পূর্বধলায় এমপি মাছুম মোস্তফাকে লক্ষ্য করে হামলা: আবু তাহের তালুকদারসহ ৬০ জনের বিরুদ্ধে মামলা, আটক ৯
নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী নেতা মাছুম মোস্তফাকে অবরুদ্ধ করা এবং তাঁর গাড়ি ভাঙচুরের ঘটনায় পূর্বধলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া ২টার দিকে এমপির ব্যক্তিগত সহকারী মো. আল আমিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবু তাহের তালুকদারকে প্রধান আসামি করে ৬০ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।
মামলা দায়েরের পর রাতেই পুলিশ অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার করেছে। নেত্রকোনা জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের মধ্যে মামলার ২০ নম্বর আসামি মো. খায়রুল ইসলাম রয়েছেন। বাকি ৮ জনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
প্রত্যক্ষদর্শী ও এজাহার সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকেলে একটি মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে উপজেলা সদরে ফেরার পথে সন্ধ্যায় আতকাপাড়া গিরিপথ ফিলিং স্টেশনে মাগরিবের নামাজ আদায়ের জন্য নামেন এমপি মাছুম মোস্তফা।
এ সময় ১৫-২০টি মোটরসাইকেলে করে আসা একদল যুবক ফিলিং স্টেশনে হট্টগোল শুরু করে এবং এমপির ব্যক্তিগত গাড়িটি ভাঙচুর করে। নামাজ শেষে বের হওয়ার সময় এমপিকে ধাওয়া করে অবরুদ্ধ করে রাখা হয়।
পরবর্তীতে প্রায় এক ঘণ্টা পর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক বাবুল আলম তালুকদার এবং অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এমপিকে উদ্ধার করে।
এ ঘটনার পর এক সংবাদ সম্মেলনে সংসদ সদস্য মাছুম মোস্তফা দাবি করেন, “আমাকে হত্যার উদ্দেশ্যেই বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছে।”
অন্যদিকে মামলার প্রধান আসামি উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদার অভিযোগ অস্বীকার করে বলেন,
“ঘটনার সময় আমি ঢাকায় ছিলাম। খবর পেয়ে আমাদের দলের যুগ্ম আহ্বায়ক বাবুল আলম তালুকদারকে পাঠিয়ে পরিস্থিতি সামাল দিয়েছি। অথচ ষড়যন্ত্রমূলকভাবে আমাকে ও আমাদের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমরা এই প্রতিহিংসার রাজনীতির তীব্র নিন্দা জানাই।”
উল্লেখ্য, গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাছুম মোস্তফা জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে জয়ী হন। অপরদিকে আবু তাহের তালুকদার ধানের শীষ প্রতীকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন।
এমএসএম / এমএসএম
সেই তহশীলদারের বদলি: রেজিস্ট্রার খাতার পাতা ছেঁড়ার পেছনে রহস্য কি?
জুড়ীতে কৃষকদের মাঝে বীজ ও গাছের চারা বিতরণ করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ
আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা
সাভারে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
এসিল্যান্ড শিবু দাশের উদ্যোগে ঘরে ফিরলেন বৃদ্ধা আদরজান
মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন সহকারী কমিশনার ভূমি প্রতিক দত্ত
জয়পুরহাটে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ
নেত্রকোণায় দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত
কিশোরগঞ্জ ইকোনমিক জোন দ্রুত চালুর দাবিতে কালিয়াচাপড়ায় এলাকাবাসীর মানববন্ধন
লাকসামে বিনামূল্যে কার্য (চাল) ও ত্রাণ কার্য (নগদ) অর্থের চেক বিতরণ অনুষ্ঠিত
৪ জুলাই থেকে ৫ আগস্টের হত্যাকাণ্ডের বিচার দাবিতে দাউদকান্দিতে বিবৃতি
বারহাট্টায় ‘আমার গ্রাম আমার শহর’ প্রকল্পে টয়লেট নির্মাণে ব্যাপক অনিয়ম, উদ্বোধনের আগেই ফাটল