ঢাকা মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

বুলবুলের কাছ থেকে চেক নিয়ে কেন ছুড়ে ফেললেন সালমান, যা জানা গেল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯-৯-২০২৫ বিকাল ৫:১

এশিয়া কাপ ফাইনালের রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। তবে ম্যাচ শেষে নানা নাটকীয়তায় শিরোপা জয়ের চেয়েও বড় হয়ে উঠেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মাঠের বাইরের লড়াই। পাকিস্তানের মন্ত্রী এবং এসিসি সভাপতি মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারত। নাকভিও অন্য কাউকে ট্রফি দেওয়ার অনুমতি দেননি। ফলে এশিয়া কাপ জেতার পরেও ট্রফি হাতে পাননি সূর্যকুমার যাদবরা। ট্রফি ছাড়াই তারা জয়ের উদযাপন করেন। 

ফাইনাল শেষে এ কারণে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হতে অনেকটা দেরি হয়। ঘণ্টাখানেক পর অনুষ্ঠান শুরু হলেও ভারতীয় দলকে ট্রফি ও মেডেল দেওয়া হয়নি বা তারাও তা নাকভির হাত থেকে নেয়নি। এ ঘটনায় বেজায় ক্ষেপেছিলেন পাকিস্তান দলের অধিনায়ক সালমান আলি আগা।

নানা নাটকীয়তার পর পুরস্কারের মঞ্চে রানার্স-আপ হিসেবে প্রাইজমানির চেক গ্রহণ করলেও পরক্ষণে সেটি ছুঁড়ে মারেন পাকিস্তানি অধিনায়ক। এ সময় তার চোখমুখ শক্ত দেখাচ্ছিল। প্রতীকী চেকটি ছুড়ে ফেলার পর সঞ্চালকের প্রশ্নের জবাব দিতে হেঁটে যেতে দেখা যায় তাকে। 

এদিন ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রতিনিধি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছ থেকে রানার্স-আপের চেক গ্রহণ করেন সালমান আলি আগা। এর পরপরই তা মাটিতে ছুড়ে ফেলেন আগা। এ দৃশ্য দেখে খোদ আমিনুল ইসলাম বুলবুলকেও হতবাক হতে দেখা যায়। বিষয়টা তুমুল সমালোচনার জন্ম দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আগা বলেন, ‘হ্যাঁ, এটা (পরাজয়) হজম করা কঠিন। তবে আমাদের ব্যাটিং একদমই ভালো হয়নি। আমরা ইনিংসের শেষ দিকে রান তুলতে পারিনি। উইকেটও অনেক খুইয়েছি। বোলাররা অসাধারণ করেছে, কিন্তু ব্যাটাররা- আমিসহ, পর্যাপ্ত রান তুলতে পারিনি।’

ভারতকে ইঙ্গিত করে সালমান আগা বলেন, ‘ভারত আমাদের সঙ্গে হাত মেলায়নি, মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নেয়নি। ওরা আমাদের সঙ্গে যা করেছে, তাতে শুধু আমাদের অসম্মান করেনি, গোটা ক্রিকেটকে অসম্মান করেছে। এগুলো দেখে বাকি দলগুলো যদি এসব করতে শুরু করে? কোথায় শেষ হবে এসব? ক্রিকেটারদের তো রোল মডেল হওয়া উচিত। মাঠে এগুলো হতে দেখলে ছোট ছোট ছেলে-মেয়েরা কী শিখবে? এবার যা হয়েছে, খুব খারাপ।’

এদিন ফাইনাল শুরুর আগে থেকেই বিতর্ক শুরু হয়েছিল। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব নিয়মমাফিক পাকিস্তানের অধিনায়ক সালমান আগার সঙ্গে ট্রফিসহ ছবি তুলতে চাননি। তিনি পাকিস্তানের অধিনায়কের সঙ্গে হাতও মেলাননি। পাকিস্তানও টসের পর ভারতীয় সঞ্চালকের সঙ্গে কথা বলতে চায়নি। ফলে টসের পর দুই অধিনায়কের সঙ্গে দুই দেশের সঞ্চালক কথা বলেন। ভারতের জাতীয় সঙ্গীত যখন বাজছে, তখন পাকিস্তানের দুই ক্রিকেটারকে হেসে হেসে গল্প করতে দেখা যায়। 

এমএসএম / এমএসএম

বিশ্বকাপের আগে প্রথমবার এমন অভিজ্ঞতার মুখে আর্জেন্টিনা

পাকিস্তানকে হুমকি দিয়ে ভারতকে আফগান তারকার বার্তা

চীনকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

ইরানে ফিরেছেন অস্ট্রেলিয়ায় আশ্রয় চাওয়া ৫ ফুটবলার

ইতিহাসের দীর্ঘতম নো বল— আমিরকে ছাড়িয়ে গেলেন আরেক পাকিস্তানি!

এবারও ব্রাজিল দলে ডাক পেলেন না নেইমার

নিউজিল্যান্ড সিরিজের শুরুতে দক্ষিণ আফ্রিকার দলেও চোটের ধাক্কা

ফিনালিসিমা বাতিল : বিকল্প দুই প্রস্তাব পেলেও রাজি হয়নি আর্জেন্টিনা

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমার হারিয়ে দিল'

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

কার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ভুলেই গেল বিসিসিআই!

ব্যাটিংয়ে বাংলাদেশ, পাকিস্তানের একাদশে ৩ পরিবর্তন

সিরিজ নির্ধারণী ম্যাচেও বৃষ্টির শঙ্কা