমর্থিত উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক কামরুজ্জামান কমল বলেন, আমরা পৌর বিএনপির কমিটিকে গতিশীল করতে পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডে কমিটি গঠন করার জন্য পৌর বিএনপির পক্ষ থেকে কাউন্সিল সমাবেশ করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করেছিলাম। কমিটি গঠনকে পণ্ড করার জন্য উদ্দেশ্যে একই স্থানে প্রতিবাদ সমাবেশ ডাক দেয় অন্য গ্রুপ। এতে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসন ওই স্থানে ১৪৪ ধারা জারি করে।

পকেট কমিটি গঠনের অভিযোগ এনে মোস্তফা গ্রুপ সমর্থিত উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম কেরামত আলী বলেন, আমরা পকেট কমিটি গঠনের বিপক্ষে রয়েছি। স্বচ্ছ কমিটি গঠনের জন্য স্ব স্ব ওয়ার্ডে তিনদিন আগে মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালাতে হবে। পকেট কমিটি গঠনের জন্য কেউ চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। রাজনৈতিক আদর্শ মেনে সকল কমিটি গঠন করতে হবে।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মইনুল ইসলাম বলেন, তারা উভয়পক্ষ সমাবেশ করার জন্য থানায় লিখিত আবেদন করেছে। কোনো পক্ষকেই সমাবেশ করার অনুমতি দেয়া হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। কেউ আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থ্যা নেয়া হবে।

আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুরুল আলম বলেন, উভয়পক্ষের সাথে কথা হয়েছে। তারা তাদের সিদ্ধান্তে অনড়। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা দেখা দেয়ায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। কেউ এটি অমান্য করার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

বাগেরহাট শহরের গাজী সাহেবের দরগাহ’র বেদখল হওয়া সরকারী খাস খতিয়ানভুক্ত সম্পত্তি উদ্ধারের দাবীতে মানববন্ধন

বন্যায় ধানহানি, ঋণের চাপ ও গ্রেপ্তার আতঙ্কে জেলের মৃত্যুর অভিযোগ

ধর্ষণ মামলায় ময়মনসিংহের অলক মৌলভীবাজারে গ্রেফতার

২৪ ঘণ্টার ব্যবধানে দুই সন্তানের মৃত্যু, বাবাও জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

ট্রাকের ধাক্কায় উল্টে গেল সিএনজি, বিএনপি নেত্রী আহত

বরগুনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা

রংপুর-কাকিনা সড়কে ধস, ঝুঁকি নিয়ে চলাচল

মেঘনায় গোসলে নেমে নিখোঁজ কিশোর

লেভেল ক্রসিংয়ে আটকে যাওয়া প্রাইভেটকারে ট্রেনের ধাক্কা, নিহত ১

সমন্বিত স্বাস্থ্যসেবা নিয়ে বৈজ্ঞানিক সেমিনার

দৌলতখানে মাদকের ছড়াছড়ি, অভিযানে আটক ৬

‘ঘরের সব ভেঙে শেষ করে দিছে, এখন আমাদের আর কিছুই রইল না’

পাবনায় আ. লীগ নেতাকে গলা কেটে হত্যা