ঢাকা শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

অন্তঃসত্ত্বার পেটে লাথি, মৃত সন্তান প্রসব


মোহাম্মদ আনোয়ার photo মোহাম্মদ আনোয়ার
প্রকাশিত: ২৮-৩-২০২৬ দুপুর ১:৩৭

নেত্রকোনার মোহনগঞ্জে গরু লুটের সময় বাধা দেওয়ায় ৯ মাসের অন্তঃসত্ত্বা এক নারীর পেটে লাথি মারার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। লাথির দেওয়ার পর পেটে তীব্র ব্যথা শুরু হলে কিছুক্ষণের মধ্যে মৃত কন্যা সন্তান প্রসব করেন ওই নারী। পরে তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরিবার ও আশপাশের লোকজন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ৬ নম্বর সুয়াইর ইউনিয়নের হাটনাইয়া আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী গৃহবধূর নাম রোকেয়া আক্তার (৩৮)। তিনি উপজেলার হাটনাইয়া আলীপুর গ্রামের ওলিউল্লার স্ত্রী। আগামী এপ্রিল মাসের ১৫ তারিখ রোকেয়ার স্বাভাবিক ডেলিভারি হওয়ার কথা ছিল।

এ ঘটনায় শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় ভুক্তভোগী নারীর স্বামীর ভাতিজা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।

এতে একই গ্রামের আংগুর মিয়া (৩২), রফিকুল ইসলাম (৩৩), তরিকুল মিয়া (৩৫), আনসার মিয়া (২২) ও মজিবর মিয়াসহ (৫০) নয় জনের নামউল্লেখসহ অজ্ঞাত আরও বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ মার্চ ওলিউল্লার ভাগ্নের হাঁস নেমে আংগুর মিয়ার ডোবার পানি ঘোলা করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। সংঘর্ষের সময় আংগুর মিয়ার লোকজন হাঁস লুট করে নিয়ে যায়। পরে এ ঘটনায় আংগুর মিয়ার পক্ষ থেকে করা মামলায় ওলিউল্লাহসহ তার পরিবার ও আত্মীয়দের আসামি করা হয়। এরপর থেকে ওলিউল্লার পরিবারের পুরুষ মানুষ বাড়ি ছেড়ে পালিয়ে থাকেন পুলিশের ভয়ে। বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে ওলিউল্লার বাড়িতে পুলিশ গিয়ে তাদের ধরতে অভিযান চালায়। কাউকে না পেয়ে পুলিশ চলে আসে। পরে রাত সাড়ে ৩টার দিকে আংগুর মিয়াসহ ১৫-২০ জন ওলিউল্লার বাড়িতে হামলা চালায় এবং গরু লুট করার চেষ্টা করে। তবে পুরুষ মানুষ না থাকায় ওলিউল্লার ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রোকেয়া গরু লুটে তাদের বাধা দেয়। এসময় আংগুর মিয়া ক্ষিপ্ত হয়ে রোকেয়ার পেটে লাথি মারে। অন্যরাও তাকে কিল ঘুঁষি মেরে আহত করে। ওই সময়ই পেটের তীব্র ব্যথায় চিৎকার শুরু করেন রোকেয়া। এতে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এর কয়েক ঘণ্টা পর মৃত সন্তান প্রসব করেন রোকেয়া। পরে মা ও নবজাতককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে নবজাতককে মৃত ঘোষণা করেন। আর রোকেয়াকে ভর্তি করে চিকিৎসা দেন।

ওলিউল্লাহ বলেন, এটি একটি পরিকল্পিত হত্যা। আমি এর বিচার চাই। এরআগে ওরা আমাদের হাঁস লুট করেছে। পিটিয়ে জখম করে উল্টো মিথ্যা মামলায় আসামি করেছে। আমাদের পালিয়ে থাকার সুযোগে গভীর রাতে বাড়িতে গিয়ে হামলা করে গোয়ালের গরুগুলো লুট করতে গিয়েছে। বাধা দেওয়ায় আমার অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি মেরে গর্ভের সন্তানকে হত্যা করেছে।

ভুক্তভোগী রোকেয়ার বড় বোন রুয়েলা আক্তার বলেন, গভীর রাতে বাড়িতে অতর্কিত হামলা চালায় আংগুর মিয়াসহ বেশ কয়েকজন। গেয়ালে গিয়ে গরুগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। বাড়িতে পুরুষ মানুষ না থাকায় রোকেয়া গিয়ে বাধা দেয়। এসময় তারা রোকেয়ার পেটে জোরে লাথি মারে এবং কিল ঘুঁষি দেয়। লাথি দেওয়ায় পেটে তীব্র ব্যথা শুরু হয়। এত রাতে আর তাকে হাসাপাতালে নিয়ে যেতে পারিনি, গাড়িও পাইনি। ভোরে প্রতিবেশী একজন ধাত্রীকে নিয়ে আসি। সকালে মৃত বাচ্চা প্রসব হয়। পরে মা ও নবজাতককে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। আগামী এপ্রিল মাসের ১৫ তারিখ স্বাভাবিক ডেলিভারি হওয়ার কথা ছিল রোকেয়ার। আমরা এর বিচার চাই।

এ বিষয়ে জানতে আংগুর মিয়া ও অন্যদের কাউকে পাওয়া যায়নি। ঘটনার পরপর অভিযুক্তরা গা ঢাকা দিয়েছেন।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এদিকে ঘটনা সুষ্ঠু তদন্তের স্বার্থে বিকেলে সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় নবজাতকের বাবা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগটি আমলে নিয়ে মামলা রেকর্ড করা হচ্ছে। ঘটনা তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন