চট্টগ্রামে টিসিবির ডিলার নিয়োগে অনিয়ম
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলেও এখনো বন্দরনগরী চট্টগ্রামে পুরোপুরি স্বচ্ছতা ও জবাবদিহীতার আওতায় আসেনি ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। অভিযোগ রয়েছে, সংস্থাটির চট্টগ্রাম অঞ্চলের অধিকাংশ ডিলার এখনো পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে নিয়োগপ্রাপ্ত। সরকারের পতনের ১৫ মাস পেরিয়ে গেলেও অদৃশ্য কারণে থমকে আছে নতুন ডিলার নিয়োগ কার্যক্রম। আবেদন গ্রহণের ছয় মাস পরও পুরো প্রক্রিয়া শেষ না হওয়ায় আবেদনকারীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
সরকার পতনের পরপরই টিসিবির ডিলার পরিবর্তনের দাবি সামনে আসে। বিশেষ করে ছাত্র-জনতার পক্ষ থেকে এই দাবি ছিল জোরালো। অভিযোগ ওঠে, চট্টগ্রামে বর্তমানে যেসব ডিলার টিসিবির কার্যক্রমের সঙ্গে যুক্ত, তাদের বেশিরভাগই আওয়ামী লীগ সরকারের সময়ে নিয়োগপ্রাপ্ত। এসব ডিলারের বিরুদ্ধে পণ্য বিতরণে অনিয়ম, স্বজনপ্রীতি ও ভোক্তাদের হয়রানির অভিযোগও দীর্ঘদিনের। ফলে নতুন রাজনৈতিক বাস্তবতায় টিসিবিকে ‘দলীয় প্রভাবমুক্ত’ করার দাবিও ওঠে।
এই প্রেক্ষাপটে চলতি বছরের ১৫ মে চট্টগ্রামে নতুন ডিলার নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে টিসিবি। এতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও জেলার ১৫টি উপজেলার নির্দিষ্ট ওয়ার্ড ও ইউনিয়নের মুদি ব্যবসায়ীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫ সালের ২১ মে থেকে ৪ জুন রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হয়। আবেদনকারীদের অফেরতযোগ্য ৫ হাজার টাকা জমা দিতে হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও ১৫টি উপজেলা মিলিয়ে মোট ৩৪০ জন নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে এবং সর্বোচ্চ ৬৮০ জন আবেদন করতে পারবেন।
চট্টগ্রাম জেলা প্রশাসনের কার্যালয় সূত্র জানিয়েছে, টিসিবির ডিলারের জন্য চট্টগ্রাম থেকে ৪৭২টি আবেদন জমা পড়েছে। এসব আবেদন তদন্তের জন্য আসারপর তদন্ত শেষে ঢাকা টিসিবির কার্যালয়ে পাঠানো হয়েছে। নিয়োগের বিষয়টি টিসিবি থেকে সম্পন্ন করা হবে।
কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ডিলার নিয়োগ কার্যক্রম শেষ হয়নি। টিসিবি চট্টগ্রাম অফিস সূত্রে জানা গেছে, নতুন আবেদনকারীদের মধ্য থেকে মাত্র ৩০ থেকে ৩৫ জনকে ইতোমধ্যে ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যেসব আবেদনের তদন্ত আগে শেষ হয়েছে, সেগুলোর ভিত্তিতেই এই নিয়োগ দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে একই বিজ্ঞপ্তির আওতায় একযোগে আবেদন করে মাত্র অল্পসংখ্যক ডিলার নিয়োগ পাওয়ায় পুরো প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছেন আবেদনকারীরা।
নাম প্রকাশ না করার শর্তে এক আবেদনকারী বলেন, সবাই একই সময়ে আবেদন করলেও বাস্তবে সবাই সমান সুযোগ পাচ্ছেন না। কিছু লোক ঢাকায় গিয়ে তদবির করে ডিলার নিয়োগ নিয়ে এসেছে। যারা ঢাকায় তদবির করতে পারছে না, তাদের আবেদনগুলো আটকে আছে। নিয়ম অনুযায়ী একই বিজ্ঞপ্তির সব ডিলারের অনুমোদন একসঙ্গেই হওয়ার কথা। কিন্তু বাস্তবে তা হচ্ছে না। তার অভিযোগ, ঢাকার টিসিবি প্রধান কার্যালয় এখনো ফ্যাসিস্টমুক্ত হয়নি। টাকা ছাড়া নতুন ডিলার অনুমোদন পাওয়া যাচ্ছে না-এমন কথাও বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে।
অভিযোগ রয়েছে, টিসিবির প্রধান ভবনে কর্মরত পতিত আওয়ামী লীগপন্থী কর্মকর্তা-কর্মচারীরাই নতুন ডিলার নিয়োগ কার্যক্রম ইচ্ছাকৃতভাবে দীর্ঘায়িত করছেন। এতে করে পুরনো ডিলাররা এখনো বহাল তবিয়তে টিসিবির কার্যক্রম পরিচালনা করছেন। ফলে ভোক্তারা আগের মতোই পণ্য বিতরণে অনিয়ম ও দুর্ভোগের শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে টিসিবির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের যুগ্ম পরিচালক (অফিস প্রধান) মো. শফিকুল ইসলাম বলেন, বর্তমানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪১টি ওয়ার্ডে ১৮০ জন টিসিবির ডিলার রয়েছে। একইভাবে জেলার ১৫টি উপজেলায় রয়েছে ৬৫ জন ডিলার। এর মধ্যে নতুন আবেদনকারীদের থেকেও ৩০ থেকে ৩৫ জন অন্তর্ভুক্ত করা হয়েছে। যেসব আবেদনের তদন্ত আগে শেষ হয়েছে, সেগুলোর অনুমোদন দেওয়া হয়েছে। বাকিগুলো পর্যায়ক্রমে অনুমোদন দেওয়া হবে বলে তিনি জানান।
তবে কর্মকর্তাদের এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন আবেদনকারীদের একটি বড় অংশ। তাদের অভিযোগ, যদি তদন্তই মূল বিষয় হয়, তাহলে একই সময়ে জমা দেওয়া আবেদনের তদন্ত ভিন্ন ভিন্ন সময়ে শেষ হওয়ার কারণ কী, সে প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না। এতে পুরো নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। ডিলার নিয়োগ কার্যক্রম দীর্ঘায়িত হওয়ায় শুধু আবেদনকারীরাই নয়, সাধারণ ভোক্তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, রাজনৈতিক প্রভাবমুক্ত ও স্বচ্ছভাবে নতুন ডিলার নিয়োগ না হলে টিসিবির মাধ্যমে ন্যায্যমূল্যে পণ্য বিতরণের উদ্দেশ্য ব্যাহত হবে। সরকারের পরিবর্তনের পরও যদি পুরনো রাজনৈতিক বলয়ের প্রভাব থেকে যায়, তাহলে টিসিবির সংস্কার কার্যক্রম প্রশ্নের মুখে পড়বে।
এমএসএম / এমএসএম
ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল
রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ
নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার
মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ
অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত