ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধনে বিভিন্নস্থানে বাহারি ফুলের চারা রোপন


এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় photo এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ২৮-১১-২০২৪ দুপুর ৪:৩৩

ক্যাম্পাস আঙ্গিনাকে সুশোভিতকরণ, নান্দনিক আবহ সৃষ্টি ও পরিবেশ সুরক্ষায় নানা কার্যক্রম শুরু করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বর্ধন কমিটি। সবুজ পত্র-পল্লব দিয়ে সারা বছর ক্যাম্পাসকে সাজিয়ে রাখে বিভিন্ন ফুল-ফল এবং বিভিন্ন জাতের বাহারি সব গাছপালা।
এলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্য, চির উন্নত মম শির চত্ত্বর, জয়ধ্বনি মঞ্চ, জয় বাংলা ভাস্কর্য, অগ্নিবীণা হল সংলগ্ন এলাকা, কলা অনুষদের সামনের এলাকা, বিজ্ঞান অনুষদ সংলগ্ন রাস্তাসহ বিভিন্ন এলাকায় রোপন করা হয়েছে বাহারি সব শীতকালীন ফুলের চারা। এগুলোর মধ্যে রয়েছে সিলভিয়া, গোলাপ,সূর্যমূখী,ডালিয়া, চন্দ্রমল্লিকা,জিনিয়া,গাঁদা এবং চাইনিজ গাঁদাসহ বাহারি সব ফুল। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের চন্দ্রবিন্দু ক্যাফেটেরিয়ার আশেপাশের এলাকায় মাটি ভরাট করে সৌন্দর্য বর্ধন কার্যক্রম শুরু হয়েছে। 
সরজমিনে গিয়ে দেখা যায়, শুধু সৌন্দর্য বর্ধনে চারা রোপনই নয় এগুলোর নিয়মিত যত্ন করতেও দেওয়া হচ্ছে পানি ও সার।
ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধনে এমন কার্যক্রমের প্রশংসা করে বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শুভ বলেন, "এমন কার্যক্রম নিশ্চয়ই প্রশংসা পাওয়ার যোগ্য। এগুলো সঠিক রক্ষণাবেক্ষণ করলে ক্যাম্পাসে চোখ রাখলেই মনে হবে এ যেন ফুলের এক স্বর্গরাজ্য। প্রহরীর মতো দাঁড়িয়ে থাকা গাছগুলোতে ঝাঁকে ঝাঁকে,স্তবকে-স্তবকে ফুল ফুটে আছে। তবে এসব মৌসুমী ফুলের পাশাপাশি কিছু পার্মানেন্ট ফুলের গাছ লাগানো হলে পুরো বছরজুড়ে তা ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধন করবে। সৌন্দর্য বর্ধন কমিটির প্রতি অনুরোধ এগুলো যাতে নিয়মিত রক্ষণাবেক্ষণ হয়।" 
বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী রাসেল বলেন, "আগের দিনগুলোতে দেখতাম পরিকল্পিত বৃক্ষরোপণ নাম দিয়ে বিশাল আয়োজন করে লাখ লাখ টাকা খরচ করে বৃক্ষরোপণ করা হতো। তবে আশানুরূপ কোনো দৃশ্যমান সৌন্দর্য এখনো দেখা মেলে নাই। এবার দেখছি চারা রোপনের পর প্রচার হচ্ছে। আশা করছি এবার ভালো কিছু হবে।"

ক্যাম্পাসে ঘুরতে আসা জামাল আহমেদ নামে এক দর্শনার্থী বলেন, "নজরুল বিশ্ববিদ্যালয় আমাদের প্রিয় স্থান। বাসা থেকে বেশি দূরে না। প্রায় ছুটির দিনে পরিবারকে নিয়ে এখানে আসি। ছেলেমেয়েরা এখানে আনন্দে ছুটে বেড়ায়। সেক্ষেত্রে ক্যাম্পাসে ফুলের গাছ বড় হলে ছেলেমেয়েরাও আনন্দ পাবে। সৌন্দর্যও বাড়বে।"

এবিষয়ে সৌন্দর্য বর্ধন কমিটির আহবায়ক বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান বলেন, "শুধু শিক্ষা বিস্তারে নয়, ময়মনসিংহ অঞ্চলের সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ উন্নয়নে এ ক্যাম্পাসের ভূমিকা রয়েছে। আমার শিক্ষার্থীরা ছাড়াও প্রায়ই ক্যাম্পাসের সৌন্দর্য উপভোগ করতে অনেকেই পরিবার নিয়ে বা বিভিন্ন দলে দলে ক্যাম্পাসে ঘুরতে আসে। তাই বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বর্ধনের জন্য বিভিন্ন প্রজাতির শীতকালীন ফুল লাগানো হয়েছে। এর পাশাপাশি কিছু স্থায়ী ফুলের গাছ লাগানো আছে যা ভবিষ্যতে আরও বৃদ্ধি করা হবে।" 
তবে চারা রোপনের পরই কিছু চারা হারিয়ে গেছে জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী বলেন, "আমাদের বাজেট থেকে শুরু করে কর্মচারী, মালি সবকিছুরই তো সীমাবদ্ধতা রয়েছে। তারপরও সবাইকে নিয়ে একটু চেষ্টা করছি। তবে গাছ লাগানোর পরই গতকাল খোঁজ পেয়েছি কিছু চারা হারিয়ে গেছে। এটাতে কষ্ট পেয়েছি। এজন্য সিকিউরিটির বিষয় নিশ্চিত করতে বিভিন্ন অনুষদের ডিনদের নিয়ে বসে আলোচনা করেছি। সার্বিক বিষয়ে সবার সহযোগিতা কামনা করছি।"
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, "বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে দৃষ্টিনন্দন করতে সৌন্দর্য বর্ধন কমিটি করে দেওয়া হয়েছে। তাঁরা ইতোমধ্যে বিভিন্ন স্থানে বিভিন্ন রকম বাহারি ফুলের চারা রোপন করেছে। শীতকালীন এই সময়টাতে বৃষ্টিপাত কম থাকায় ফুলের চারা রোপন করা হয়েছে। এছাড়াও সৌন্দর্য বর্ধনে ক্যাম্পাসে বিভিন্ন স্থানে মাটি ভরাট সহ বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?