ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

পাঁচ গ্রামের মানুষের চলাচলের ভরসা বাঁশের সাঁকো,


মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি photo মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৪-২০২৬ দুপুর ১:৪৬

কুমিল্লার মুরাদনগর উপজেলার বি-চাপিতলা গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের নাম একটি জরাজীর্ণ বাঁশের সাঁকো। পাঁচটি গ্রামের হাজারো মানুষের নিত্যদিনের চলাচলের একমাত্র ভরসা এই সাঁকোটি এখন এলাকাবাসীর জন্য যেন এক অনিশ্চিত ঝুঁকির প্রতীক হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের দাবি, আধুনিক উন্নয়নের ছোঁয়া উপজেলার বিভিন্ন এলাকায় পৌঁছালেও বি-চাপিতলা ও আশপাশের কয়েকটি গ্রাম এখনো রয়ে গেছে চরম অবহেলায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বি-চাপিতলা বিলের ওপর নির্মিত বাঁশের এই সাঁকো দিয়েই বি-চাপিতলা, রোয়াচালা, পেন্নাই, কুরুনডি, চুলুরিয়া ও আশপাশের গ্রামের মানুষ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। শিক্ষার্থী, কৃষক, নারী, শিশু ও বৃদ্ধসহ সব শ্রেণি-পেশার মানুষকে প্রতিনিয়ত এই সাঁকো ব্যবহার করতে হয়। সামান্য বৃষ্টি কিংবা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাঁকোটি আরও বেশি বিপজ্জনক হয়ে ওঠে, ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার শঙ্কা বাড়ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুরাদনগরের অন্যতম বৃহৎ ফসলি জমি হিসেবে পরিচিত বি-চাপিতলা বিলে প্রায় ৩০০ একর কৃষিজমি রয়েছে। এই বিস্তীর্ণ জমিতে বছরে বিপুল পরিমাণ ধান, সরিষা, ধনিয়া ও ভুট্টাসহ বিভিন্ন ধরনের ফসল উৎপাদিত হয়। বিশেষ করে উপজেলার অন্যতম বেশি ভুট্টা চাষ হয় এই বিলে। কিন্তু উৎপাদিত ফসল ঘরে তুলতে কৃষকদের একমাত্র অবলম্বন এই বাঁশের সাঁকো, যা দিয়ে কৃষিপণ্য পরিবহনে চরম দুর্ভোগ পোহাতে হয়। প্রতিকূল আবহাওয়ার কারণে সময়মতো ফসল ঘরে তুলতে না পেরে অনেক কৃষক আর্থিক ক্ষতির মুখে পড়েন।

স্থানীয় কৃষাণী আলেখা বলেন, “প্রতিদিন আমাদের এইখান দিয়া গরু-ছাগল লইয়া যাতায়াত করতে অনেক কষ্ট হয়। একটা ব্রিজ হইলে আমগো অনেক উপকার হইতো। সরকার যেন আমাগো জন্য একটা ব্রিজ করে দেয়।”

কৃষক আসাদুল বলেন, “প্রতি বছর এই বিলে কোটি টাকার ফসল হয়। কিন্তু যাতায়াত সমস্যার কারণে অনেক ফসল নষ্ট হয়। একটি ব্রিজ থাকলে লাখ লাখ টাকার ক্ষতি থেকে আমরা বাঁচতাম।”

এলাকাবাসীর দাবি, দ্রুত একটি পাকা সেতু বা কালভার্ট নির্মাণ করা হলে শুধু পাঁচ গ্রামের মানুষের যাতায়াত সহজ হবে না, কৃষি অর্থনীতিতেও আসবে বড় পরিবর্তন। শিক্ষার্থী, রোগী ও কৃষিপণ্য পরিবহনে তৈরি হবে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী ফয়সাল বাড়ী পূর্ণ বলেন, “এ বিষয়ে এখন পর্যন্ত আমি কোনো লিখিত অভিযোগ পাইনি। যেহেতু বিষয়টি আপনার মাধ্যমে জানতে পেরেছি, অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে বছরের পর বছর ধরে চলা এই জনদুর্ভোগের স্থায়ী সমাধান করবে।

এমএসএম / এমএসএম

নরসিংদীতে জেলা প্রশাসকের আকস্মিক বিদ্যালয় পরিদর্শন

রোমে স্ত্রী-কন্যাসহ নোয়াখালীর বাবুলকে হত্যা, দেশে এলো ৩ মরদেহ

শরণখোলায় কেরাম খেলার নামে জমজমাট জুয়ার আসর

বারহাট্টায় জুয়ার আসর থেকে ২ ইউপি সদস্যসহ গ্রেফতার ৫

মনপুরায় ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত যুবক পলাতক

মেহেরপুরে ফেন্সিডিল রাখার অভিযোগে মোনতাজের ১০ বছর সশ্রম কারাদণ্ড

কালিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৭

হাজীগঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

ভূরুঙ্গামারীতে জেলা প্রশাসকের শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ ও সরকারি দপ্তর পরিদর্শন

রায়গঞ্জের চান্দাইকোনায় এশিয়ান হসপিটালের উদ্বোধন করলেন এমপি আয়নুল হক

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৬

চট্টগ্রামে গ্যাস না পেয়ে সড়ক অবরোধ বিক্ষুব্ধ চালকদের

নেত্রকোণার মদনে শিক্ষিকাকে মারধরের ঘটনায় তদন্তে সত্যতা পাওয়ায় প্রধান শিক্ষক  বরখাস্ত