ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

নেছারাবাদে বিলীন মাঝির নৌকা, নতুন প্রজন্মের কাছে অচেনা সন্ধ্যা নদীতে পালতোলার দৃশ্য


বদরুজ্জামান সুজন, নেছারাবাদ photo বদরুজ্জামান সুজন, নেছারাবাদ
প্রকাশিত: ২০-৪-২০২৬ দুপুর ১:১৫

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী)—নামটি উচ্চারণ করলেই একসময় ভেসে উঠত খাল-বিল আর নদীপথে ভাসমান মাঝির নৌকার সারি। এই জনপদের শত শত বছরের পুরনো ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ ছিল মাঝির নৌকা। তখন বাড়ি থেকে হাট, স্কুল থেকে হাসপাতাল—সব পথই যেন গিয়ে মিশত নদীর ঘাটে।

একসময় এই মাঝির নৌকাকে কেন্দ্র করেই আবর্তিত হতো স্বরূপকাঠীর সামাজিক ও পারিবারিক জীবন। মাঝিদের বৈঠার ছন্দময় শব্দে সন্ধ্যা নদীর বুক চিরে এগিয়ে যেত নৌকা। কখনো জোয়ার-ভাটার টানে ধীরলয়ে, কখনো হাওয়ার জোরে পাল তুলে “শো শো” শব্দে ছুটে চলত দিগন্তের দিকে। জরুরি চিকিৎসার ক্ষেত্রে রোগীদের হাসপাতালে নেওয়ার একমাত্র ভরসা ছিল এই নৌকা। হাতে চালিত নৌকায় দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে অনেক সময় মুমূর্ষু রোগী পথেই মৃত্যুবরণ করতেন। আবার সময়মতো পৌঁছানো না গেলে অনেক ক্ষেত্রে নৌকাতেই জন্ম নিত নতুন প্রাণ—জন্ম-মৃত্যুর এমন অগণিত গল্প আজও মানুষের স্মৃতিতে জীবন্ত।

নেছারাবাদ উপজেলার ইন্দুরহাট, মিয়ারহাট, ছারছিনা, স্বরূপকাঠীসহ প্রতিটি এলাকায় ছিল ব্যস্ত মাঝির ঘাট। ছারছিনা ঘাটে সড়কপথে আসা মানুষ নৌকায় উঠতেন নদী পার হতে, স্বরূপকাঠী হাসপাতাল ঘাটে ছিল রোগী আনা-নেওয়ার ভিড়। মাঝিরা যেমন নৌকা চালনায় নিপুণ ও অভিজ্ঞ ছিলেন, তেমনি দায়িত্ববোধেও ছিলেন অনন্য। ঝড়-তুফান কিংবা শীতের প্রতিকূলতা মাথায় নিয়েই তাঁরা নিরলসভাবে যাত্রী পারাপার করতেন।

কিন্তু সময়ের স্রোত বদলে দিয়েছে সেই চিরচেনা দৃশ্য। সড়ক যোগাযোগের উন্নয়ন, মোটরযানের সহজলভ্যতা এবং ইঞ্জিনচালিত ট্রলারের গতির সঙ্গে পাল্লা দিতে না পেরে মাঝির নৌকা ধীরে ধীরে হারিয়ে গেছে। অনেক খাল ভরাট হয়ে যাওয়ায় নৌকার প্রয়োজনীয়তাও কমে এসেছে। নতুন প্রজন্ম সন্ধ্যা নদীর বুকে এখন আর দেখতে পায় না শত শত মাঝির নৌকার পাল তুলে চলার সেই অপরূপ দৃশ্য। প্রবীণ মাঝি মনোয়ার আলী আক্ষেপ করে বলেন, “একসময় এই পেশার অনেক সম্মান ছিল। এখন আর সেই দিন নাই। নৌকা নাই, কাজ নাই—জীবনটাও বদলাইয়া গেছে।”

স্থানীয়দের বিশ্বাস, সঠিক পরিকল্পনা ও উদ্যোগ নিলে এই ঐতিহ্য আবারও ফিরতে পারে। খাল পুনঃখনন, নৌপথ সংরক্ষণ এবং মাঝিদের জন্য সরকারি সহায়তা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে পাল তোলা নৌকা আবারও স্বরূপকাঠীর পর্যটন সম্ভাবনাকে বিকশিত করতে পারে। নদী এখনও বয়ে চলছে—প্রশ্ন শুধু, সেই নদীতে আবারও কি ফিরবে মাঝির বৈঠার ছন্দ?

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন