ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

পিরোজপুর–২ এ নীরব ভোটার, নারী ,সংখ্যালঘু ও নতুন প্রজন্মে ভোটে বদলে যেতে পারে জয়ের সমীকরণ


বদরুজ্জামান সুজন, নেছারাবাদ photo বদরুজ্জামান সুজন, নেছারাবাদ
প্রকাশিত: ৮-২-২০২৬ বিকাল ৫:২৯
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর জেলার পিরোজপুর–২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) সংসদীয় আসনটি এবার রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্ব পাচ্ছে। বিপুল ভোটার সংখ্যা, উপজেলাভিত্তিক ভিন্ন রাজনৈতিক শক্তি, ধর্মীয় প্রভাব, স্বতন্ত্র প্রার্থীর ভূমিকা এবং নীরব ভোটারদের অবস্থান—সব মিলিয়ে এই আসনটি পরিণত হয়েছে একটি জটিল ও বহুমাত্রিক নির্বাচনী সমীকরণে।
 
এই আসনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে প্রার্থী হয়েছেন আহম্মদ সোহেল মনজুর, যার দলীয় প্রতীক ধানের শীষ। জামায়াতে ইসলামী থেকে শামীম সাঈদী দাড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতীয় পার্টি (জেপি) থেকে মোহাম্মদ মাহিবুল হোসেন বাইক প্রতীকে লড়ছেন। গণঅধিকার পরিষদ (জিওপি) থেকে মোহাম্মদ আনিসুর রহমান অংশ নিচ্ছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে প্রার্থী হয়েছেন মোঃ আবুল কালাম আজাদ। আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) থেকে ফয়সাল খান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাহমুদ হোসেন ঘোড়া প্রতীকে লড়ছেন। এই প্রার্থীদের মধ্যে দলীয় শক্তি, স্থানীয় গ্রহণযোগ্যতা এবং স্বতন্ত্র প্রার্থীর ইমেজ নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।
 
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, পিরোজপুর–২ আসনে মোট ভোটার সংখ্যা ৪,০৯,২৮৮ জন, যার মধ্যে পুরুষ ভোটার ২০৪,৩১২, নারী ভোটার ২০৪,৯৭২ এবং তৃতীয় লিঙ্গ ভোটার ৪ জন। এছাড়া ৩,৯৯২ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধিত।
 
উপজেলা ভিত্তিক চিত্রে দেখা যায়:
কাউখালী: মোট ৬৫,৫৩৪ ভোটার (পুরুষ ৩২,২৮৭, নারী ৩৩,২৪৪, হিজড়া ৩), ভান্ডারিয়া: মোট ১,৪১,৭৬৭ ভোটার (পুরুষ ৭০,৬৪৫, নারী ৭১,১২২) ,নেছারাবাদ: মোট ১,৯৮,০০১ ভোটার (পুরুষ ৯৮,২৯১, নারী ৯৯,৭০৯, হিজড়া ১) এই বিপুল ভোটারদের জন্য প্রশাসন কেন্দ্র, গোপন কক্ষ ও নিরাপত্তা প্রস্তুতিতে জোর দিয়েছে।
 
তিন উপজেলায় রাজনৈতিক শক্তির ভিন্ন চিত্রে মাঠপর্যায়ের পর্যবেক্ষণে দেখা যায় তিন উপজেলায় রাজনৈতিক শক্তির অবস্থান একরকম নয়। নেছারাবাদ উপজেলায় বিএনপির সাংগঠনিক ভিত্তি ও ঐতিহ্যগত ভোটব্যাংক তুলনামূলকভাবে শক্ত বলে স্থানীয় রাজনীতিতে আলোচনা রয়েছে। অন্যদিকে কাউখালী উপজেলায় জামায়াতে ইসলামের সংগঠিত ভোটব্যাংক ও ধর্মীয় প্রভাব দৃশ্যমান। ভান্ডারিয়া উপজেলায় স্থানীয়ভাবে পরিচিত স্বতন্ত্র প্রার্থী ও ব্যক্তি-ইমেজের প্রভাব বেশি, যেখানে দলীয় পরিচয়ের পাশাপাশি সামাজিক গ্রহণযোগ্যতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
 
এ ছাড়া চরমোনাই পীরের অনুসারী এবং তাদের আত্মীয়স্বজন মিলিয়ে ‘হাতপাখা’ প্রতীক তিন উপজেলাতেই সীমিত হলেও একটি নির্দিষ্ট ভোটভিত্তি ধরে রেখেছে।
 
অন্যান্য প্রার্থী সীমিত হলেও উপেক্ষণীয় নয় ভোটভিত্তি , এই আসনে আলোচিত প্রধান প্রতিদ্বন্দ্বীদের বাইরে থাকা আরও তিনজন প্রার্থীও নির্বাচনী সমীকরণে নিজস্ব অবস্থান তৈরি করেছেন। ব্যক্তিগত পরিচিতি, স্থানীয় সামাজিক সম্পৃক্ততা এবং দীর্ঘদিনের ব্যক্তিকেন্দ্রিক যোগাযোগের কারণে এসব প্রার্থীর প্রত্যেকেরই নির্দিষ্ট কিছু এলাকায় সীমিত হলেও স্থায়ী ভোটভিত্তি রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংখ্যায় কম হলেও এসব ভোট হাড্ডাহাড্ডি লড়াইয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যবধান তৈরি করতে পারে এবং শেষ পর্যন্ত চূড়ান্ত ফলাফলে প্রভাব ফেলতে পারে।
 
আওয়ামী লীগ সমর্থিত নীরব ভোটারা অঘোষিত ফ্যাক্টর হতে পারে, এই আসনের রাজনীতিতে সবচেয়ে আলোচিত হলেও প্রকাশ্যে কম দৃশ্যমান শক্তি হলো আওয়ামী লীগ সমর্থিত ভোটাররা। দলীয় প্রার্থী না থাকলেও এই ভোটাররা সম্পূর্ণ নিষ্ক্রিয় নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ভোটব্যাংকের বড় অংশ স্বতন্ত্র প্রার্থী কিংবা স্থানীয়ভাবে গ্রহণযোগ্য প্রার্থীর দিকে ঝুঁকতে পারে।এই নীরব ভোট কোন দিকে যায়, তার ওপরই জয়-পরাজয়ের ব্যবধান নির্ধারিত হতে পারে।
 
নতুন প্রজন্ম ও প্রথমবার ভোটারদের বড় ভূমিকা রয়েছে,এবারের নির্বাচনে পিরোজপুর–২ আসনে উল্লেখযোগ্য একটি অংশ হলো শিক্ষিত তরুণ ও প্রথমবার ভোট দিতে যাওয়া ভোটাররা। তারা দলীয় রাজনীতির চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে কর্মসংস্থান, শিক্ষা, প্রযুক্তি, যোগাযোগ ব্যবস্থা, নদীভাঙন ও স্থানীয় উন্নয়ন ইস্যুতে এছাড়াও নতুন বাংলাদেশ গড়ার লক্ষে দেশ সংস্কারের আশায় ২০২৪ এর আন্দোলনে এরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল । এই ভোটারদের বড় অংশ এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি, যা নির্বাচনের শেষ মুহূর্তে ফলাফলে বড় চমক আনতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
 
সংখ্যালঘু ভোটারদের নিরবচ্ছিন্ন নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রশ্নে পিরোজপুর–২ আসনে উল্লেখযোগ্য সংখ্যক সংখ্যালঘু হিন্দু ভোটার রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাদের ভোটের সিদ্ধান্তে প্রধান ভূমিকা রাখছে নিরাপত্তা, ধর্মীয় সম্প্রীতি, সামাজিক স্থিতিশীলতা এবং নিরাপত্তা উন্নয়নের ধারাবাহিকতা। স্থানীয়ভাবে জানা গেছে, এই ভোটাররা সাধারণত সংঘাতবিহীন পরিবেশ ও বিশ্বাসযোগ্য  নেতৃত্বকে অগ্রাধিকার দিয়ে থাকেন, যা নির্বাচনের ফলাফলে একটি স্থিতিশীল কিন্তু শক্ত প্রভাব ফেলতে পারে।
 
তিন উপজেলা মিলিয়ে নারী ভোটাররা ভোটের পাল্লা ঘোরানোর শক্তি হয়ে উঠতে পারে, পিরোজপুর–২ আসনের তিন উপজেলা মিলিয়ে নারী ভোটারের সংখ্যা পুরুষ ভোটারের চেয়েও বেশি। কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ—তিন এলাকাতেই নারী ভোটারদের উপস্থিতি ও অংশগ্রহণ চোখে পড়ার মতো। এই নারী ভোটারদের বড় অংশ স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, পরিবারের অর্থনৈতিক স্থিতি, ধর্ম ও সন্তানদের ভবিষ্যৎকে সামনে রেখে ভোটের সিদ্ধান্ত নিচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নারীদের সম্মিলিত ভোট যেকোনো প্রার্থীর জয়-পরাজয়ের ব্যবধান বদলে দিতে সক্ষম।
 
সব দিক মিলিয়ে পিরোজপুর–২ সংসদীয় আসনটি এবার কেবল দলীয় শক্তির পরীক্ষাক্ষেত্র নয়; এটি হয়ে উঠেছে নীরব ভোট, নতুন প্রজন্মের সিদ্ধান্ত এবং সামাজিক বাস্তবতার এক জটিল সমীকরণ। মাঠে সক্রিয় রাজনৈতিক দলগুলোর প্রচারণার বাইরে রয়ে গেছে বড় একটি অংশ—আওয়ামী লীগ সমর্থিত ভোটার, প্রথমবার ভোট দেওয়া শিক্ষিত তরুণ, সংখ্যালঘু জনগোষ্ঠী ও বিপুল নারী ভোটার—যাদের সম্মিলিত সিদ্ধান্ত যে কোনো মুহূর্তে নির্বাচনের গতিপথ বদলে দিতে পারে। শেষ পর্যন্ত পিরোজপুর–২–এ জয় নির্ধারিত হবে কেবল স্লোগান বা শক্তি প্রদর্শনে নয়, বরং ভোটারদের নীরব মনোভাব, শেষ মুহূর্তের আস্থা এবং বিশ্বাসযোগ্য নেতৃত্বের প্রতি ঝোঁকের মধ্য দিয়েই।

আরমান / আরমান

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন