দুর্গাপুরে অফিস উদ্বোধন নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ১০
রাজশাহীর দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপির আঞ্চলিক অফিস উদ্বোধন নিয়ে স্থানীয় বিএনপির দুপক্ষের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে স্থানীয় বিএনপির অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন। ওই ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে দৈনিক কালবেলা পত্রিকার স্থানীয় প্রতিনিধি রাজু আহমেদের ওপরও হামলার ঘটনা ঘটে।
সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জয়নগর ইউনিয়নের দাওকান্দি বাজারে সংঘর্ষের এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও অবস্থা গুরুতর হওয়ায় একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া সাংবাদিক রাজু আহমেদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
সংঘর্ষে গুরুতর আহতরা হলেন- জয়নগর ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শাহজালাল হোসেন, দেলশাদ, বিএনপি কর্মী আনোয়ার হোসেন বধু ও বেলাল উদ্দিন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যাওয়ায় তাদের নাম জানা সম্ভব হয়নি। এদের মধ্যে রাকিবুল ইসলামের শারীরিক অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলার জয়নগর ইউনিয়নের দাওকান্দি বাজারে ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির আঞ্চলিক শাখা অফিস উদ্বোধনের আয়োজন করেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব গোলাম মোর্শেদ শিবলী। সন্ধ্যার দিকে নেতাকর্মীরা জড়ো হলে কৃষক দলের নেতা ও জয়নগর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য খায়রুল ইসলামের অনুসারী নেতারা সেখানে অতর্কিত হামলা চালান। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালীন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত ব্যানার ছিঁড়ে ফেলা হয়। এছাড়া একটি মোটরসাইকেল ও কয়েকটি চেয়ার ভাংচুর করা হয়।
বিএনপির দুপক্ষের সংঘর্ষের ঘটনা মোবাইল ফোনে ধারণ করার সময় সাংবাদিক রাজু আহমেদের ওপরও জয়নগর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য খায়রুল ইসলামের নেতৃত্বে হামলা চালানো হয় এবং এলোপাতাড়ি মারধর করা হয়।
হামলার শিকার সাংবাদিক রাজু আহমেদ জানান, ইউনিয়ন বিএনপির আঞ্চলিক অফিস উদ্বোধন নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ঘটার খবর পেয়ে আমি আগে থেকেই সেখানে অবস্থান নিই। বিএনপির দুপক্ষের সংঘর্ষ চলাকালীন খায়রুল ইসলামের অনুসারী দাওকান্দি গ্রামের জামিনুল ইসলাম জয় (২১) ও একই এলাকার আছান আলীর ছেলে শাহাবুর ইসলাম (২৭) আমার ওপর অতর্কিত হামলা চালায়। চিকিৎসা শেষে হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেবেন বলেও জানান সাংবাদিক রাজু।
এদিকে সাংবাদিক রাজুর ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকরা।
জেলা কৃষক দলের সদস্য ও উপজেলা কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক খায়রুল ইসলাম বলেন, আগে থেকেই দাওকান্দি উচ্চ বিদ্যালয়সংলগ্ন বিএনপির একটি অফিস ছিল। আওয়ামী লীগের শাসনামলে অফিসটি দখল করে মার্কেট নির্মাণ করা হয়েছিল। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুনরায় অফিসের জায়গা দখলে নিয়ে দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছি। সেখানে আরো একটি অফিস করার যৌক্তিকতা দেখি না। হামলার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, মোজাফফর মাস্টার ও শিবলীর লোকজন অস্ত্রশস্ত্রসহ মিছিল নিয়ে আসে, যে কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সদস্য সচিব গোলাম মোর্শেদ শিবলীর সাথে কথা বলতে চাইলেও তার মুঠোফোনটি বন্ধ পাওয়া গেছে।
উপজেলা বিএনপির একজন সিনিয়র নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আধিপত্য বিস্তার ও লবিং-গ্রুপিংয়ের কারণে প্রায় দিনই কোথাও না কোথাও বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। এসব ছোটখাটো কোন্দল নিরসন করা না হলে ভবিষ্যতে আরো বড় ধরনের সংঘর্ষ ঘটার আশংকা রয়েছে।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হুদা বলেন, খবরটি শুনেছি। তবে থানায় কেউ জানায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
T.A.S / জামান
হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক
ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা
নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’
বাউফলে অসচ্ছল ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান ও ঢেউটিন বিতরণ
আড়ানী পৌর এলাকায় অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ,আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি
খাম্বার সঙ্গে ট্রাকের ধাক্কা, ছিটকে পড়ে যুবকের মৃত্যু
ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু
খাল খনন শেষে ১ কোটি ২২ লাখ টাকা ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও
বাঘার জনপদে নতুন উদ্যমে জেগে উঠল ‘স্বপ্নসারথি’ কিশোরীরা
ভূরুঙ্গামারীতে সোনাহাট এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসীদের ই-পাসপোর্ট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত
ধর্মপাশায় ওসি কর্তৃক অর্থের বিনিময়ে হত্যা মামলার মূল আসামীসহ ০৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন