ঢাকা রবিবার, ১৭ মে, ২০২৬

ঈদে আবারও মুখর হবে পর্যটন নগরী মৌলভীবাজার


রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল) photo রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল)
প্রকাশিত: ১৭-৩-২০২৬ বিকাল ৫:৫৯

রমজান মাসজুড়ে পর্যটকশূন্য থাকার পর আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ছুটিকে ঘিরে আবারও প্রাণচাঞ্চল্যে ভরতে যাচ্ছে চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজার। পরিবার-পরিজন নিয়ে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের আগমনের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। ইতোমধ্যে জেলার হোটেল ও রিসোর্টগুলোর প্রায় ৮০ শতাংশ কক্ষ আগাম বুকিং হয়ে গেছে।
পর্যটন সংশ্লিষ্টরা জানান, ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা ছুটি থাকায় ভ্রমণপ্রেমীদের গন্তব্য এখন মৌলভীবাজার। জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ এলাকায় সবচেয়ে বেশি পর্যটক ভ্রমণ ও রাত্রিযাপনের জন্য আসেন।
প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মৌলভীবাজার দীর্ঘদিন ধরেই দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। জেলার উঁচু-নিচু সবুজ চা বাগান, লাউয়াছড়া জাতীয় উদ্যান, বাইক্কা বিল, মাধবপুর লেক, মাধবকুণ্ড ও হামহাম জলপ্রপাত, হাকালুকি হাওর, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট, নীলকণ্ঠ টি কেবিন, মণিপুরী পল্লি ও খাসিয়া পুঞ্জিসহ অসংখ্য দর্শনীয় স্থান প্রতি বছর হাজারো পর্যটককে আকর্ষণ করে।
এ ছাড়া মনু ব্যারেজ, শান্তিভাগ ওয়াকওয়ে, বর্ষিজোড়া ইকোপার্ক, হজরত শাহ মোস্তফা (রহ.)–এর মাজার, শমসেরনগর গলফ মাঠ, আদমপুর বনবিট, পদ্মছড়া চা বাগান লেক, দার্জিলিং টিলা, টি মিউজিয়াম, ভাড়াউড়া চা বাগান লেক, লাল টিলা, গরম টিলা, কমলা রানির দীঘি, পৃথিমপাশা নবাববাড়ি ও জুড়ীর কাশ্মির টিলাসহ আরও অনেক স্থান পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু।
শ্রীমঙ্গলের ফেয়ার্স উডস রিসোর্টের ম্যানেজার মেহেদী হাসান জানান, ঈদ উপলক্ষে রিসোর্টের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পর্যটকদের জন্য ২৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে এবং নতুন দুটি কক্ষ সংযোজন করা হয়েছে। ২৩ থেকে ২৭ মার্চ পর্যন্ত প্রায় সব কক্ষই বুকিং হয়ে গেছে।
ট্যুর গাইড পংকজ ভট্টাচার্য বলেন, সম্ভাব্য পর্যটক আগমনকে সামনে রেখে তারাও প্রস্তুত। বিদেশি পর্যটকের উপস্থিতি তুলনামূলক কম হলেও দেশি পর্যটকদের কারণে হোটেল-রিসোর্টগুলো ভালো সাড়া পাচ্ছে।
শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার সভাপতি ও গ্র্যান্ড সেলিম রিসোর্টের স্বত্বাধিকারী সেলিম আহমেদ বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির কিছু প্রভাব থাকলেও ঈদকে কেন্দ্র করে ভালো পর্যটক সমাগমের আশা করা হচ্ছে। ইতোমধ্যে ৪০ থেকে ৬০ শতাংশ বুকিং সম্পন্ন হয়েছে এবং ঈদের পরদিন থেকেই পর্যটকের চাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
রামনগরের মণিপুরী পাড়ার ‘নিরব মণিপুরী হ্যান্ডিক্রাফট’-এর স্বত্বাধিকারী নৃপেন কুমার বলেন, রমজানে ব্যবসা কম থাকলেও ঈদের ছুটিতে তা পুষিয়ে নেওয়ার আশা করছেন তারা। নতুন সংগ্রহে রয়েছে মণিপুরী শাড়ি, থ্রি-পিস, চাদর ও নকশিকাঁথাসহ বিভিন্ন তাঁতের পোশাক।
গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফের জেনারেল ম্যানেজার আরমান খান জানান, ঈদ উপলক্ষে তাদের প্রস্তুতি প্রায় শেষ এবং বুকিং প্রায় শতভাগ পূর্ণ। দেশি পর্যটকদের উপস্থিতিই বেশি থাকবে বলে আশা করছেন তিনি।
ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল-কমলগঞ্জ জোনের ওসি মো. কামরুল হোসেন চৌধুরী বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভিন্ন স্পটে টহল জোরদার করা হবে এবং প্রশাসন, পুলিশ, র‍্যাব ও বিজিবি সমন্বিতভাবে কাজ করবে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল বলেন, পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বা হয়রানির অভিযোগ প্রমাণিত হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। হোটেল ভাড়া ও খাবারের দাম নিয়ন্ত্রণে নিয়মিত তদারকি থাকবে।
সব মিলিয়ে ঈদের ছুটিকে ঘিরে আবারও প্রাণ ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছে চা বাগান, পাহাড় ও হাওরে ঘেরা পর্যটন জেলা মৌলভীবাজার। প্রশাসনের প্রস্তুতি ও নজরদারির ফলে এবারের ঈদে পর্যটকরা নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণ উপভোগ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে গলাকাটা মরদেহ উদ্ধার

নবীগঞ্জে দিনদুপুরে পিস্তল ও রামদা দেখিয়ে একই দিনে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই

‎কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু

যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড

কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

পাঁচবিবিতে হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

রাঙ্গামাটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেল ৩৮ জন যাত্রী

গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

‎কুতুবদিয়ায় একদিনেই পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পাঁচবিবিতে বোর ধান চাল সংগ্রহের উদ্বোধন

পূর্বধলায় আলোচিত ধর্ষণকাণ্ড: ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়াল পুলিশ ও জনপ্রতিনিধিরা