অবহেলায় জর্জরিত রাজারহাট রেলস্টেশন চরম ভোগান্তিতে যাত্রী সহ এলাকাবাসী
কুড়িগ্রামের রাজারহাট রেলস্টেশন এখন আর যাত্রী সেবার কেন্দ্র নয়, বরং পরিণত হয়েছে ময়লা আবর্জনার ভাগাড়ে। স্টেশন ভবনের চারপাশে জমে থাকা নোংরা পানি, কচু-কচুরিপানা ও আবর্জনার স্তুপ থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। এতে চরম ভোগান্তিতে পড়ছেন যাত্রী, পথচারী ও স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, স্টেশন ভবনের দুই পাশের নিচু জায়গায় দীর্ঘদিন ধরে জমে আছে নোংরা পানি। সেখানে জন্মেছে কচু ও কচুরিপানা। এসব পানির সঙ্গে মিশে রয়েছে বাজারের আবর্জনা, যা থেকে ছড়াচ্ছে অসহনীয় দুর্গন্ধ। স্টেশন এলাকায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকাও যেন দুঃসহ হয়ে উঠেছে। সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে পড়ে।
অবকাঠামোগত দিক থেকেও স্টেশনটি রয়েছে চরম অবহেলায়। ভবনের দেয়ালে ফাটল দেখা দিয়েছে, অনেক স্থানে ঢালাই উঠে গেছে, যা যেকোনো সময় দুর্ঘটনার কারণ হতে পারে। যাত্রীদের জন্য নির্ধারিত বিশ্রামাগার ও শৌচাগার দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। একই সঙ্গে ট্রেনে ওঠানামার জন্য কোনো মানসম্মত প্ল্যাটফর্ম না থাকায় বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।
রেল যাত্রী গোলাম রাব্বানী বলেন, স্টেশনের চারপাশে এত দুর্গন্ধ যে, ট্রেনের জন্য অপেক্ষা করাই কষ্টকর।
আরেক যাত্রী জানান, বৃষ্টি হলে হাঁটু পানি জমে থাকে। সেই সঙ্গে দুর্গন্ধে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে রোগবালাই হওয়ার আশঙ্কা থাকে।
স্থানীয় বাসিন্দা কাওসার উদ্দিন সুজন অভিযোগ করে বলেন, স্টেশন এলাকার অনেক নিচু জায়গা ভরাট না থাকায় আশপাশের কচুবাগান ও বাজারের সব ময়লা এখানে ফেলা হয়। শৌচাগার না থাকায় যাত্রীরা আশপাশের বাড়িতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন।
স্টেশন সংলগ্ন চায়ের দোকানদার নুরুল আমিন বলেন, দীর্ঘদিন ধরে স্টেশন এই অবস্থায় পড়ে আছে। মেরামতের জন্য বরাদ্দ এসেছে শুনেছি, কিন্তু এখনো কোনো কাজ শুরু হয়নি।
এ বিষয়ে স্টেশন মাস্টার সুমন জানান,ময়লার দুর্গন্ধে আমরাও অতিষ্ঠ। পরিষ্কার রাখার চেষ্টা করি, কিন্তু স্থানীয়দের অসচেতনতার কারণে রাতে এখানে ময়লা ফেলা হয়। এছাড়া মসজিদের ওজুখানা ও মাছ বাজারের পানি এসে জমে। তিনি আরও বলেন, স্টেশন ভবন সংস্কারের জন্য বরাদ্দ পাওয়া গেছে। প্রাথমিকভাবে দরজা-জানালার কাজ শুরু হবে, এরপর মূল ভবনের সংস্কার করা হবে। প্ল্যাটফর্ম নির্মাণের বিষয়টিও পরিকল্পনায় রয়েছে।
একসময় এলাকার গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র হিসেবে পরিচিত রাজারহাট রেলস্টেশন এখন অবহেলা ও দুর্ভোগের প্রতীকে পরিণত হয়েছে। দ্রুত সংস্কার ও পরিচ্ছন্নতা নিশ্চিত না করলে এটি জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।