নির্মাণের ১৫ দিন পরই ভেঙে যাচ্ছে সড়ক
মানিকগঞ্জ সদর উপজেলার দিঘি ইউনিয়নের একটি সড়ক নির্মাণে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। সড়কটি নির্মাণের ১৫ দিনের মধ্যেই ভেঙে যেতে শুরু করেছে। সড়কে থাকা পুরাতন ইট ব্যবহার, সিমেন্টের পরিমাণ কম দেয়া ও নিম্নমানের বালু ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নির্ধারিত সময়ে কাজ না করা, সিডিউল অনুযায়ী বালু ফেলে উঁচু না করা ও ঢালাই না দেয়াসহ একাধিক অনিয়ম করা হয় সড়কটি নির্মাণে। এসব অনিয়মের সঙ্গে দিঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন মোল্লা সরাসরি জড়িত রয়েছেন। সড়ক নির্মাণে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করা হলেও ঠিকাদারকে কাজ করতে দেয়া হয়নি। প্রকল্পে দুজন মেম্বারকে সভাপতি ও সদস্য সচিব করা হলেও তাদের তদারকি করতে দেয়া হয়নি।
খোঁজ নিয়ে জানা যায়, লোকাল গভর্নমেন্ট সাপোর্ট সেন্টার-৩ (এলজিএসপি-৩) প্রকল্পের আওতায় দিঘি ইউনিয়নে ২০১৯-২০ অর্থবছরে চারটি প্রকল্পে মোট ২১ লাখ ৪৬ হাজার ১৭ টাকা বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে শুশুন্ডা বাহাদুর বাড়ির মোড় হতে গড়পাড়া রাস্তায় সিসি নির্মাণের জন্য ৯ লাখ ১০ হাজার ৮৬৮ টাকা বরাদ্দ দেয়া হয়। এইচবিবির (ইটের সোলিং) ওই রাস্তাটিতে ব্যবহৃত পুরাতন ইটের দাম নির্ধারণ করা হয় ৪ লাখ ৭০ হাজার টাকা। সে হিসাবে প্রকল্পটি ৪ লাখ ৮০ হাজার ৮৬৮ টাকায় শেষ হওয়ার কথা। কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হালিম এন্টারপ্রাইজ। কাজের সিডিউল অনুযায়ী ৬ ইঞ্চি পরিমাণ বালু ফেলে রাস্তা উঁচু করা ও ৬ ইঞ্চি পরিমাণ ঢালাই দেয়ার কথা। সদর উপজেলা প্রকৌশল কার্যালয়ের নকশাকার সিরাজুল হক কাজের সিডিউল তৈরি করেন।
এলজিএসপি-৩ প্রকল্প দেখভালের দায়িত্বে থাকা জেলা ফ্যাসিলিটিজ (ডিএফ) অফিসার মঞ্জুরুল হক বলেন, ২০১৯-২০ অর্থবছরের প্রকল্পের কাজ চলতি অর্থবছরে করার নিয়ম নেই। কারণ, ২০১৮-১৯ ও ২০১৯-২০ অর্থবছরের প্রকল্পের কাজের অডিট চলছে। কিন্তু দিঘি ইউনিয়নে ২০১৯-২০ অর্থবছরে কোনো কাজ করা হয়নি। দিঘি ইউনিয়ন ছাড়া আর কোথাও ওই অর্থবছরের কাজ অসম্পন্ন নেই। এই ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ থাকায় এলজিএসপি-৩ প্রকল্পের বরাদ্দ বন্ধ করে দেয়া হয়েছিল।
স্থানীয়রা জানান, রাস্তাটি নির্মাণে সিডিউল অনুযায়ী বালু ফেলে উঁচু করা হয়নি। ৬ ইঞ্চি পরিমাণ ঢালাই দেয়ার কথা থাকলেও ঢালাই দেয়া হয়েছে ৪ ইঞ্চি পরিমাণ। ঢালাইয়ে নামমাত্র সিমেন্ট ব্যবহার করা হয়েছে। বালু ব্যবহার করা হয়েছে অত্যন্ত নিম্নমানের। খোয়া হিসেবে ব্যবহার করা হয়েছে রাস্তাটিতে থাকা পুরাতন ইট।
সরেজমিন দেখা যায়, অধিকাংশ জায়গায় সড়কের পাশে মাটি দেয়া হয়নি। এজন্য সড়কটির পাশের এজিংয়ে থাকা ইট খসে পড়ছে। এতে কতটুকু ঢালাই দেয়া হয়েছে, তা স্পষ্ট বোঝা যাচ্ছে। পূর্ব দিকে কালভার্টের গোড়ায় কয়েকটি বালুর বস্তা ফেলা হয়েছে। বৃষ্টিতে পাশের মাটি সরে গিয়ে যে কোনো সময় রাস্তাটি ধসে পড়তে পারে।
বিষয়টি নজরে আনলে কাজ তদারকির সভাপতির দায়িত্বে থাকা মহিলা মেম্বার সালমা আক্তার সনি ও সদস্য সচিব মেম্বার শহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে তারা কিছু জানেন না। চেয়ারম্যানের কথামতো শুধু কাগজে সাইন করাই তাদের কাজ।
মেসার্স হালিম এন্টারপ্রাইজের মালিক ঠিকাদার আব্দুল হালিম বাবু জানান, কাজটির ব্যাপারে কোনোকিছুই তার জানা নেই। কোথায় কী কাজ হচ্ছে তাও তিনি জানেন না। কাজটি তার প্রতিষ্ঠানের নামে হলেও সবকিছু করছেন চেয়ারম্যান নিজে।
কাজে অনিয়মের বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান আব্দুল মতিন মোল্লা কোনো সদুত্তর না দিয়ে এই প্রতিবেদকের সঙ্গে নানান গল্প শুরু করেন। এরপর প্রতিবেদককে ম্যানেজ করার চেষ্টা করেন।
প্রকল্পে অনিয়মের বিষয়ে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, প্রকল্পে অনিয়ম করে কেউ ছাড় পাবেন না। সরকারি টাকা আত্মসাৎ করারও কোনো সুযোগ নেই। তদন্ত করে কাজে অনিয়ম পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। প্রকল্পে অনিয়ম হয়েছে কি-না তা তদন্ত করার জন্য ডিএফ মঞ্জুরুল হককে নির্দেশ দেন তিনি।
এসব বিষয়ে ডিএফ মঞ্জুরুল হক বলেন, প্রকল্পটি ২০১৯-২০ অর্থবছরের। এটি শুরু হয়েছে কি-না তা দেখার জন্য আমি একবার পরিদর্শনে গিয়েছি। এখন কাজের বিষয়ে উপজেলা উপ-সহকারি প্রকৌশলী প্রত্যয়ন করার পর আমরা কাজের মান যাচাই করব। কাজটি যদি মানসম্মত না হয়, তাহলে আমরা কাজের বিল দেব না।
এমএসএম / জামান
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ