ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার প্রশাসক নিয়োগ স্থগিত করে হাইকোর্টের রুল


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ২৪-৪-২০২৬ দুপুর ১:১১

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার প্রশাসক নিয়োগকে স্থগিত করেছে হাইকোর্ট। প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি শেষে আদালত একদিকে সংশ্লিষ্ট বিবাদীদের প্রতি রুল জারি করে জানতে চেয়েছেন কেন এই নিয়োগ বেআইনি ঘোষণা করা হবে না, অন্যদিকে রুলের চূড়ান্ত শুনানি না হওয়া পর্যন্ত প্রশাসক নিয়োগের অফিস আদেশটি আগামী এক মাসের জন্য স্থগিত করেছেন, ফলে আপাতত ওই নিয়োগের কার্যকারিতা স্থগিত থাকবে।

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব মো: আইয়ুব আলী হাওলাদার প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ ও প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে রিট পিটিশন নং-৪১৫৯/২৬ দায়ের করলে গত ২১ এপ্রিল দুপুর ২টায় এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়, যেখানে বাদীপক্ষে ব্যারিস্টার বি এম ইলিয়াস ও ব্যারিস্টার মাহবুবুর রহমান কিশোর শুনানি করেন এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জমিলা মমতাজসহ সহকারী অ্যাটর্নি জেনারেলদের একটি দল রিটের বিরোধিতা করেন।

উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের পর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ২০ নম্বর বেঞ্চের বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত আদালত সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, সহকারী সচিব, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক, উপ-পরিচালক এবং নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে জবাব দিতে নির্দেশ দেন এবং একই সঙ্গে প্রশাসক নিয়োগ স্থগিত রাখেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) হাইকোর্ট বিভাগের আদেশের পূর্ণাঙ্গ কপি হাতে পেয়ে বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী ব্যারিস্টার মাহবুবুর রহমান কিশোর বলেন, আদালতের এই সিদ্ধান্তে তারা সন্তুষ্ট।

জানা যায়, জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর অন্তর কার্যনির্বাহী পরিষদের নির্বাচন হওয়ার কথা থাকায় ২০২৫ সালের ২৫ নভেম্বর নির্বাচন কমিশন গঠনের জন্য সমাজসেবা অধিদপ্তরে আবেদন করা হয় এবং এর প্রেক্ষিতে ২০২৬ সালের ১৫ জানুয়ারি উপ-পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার করে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়, যেখানে সদস্য হিসেবে ছিলেন মো: আব্দুল জব্বার ও মো: জহির উদ্দিন।

নির্বাচন কমিশন সংস্থার সদস্যদের সঙ্গে একাধিক মতবিনিময় সভা করেন এবং ২৬ ফেব্রুয়ারি নির্বাচনী তফসিল ঘোষণা করে ৪ এপ্রিল নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করেন, পাশাপাশি ভোটার তালিকা হালনাগাদ, আচরণবিধি প্রণয়নসহ বিভিন্ন প্রস্তুতিও চলতে থাকে; তবে ৩ মার্চ সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব চলমান একাধিক রিট মামলা ও আপিলের বিষয় উল্লেখ করে নির্বাচনী তফসিল স্থগিত করেন এবং ৫ মার্চ নির্বাচন কমিশনও আনুষ্ঠানিকভাবে নির্বাচন স্থগিতের ঘোষণা দেয়।

এর আগে নির্বাচন নির্ধারিত সময়ে সম্পন্ন করা সম্ভব না হওয়ায় সংস্থার পক্ষ থেকে কার্যনির্বাহী পরিষদের মেয়াদ বৃদ্ধির আবেদন জানানো হয়, যেখানে জাতীয় সংসদ নির্বাচন, পবিত্র রমজান মাস এবং চলমান মামলা-সংক্রান্ত জটিলতার কথা উল্লেখ করা হয় এবং সংস্থার গঠনতন্ত্রের ১৩.২ ধারার আলোকে বলা হয় যে, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বর্তমান কমিটিই দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করবে; কিন্তু এই প্রেক্ষাপট থাকা সত্ত্বেও চলতি বছরের ২৯ মার্চ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহকারী সচিব মো: আহসান হাবিব স্বাক্ষরিত এক আদেশে যুগ্ম সচিব মিজ রোকেয়া বেগমকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং তাকে ১৮০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্নসহ বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়, যা সংস্থার পক্ষ থেকে গঠনতন্ত্রের ১৩.২ ধারা ও প্রযোজ্য আইনের পরিপন্থী বলে অভিযোগ করা হয়।

অভিযোগ রয়েছে, প্রশাসক দায়িত্ব গ্রহণের চেষ্টাকালে সংস্থার কার্যালয়ে প্রবেশকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয় এবং দৃষ্টি প্রতিবন্ধী সদস্যদের সঙ্গে অপ্রীতিকর ঘটনা ঘটে, যার প্রতিবাদে সদস্যরা মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন এবং প্রশাসকের অপসারণ দাবি জানান। পরবর্তীতে সংস্থার পক্ষ থেকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব বরাবর আবেদন করেও সমাধান না পেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়, যেখানে উল্লেখ করা হয় যে ১৯৬১ সালের স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা সম্পর্কিত অধ্যাদেশ এবং সংস্থার নিজস্ব গঠনতন্ত্র লঙ্ঘন করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

সর্বশেষ আদালতের আদেশে স্পষ্ট হয়েছে যে, বিষয়টি এখন বিচারাধীন এবং প্রশাসক নিয়োগের বৈধতা চূড়ান্তভাবে নির্ধারণ না হওয়া পর্যন্ত তা কার্যকর থাকবে না, ফলে সংস্থার নির্বাচন, প্রশাসনিক কাঠামো ও ভবিষ্যৎ কার্যক্রম এখন পুরোপুরি আদালতের পরবর্তী নির্দেশনার ওপর নির্ভরশীল।

এমএসএম / এমএসএম

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন

বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা