কাগজেই সীমাবদ্ধ ইসলামিক ফাউন্ডেশন এর শিক্ষা কার্যক্রম: নামসর্বস্ব কেন্দ্রে অপচয় হচ্ছে রাষ্ট্রের টাকা
নওগাঁ জেলার রাণীনগর উপজেলায় ইসলামিক ফাউন্ডেশন কাগজে কলমে শিক্ষা কেন্দ্রের নাম দেওয়া থাকলেও নেই শিক্ষার্থী, নেই পাঠদানের সঠিক কার্যক্রম।
নারী শিক্ষক মোছা: নুসরাত জাহান সূচি। তিনি কালিগ্রাম ইউনিয়নের খানপুকুর আমগ্রাম জামে মসজিদ কেন্দ্রে শিক্ষকতা করেন। তবে সেখানে পাওয়া যায়নি শিক্ষা কার্যক্রমের কোনো অস্তিত্ব। আবার নিয়মিত উপস্থিত থাকেন না সমন্বয় মিটিংয়ে। তারপরও বেতন তুলে খাচ্ছেন মাসের পর মাস।
উপজেলার লোহাচুড়া পশ্চিম পাড়া, কাচারী। যেখানে শিক্ষক হিসেবে দায়িত্বে আছেন মোছা: কাজল রেখা নামের এক নারী। তবে নির্দিষ্ট কেন্দ্রে পাঠদানের কথা থাকলেও সেখানে তিনি না পড়িয়ে পড়াচ্ছেন একটি ব্যক্তিগত বাড়িতে। সেই বাড়িতে ঢুকতেই চোখে পড়বে উপরে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সাইন বোর্ড এবং নিচে হাঁস-মুরগী ও ছাগল পালনের দৃশ্য। প্রাক-প্রাথমিকের এই কেন্দ্রে ৩০জন শিক্ষার্থী থাকার কথা থাকলেও বাড়ির একটি রুমে ৭-৮জন শিশুকে শিক্ষা দিচ্ছেন কাজল রেখা। তাও আবার নিজের বসত বাড়িতে। যেটা পুরোপুরি নিয়মবহির্ভূত।
এভাবেই পরিচালিত হচ্ছে নওগাঁর রাণীনগর উপজেলায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে মসজিদ ভিত্তিক এই শিক্ষা কার্যক্রম পরিচালিত করছে ইসলামিক ফাউন্ডেশন। অভিযোগ ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মোহাম্মদ মুসার অবহেলা ও স্বেচ্ছাচারিতায় পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রমে অনিয়ম, অব্যবস্থাপনা, পক্ষপাতমূলক আচরণসহ দুর্নীতির বেড়াজালে পড়ে কার্যক্রম ভেস্তে পড়ার উপক্রম হয়েছে। আর এসব অনিময়-দুর্নীতির বেড়াজালে জড়িয়ে পড়ায় সরকারের গুরুত্বপূর্ণ ধর্মীয় এই শিক্ষা প্রকল্পটি উদ্দেশ্যহীন হয়ে পড়েছে। পাশাপাশি রাষ্ট্রের বিপুল অর্থ অপচয় ও লোপাট হচ্ছে বলে সচেতন মহল দাবি তুলেছেন। এদিকে জেলার দায়িত্বশীল কর্মকর্তার সঠিক তদারকির অভবে দিন দিন ফিল্ড সুপার ভাইজার মুসার অনিয়মের মাত্রা বেড়ে গেছে বলে অভিযোগ করেন একাধিক শিক্ষকসহ স্থানীয়রা।
অভিযোগ ওঠা মোহাম্মদ মুসা ইসলামিক ফাউন্ডেশনের রাণীনগর উপজেলায় ফিল্ড সুপার ভাইজার হিসেবে দায়িত্বে আছেন। আর শিক্ষক মোছা: নুসরাত জাহান সূচি মুসার স্ত্রী এবং কাজল রেখা তাঁর শ্বাশুড়ি। তবে কাজল রেখা মুসার আগেই এখানে চাকরি শুরু করেন।
সরজমিনে বড়গাছা ইউনিয়নের মালশন বড়পুকুরিয়া বাজার জামে মসজিদ, জয়সার জামে মসজিদ, টংকুড়ি আমজাদ হোসেন টিয়ার কাচারী নামক মসজিদ ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখা যায় হতাশাজনক চিত্র। ৩০-৩৫ জন শিক্ষার্থী উপস্থিতি থাকা বাধ্যতামূলক হলেও সেখানে মাত্র ১০-১৬ জনের উপস্থিতি লক্ষ্য করা গেছে। কাগজে-কলমে পরিবেশসম্মত অবকাঠামোর বর্ণনা থাকলেও বাস্তবে এর চিত্র ঠিক উল্টো। মাটির ঘরের বারান্দায় জরাজীর্ণ একটি ছোট জায়গায় চলছে শিক্ষার্থীদের পাঠদান।
বড়পুকুরিয়া জামে মসজিদের কেন্দ্র পরিচালনা করেন রাবেয়া বসরী নামের এক নারী শিক্ষক। তার কেন্দ্রের নিয়মনীতি ও নথিপত্র অনুযায়ী সভাপতি হিসেবে যার নাম কাগজে-কলমে নথিভুক্ত, খোদ তিনিই জানেন না যে তিনি এই প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করছেন।
ঠিক একই চিত্র জয়সার জামে মসজিদ কেন্দ্রের। ওই কেন্দ্রের কাগজে-কলমে সভাপতি বাংলাদেশে থাকলেও বাস্তবে তিনি ৬ বছর ধরে প্রবাসে। কাজেই সভাপতির উপস্থিতিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ বা শিক্ষা কেন্দ্র পরিচালনা করার নিয়ম থাকলেও এখানে সবকিছুই চলছে 'অদৃশ্য' নির্দেশে।
অর্থাৎ পুরো উপজেলার ধর্মীয় এই শিক্ষা কেন্দ্রগুলো চলছে আবু মুসার তত্ত্বাবধানে। সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে অনিয়ম ও প্রতারণার আশ্রয়ের ভয়াবহ চিত্র দেখা যায়।
কোথাও কেন্দ্রের বর্তমানে কোনো অস্তিত্ব নেই। কোথাও মাঝে মধ্যে শিক্ষার্থী এনে কেন্দ্র চালানো হতো। কোথাও চলছে কম শিক্ষার্থী নিয়ে। আবার কোথাও কোথাও ইচ্ছে মতো কেন্দ্র পরিবর্তন করে পাঠদান করানো হচ্ছে। কাগজ কলমে এইসব শিক্ষা কেন্দ্র গুলো দেখানো হলেও বাস্তবে শিক্ষা কার্যক্রম ও অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।
অথচ সরকারি নিয়ম অনুযায়ী প্রতিটি কেন্দ্রে শতকরা ৬০ শতাংশ শিক্ষার্থী না থাকলে সেই কেন্দ্র চলার অনুপযোগী। কিন্তু আবু মুসার অধীনে থাকা বেশ কিছু কেন্দ্রের বাস্তবতা উল্টো। প্রাক-প্রাথমিক কেন্দ্রে ৩০ জন, সহজ কুরআন শিক্ষা কার্যক্রমে ৩৫ জন ও বয়স্ক শিক্ষা কার্যক্রমে ২৫ জন শিক্ষার্থী থাকার কথা। বাস্তবে অনেক কেন্দ্রে ১০ জনের নিচে শিক্ষার্থী নিয়ে শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে। এছাড়া বিগত বছরের পুরাতন শিক্ষার্থী এনে হাজিরা খাতায় উপস্থিত দেখানো হয়। আর এভাবেই অনেক কেন্দ্রে শিক্ষার্থীদের ভুয়া উপস্থিতির গড় হাজিরা দেখিয়ে এবং কাগজপত্রে কেন্দ্র সচল দেখিয়ে নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করে সরকারের অর্থ লোপাট করার অভিযোগে পাওয়া গেছে।
এছাড়া সহজ কুরআন শিক্ষা কেন্দ্র সকাল ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত এবং সকাল ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত প্রাক প্রাথমিক কেন্দ্রে শিশুদের পাঠদান করানোর কথা । কিন্তু যে যার ইচ্ছে মতো শিক্ষা কেন্দ্র গুলো পরিচালনা করছে, যেন দেখার কেউ নেই।
এদিকে চলতি বছরের কর্মরত শিক্ষক ও কেন্দ্রের নামের একটি লিস্ট আসে এই প্রতিবেদকের হাতে। গত বছরগুলোতে নুসরাত জাহান সূচি আমগ্রাম জামে মসজিদ কেন্দ্রের শিক্ষক হিসেবে চাকরি করলেও এই বছর তার নামের পাশে খট্রেশ্বর ইউনিয়নের আসমাইল হাজ্বীর কাচারী নামক কেন্দ্র দেখানো হয়েছে। এখানেও কেন্দ্রের অবস্থা একই। গত তিন বছর থেকে নেই কেন্দ্রের কার্যক্রম। অপরদিকে আসমাইল হাজীর কাচারি কেন্দ্রটি খট্টেশ্বর ইউনিয়নে দেখানো হলেও বাস্তবে ওই কেন্দ্রের অবস্থান কাশিমপুর ইউনিয়নে। সরজমিনে ওই কেন্দ্রে গেলে জানা যায় আরও তিন বছর আগে কেন্দ্রের শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
আমগ্রামের স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, তিন বছর আগে এখানে মসজিদ ভিত্তিক স্কুল ছিল এবং পড়াশোনা হতো। কিন্তু এখন আর ওই কেন্দ্রের কোনো কার্যক্রম নেই, নেই কোনো অস্তিত্ব।
আসমাইল হাজ্বীর কাচারী কেন্দ্রের একজন সাবেক শিক্ষার্থীর মা মোছা: মর্জিনা বেগম বলেন, এখানকার শিক্ষার কার্যক্রম আরও তিন বছর আগে বন্ধ হয়ে গেছে। আমার ছেলে এখানে পড়তো। কিন্তু হঠাৎ হুজুর আসা বন্ধ করে দেয়। তারপরে দেখি এখানে আর কেউ আসে না।
জানার জন্য ফোন দিলে রিসিভ করে কথা বলেননি শিক্ষক মোছা: নুসরাত জাহান সূচি। আবার ফোন দিলে কেটে দেন অপর প্রান্ত থেকে।
শিক্ষক কাজল রেখা মুঠোফোনে বলেন, পাশেই একটা ব্রাক স্কুল ছিল। সেখানেই চাকরি করতাম। পরে ২০১৪সালে ইসলামি ফাউন্ডেশনের চাকরিতে যোগদান করে সেখানেই কেন্দ্র করা হয়। কিন্তু কাজ চলার কারণে গত একবছর থেকে বাড়িতে পড়ানো হচ্ছে। বর্তমানে নতুন ২৬ ও পুরাতন ৪জন শিক্ষার্থী আছে। ঈদের ছুটির পর একদিন ৭-৮জন শিক্ষার্থী উপস্থিত হয়েছিল। তাছাড়া প্রতিদিন প্রায় ১৬-১৭ এমনকি ২০জনও উপস্থিত থাকে। আমার একটা সুনাম আছে। এবং আমি প্রতি মাসিক সমন্বয় মিটিংএ উপস্থিত থাকি। অল্পদিনের মধ্যে এখান থেকে আমি অন্য জায়গায় চলে যাবো।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষকসহ অনেকে অভিযোগের সুরে বলছেন, নওগাঁ জেলার সংশ্লিষ্ট অফিসারের সঠিক তদারকি না থাকার কারণে ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ আবু মুসার স্বেচ্ছাচারিতা, দায়িত্বে অবহেলা দিন দিন বেড়ে গেছে। আর তিনি নিয়মনীতির তোয়াক্কা না করার কারণেই এমন পরিস্থিতিতে চলছে সরকারের নেওয়া গুরুত্বপূর্ণ ধর্মীয় এই শিক্ষা কার্যক্রম। ফলে এই প্রকল্পের সুফল থেকে বঞ্চিত হচ্ছে গ্রামীণ জনপদের শিক্ষার্থীরা। আর মাসের পর মাস এমনকি বছরের পর বছর ধরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি চলে আসছে।
এ বিষয়ে উপজেলার সচেতন মহল নিরপেক্ষ কমিটি গঠনের মাধ্যমে দ্রুত তদন্ত করে ফাউন্ডেশনের সুপার ভাইজার আবু মুসাসহ জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
বিভিন্ন অভিযোগের বিষয়ে জানতে চাইলে রাণীনগর উপজেলার ফিল্ড সুপার ভাইজার মোহাম্মদ মুসা মুঠোফোনে বলেন, আমি ফোনে মন্তব্য করতে বা তথ্য দিতে রাজি না। আপনি অফিসে আসেন। যা জানার জানতে পারবেন।
উপজেলার কেন্দ্রগুলোর তদারকির দায়িত্বে থাকলেও সঠিকভাবে তদারকি করেন না নওগাঁ জেলার ফিল্ড অফিসার মো: তাওফিকুর রহমান। মুঠোফোনে জানতে চাইলে দায়সারা জবাব দিয়ে মোবাইলের সংযোগ কেটে দেন। এবং তিনিও মুঠোফোনে মন্তব্য করতে রাজিনা।
সকল অভিযোগের বিষয়ে জানতে চাইলে নওগাঁর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো: মারুফ রায়হান মুঠোফোনে বলেন, কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যেখানে কেন্দ্র নেই এবং সচল নেই সেগুলোর তথ্য দিলে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বাড়িতে কেন্দ্র করা যাবে তবে সেটা কিছু সময়ের জন্য এবং বাড়ির পাশে আলাদা একটা নির্দিষ্ট স্থানে কেন্দ্র হবে। বাড়ির রুমের মধ্যে করার সুযোগ নেই। তবে আবু মুসার বিরুদ্ধে অভিযোগ শুনতে পেয়েছি। আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব বলেও জানালেন তিনি।
রাণীনগর উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান সকালের সময় কে বলেন, ইসলামিক ফাউণ্ডেশন কর্তৃক পরিচালিত শিক্ষা কেন্দ্রগুলোতে কাম্য সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। বিভিন্ন শিক্ষার্থী ভর্তি হলেও তারা নিয়মিত প্রতিষ্ঠানে আসেন না। বিষয়টি কেন্দ্রের শিক্ষকগণ জানাতে চান না। অনেক ক্ষেত্রে কাম্য সংখ্যক শিক্ষার্থী না পাওয়ায় কেন্দ্র পরিবর্তন করারও প্রয়োজন হয়েছে। তাই বিগত অর্থবছরে থাকা ৮৯টি কেন্দ্র যাচাই করে ৭৪টি কেন্দ্র চলমান রয়েছে।
এমএসএম / এমএসএম
পানির অভাবে দুমকির বোরো মাঠ যেন তপ্ত মরুভূমি, কৃষকের চোখে নোনা জল
লোহাগড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ
ভূরুঙ্গামারীতে উপজেলা পর্যায়ে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা–২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভ্রাম্যমাণ আদালতের অভিযান দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা
বোদায় নির্বাচনী বরাদ্দে প্রাথমিক বিদ্যালয় সংস্কার কাজে ব্যাপক অনিয়ম দূর্নীতি
সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে গজারিয়ায় সাংবাদিক সমাজের মানববন্ধন
অর্ধশত গাড়ি নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচনী মহড়া দেওয়ায় পদ হারালেন ছাত্রদল নেতা
শ্রীমঙ্গলে সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
সুবর্ণচর স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশন (নোসক) এর নতুন দায়িত্বে ফারিয়া ও অপু
বরগুনায় এক কেজি গাজা সহ মাদক কারবারি রিপন গ্রেফতার
রায়পুরে জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
আত্রাইয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা