ঢাকা সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

বাকৃবিতে আহকাবের উদ্যোক্তাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত


আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি photo আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ২৯-১২-২০২৫ বিকাল ৫:২১

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) উদ্যোক্তাকে পেশা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে উদ্যোক্তা বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে ‘পেশা হিসেবে উদ্যোক্তা হওয়া’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেশনটির আয়োজন করে অ্যানিম্যাল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য ড. মো. বাহানুর রহমান, পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রুহুল আমিন, ফিশারিজ অনুষদের ডিন ড. মো. রফিকুল ইসলাম সরদার, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দিন এবং ময়মনসিংহ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ ওহেদুল আলম।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আহকাবের সভাপতি সায়েম উল হক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহকাবের মহাসচিব মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহকাবের আইটি ও মিডিয়া উপ-কমিটির আহ্বায়ক ও ষষ্ঠ আহকাব আন্তর্জাতিক এক্সপো ২০২৬-এর সাংগঠনিক সম্পাদক ডা. মোহাম্মদ রাশেদুল জাকির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আহকাবের কোষাধ্যক্ষ ডা. মো. মোজাম্মেল হক খান।

মূল প্রবন্ধ উপস্থাপনকালে আহকাবের সভাপতি সায়েম উল হক বলেন, উদ্যোক্তা হওয়া মানে কেবল ব্যবসা করা নয়; বরং নতুন কিছু সৃষ্টি করা, সম্ভাবনাময় সুযোগ খুঁজে বের করা এবং ঝুঁকি নিয়ে একটি উদ্যোগকে সংগঠিতভাবে ধীরে ধীরে বিকশিত করা। তিনি বলেন, সবাই ব্যবসা করতে পারে, কিন্তু উদ্যোক্তার মূল বৈশিষ্ট্য হলো সমস্যাকে সুযোগে রূপান্তর করা।

তিনি আরও বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থা এখনো মূলত চাকরি খোঁজার মানসিকতা তৈরি করে, অথচ চাকরির বাজার অত্যন্ত সীমিত। এই বাস্তবতায় তরুণদের চাকরিপ্রত্যাশী হওয়ার পরিবর্তে সমস্যা সমাধানভিত্তিক চিন্তা ও উদ্যোক্তামুখী মানসিকতা গড়ে তুলতে হবে। উদ্যোক্তা তৈরির জন্য শিক্ষা খাতসহ সংশ্লিষ্ট সব পর্যায়ে মাইন্ডসেট পরিবর্তনের ওপর গুরুত্ব দেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, শিক্ষার্থীদের জন্য আমরা এমন একটি সুযোগ তৈরি করছি, যেখানে তারা বাস্তব প্রেক্ষাপটে শিল্প ও খাতসংশ্লিষ্টদের সঙ্গে যুক্ত হয়ে শেখার সুযোগ পাচ্ছে। এতে শিক্ষার্থী ও শিল্পখাতের মধ্যে কার্যকর সংযোগ তৈরি হবে।

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের হেলথ কোম্পানিগুলো কেবল ওষুধ উৎপাদনের মধ্যেই সীমাবদ্ধ নেই; তারা নিউট্রিশনাল পণ্য, প্রাণিস্বাস্থ্য ব্যবস্থাপনা, ভ্যাকসিন উৎপাদন এবং পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ খাতেও কাজ করছে। এসব খাতে দেশীয় ও বৈশ্বিক পর্যায়ে ব্যাপক চাহিদা রয়েছে।

উপাচার্য আরও বলেন, এখন সময় এসেছে হেলথ ও প্রোডাকশন সেক্টরকে সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার। বাংলাদেশে এমন প্রতিযোগিতামূলক উদ্যোগ গড়ে তুলতে হবে, যেখানে উৎপাদনের সঙ্গে স্বাস্থ্যখাত যুক্ত থাকবে এবং যা আন্তর্জাতিক বাজারেও টিকে থাকতে পারবে। আমাদের লক্ষ্য হওয়া উচিত খামারিদের জন্য কম খরচে কার্যকর ও মানসম্মত সেবা নিশ্চিত করা। এতে খামারিদের আয় বাড়বে, উৎপাদন বৃদ্ধি পাবে এবং সামগ্রিকভাবে সমাজ উপকৃত হবে।

উপাচার্য আরও বলেন, আমি চাই ইউরোপীয় ইউনিয়নের মানসম্পন্ন ভ্যাকসিন, ওষুধ ও হেলথ-সংশ্লিষ্ট পণ্য দেশে উৎপাদন করে বিশ্ববাজারে রপ্তানি করা হোক। মানব ফার্মাসিউটিক্যাল শিল্পের পাশাপাশি ভেটেরিনারি ও হেলথ প্রোডাকশন খাতেও আমাদের যথেষ্ট সক্ষমতা রয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরি হবে, নতুন প্রজন্ম এগিয়ে আসবে । এই উদ্যোগ ভবিষ্যতের জন্য টেকসই ও উদ্ভাবনী উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি বিশ্বাস করেন।

এমএসএম / এমএসএম

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র‍্যালি ও সমাবেশ

শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ যাত্রা শুরু, যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত

গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম

ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’

শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা

সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন

গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ

আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে

নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড