ঢাকা সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

যেভাবে ‘শূন্য’ থেকে এশিয়ান গেমসে নারী হকি দল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭-৪-২০২৬ বিকাল ৭:৫৩

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একের পর এক গৌরবোজ্জ্বল সাফল্য বয়ে আনছেন নারী ক্রীড়াবিদরা। এবার সেই সাফল্যের মুকুটে যুক্ত হলো আরও একটি উজ্জ্বল পালক। ইন্দোনেশিয়ার জাকার্তায় এশিয়ান গেমস বাছাইয়ের গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। এর মাধ্যমেই আসন্ন এশিয়ান গেমসের মূল পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করেছেন অর্পিতারা; যা পুরো ক্রীড়াঙ্গনে সৃষ্টি করেছে ব্যাপক আলোড়ন।
ক্রিকেট বাদে বাংলাদেশের অন্যান্য সকল ডিসিপ্লিনের ক্রীড়াবিদদের লক্ষ্যই থাকে এসএ গেমসে অংশগ্রহণ করা এবং পদক জেতা। তবে সাউথ এশিয়ান গেমসে বাংলাদেশ নারী হকি দল এখনো খেলার সুযোগ পায়নি। ২০১৬ সালে ভারতের গুয়াহাটিতে নারী হকি অন্তর্ভুক্ত থাকলেও বাংলাদেশের কোনো দল ছিল না; ফলে অংশগ্রহণ করাও সম্ভব হয়নি। ২০১৯ সালে কাঠমান্ডু-পোখরায় এসএ গেমস অনুষ্ঠিত হলেও সেখানে হকি ডিসিপ্লিনটিই ছিল না। এরপর থেকে এসএ গেমস দীর্ঘসূত্রতার জালে বন্দি হয়ে আছে।
সাধারণত অলিম্পিকের পরই এশিয়ান গেমসকে সবচেয়ে মর্যাদাপূর্ণ বিবেচনা করা হয়। এই এশিয়ান গেমসে অংশগ্রহণের ক্ষেত্রে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন মূলত সাউথ এশিয়ান গেমসের ফলাফল বিশ্লেষণ করে ডিসিপ্লিন নির্ধারণ করে থাকে। তবে নারী হকির ক্ষেত্রে এশিয়ান গেমসে খেলার জন্য আলাদা বাছাই পর্বের নিয়ম রয়েছে। হকি ফেডারেশন এর আগে কখনো এশিয়ান গেমসের বাছাইয়ের জন্য নারী দল গঠন করেনি। এবারই প্রথম তারা বাছাই পর্বে অংশগ্রহণ করেছে এবং প্রথমবারেই বাজিমাত করেছে।
ইন্দোনেশিয়ায় এশিয়ান গেমসের বাছাই টুর্নামেন্টে খেলতে হলে প্রয়োজন প্রায় অর্ধকোটি টাকা। কিন্তু বাংলাদেশ হকি ফেডারেশনে ছিল আর্থিক সীমাবদ্ধতা। এত বিপুল পরিমাণ অর্থ জোগাড় করে টুর্নামেন্টে অংশগ্রহণ করা এক সময় প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। এই খবরে নারী খেলোয়াড়রা হতাশ হয়ে পড়েছিলেন। পরবর্তীতে ফেডারেশন সাধারণ সম্পাদক লে.কর্নেল(অব) রিয়াজুল হাসান সর্বাত্মক চেষ্টা চালান।
ইন্দোনেশিয়ার এই টুর্নামেন্টে খেলার পেছনের সংগ্রাম নিয়ে তিনি বলেন, ‘সত্যিকার অর্থে এক পর্যায়ে আর্থিক কারণেই এই টুর্নামেন্টে খেলার সম্ভাবনা প্রায় শেষ হয়ে গিয়েছিল। পরবর্তীতে সভাপতির অনুপ্রেরণা ও সহযোগিতায় অর্থের বড় একটি অংশ সংগ্রহ হয়। ফেডারেশনের অন্যরাও সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে এসেছেন, যার ফলে আমরা শেষ পর্যন্ত দল পাঠাতে সক্ষম হই।’
এর আগেও অনেক সময় নারী হকি দল গঠনের উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি। এবার সেই সাহস ও আগ্রহ দেখানোর নেপথ্য কারণ সম্পর্কে সাধারণ সম্পাদক বলেন, ‘সম্প্রতি আমরা নারী হকি নিয়ে নিবিড়ভাবে কাজ করেছি। বিশেষ করে ব্র্যাক ব্যাংক ডেভেলপমেন্ট কাপ আয়োজন করেছি। নারী খেলোয়াড়দের উৎসাহ ও সম্ভাবনা দেখেই আমরা আন্তর্জাতিক অঙ্গনে খেলার স্বপ্ন দেখি।’
বাংলাদেশে নারী হকির উদ্যোক্তা তারিকউজ্জামান নান্নু
সাবেক খেলোয়াড় তারিকউজ্জামান নান্নু। ক্রীড়া পরিদপ্তরের সহকারী ক্রীড়া পরিচালক হিসেবে ক্রীড়াঙ্গনে তার পরিচিতি। বাংলাদেশের নারী হকির প্রধান উদ্যোক্তা মূলত নান্নুই। হকি ফেডারেশনের আগেই তিনি ব্যক্তিগতভাবে নারী হকি নিয়ে কাজ শুরু করেন। শুরুর দিনগুলো নান্নু স্মরণ করলেন এভাবে, ‘ক্রীড়া পরিদপ্তর থেকে ঢাকা জেলা ক্রীড়া অফিস ও ঢাকা জেলা ক্রীড়া সংস্থার হয়ে নারী হকির কর্মকাণ্ড শুরু করি। হকি ব্যয়বহুল খেলা, স্টিক-বল দিয়ে খেলোয়াড়দের সহায়তা করার চেষ্টা করা হয়েছে। করোনার সময় অনলাইনেও ক্লাস হয়েছে। বিকেএসপির কোচ কাওসার ভাই সহায়তা করেছেন।’
এক দশক ধরে নিরবিচ্ছিন্নভাবে কাজ করছেন নান্নু। এক যুগ আগেই সিনিয়র দল এশিয়ান গেমসে অংশগ্রহণ করছে এবং প্রথমবারের মতোই। এ নিয়ে নান্নুর প্রতিক্রিয়া, ‘একজন সাবেক খেলোয়াড় ও সংগঠক হিসেবে অত্যন্ত তৃপ্ত। এত দ্রুত সুখস্মৃতি আর হয় না। নারী হকি সম্ভাবনাময়, পরিচর্যা ও সহায়তা পেলে আরও আগেই ভালোকিছু সম্ভব ছিল, সেটা এখন প্রমাণিত।’
সাফল্যের মূলে বিকেএসপি
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) দেশের ক্রীড়াবিদ তৈরির প্রধান কেন্দ্র। ১৯৮৬ সালে ফুটবল ও হকি ডিসিপ্লিন দিয়ে বিকেএসপি তার যাত্রা শুরু করেছিল। তবে দীর্ঘ ৩৪ বছর পর, ২০২০ সাল থেকে সেখানে নারী হকির প্রাতিষ্ঠানিক পথচলা শুরু হয়। বিকেএসপিতে নারী হকির প্রশিক্ষণ শুরুর পরই মূলত বাংলাদেশের হকির আন্তর্জাতিক অঙ্গনে পদার্পণ ত্বরান্বিত হয়। জাকার্তায় এশিয়ান গেমসের বাছাইয়ে অংশ নেওয়া সিনিয়র জাতীয় দলটি মূলত বিকেএসপির খেলোয়াড়দের দিয়েই গঠিত। দলের ১৮ জন খেলোয়াড়ের মধ্যে ১৪ জনই বিকেএসপির বর্তমান শিক্ষার্থী। বাকিদের মধ্যে দুইজন বিকেএসপির সাবেক শিক্ষার্থী এবং অন্য দুইজন বিকেএসপির বাইরের।
বিকেএসপির প্রথম ব্যাচের শিক্ষার্থী ও বিকেএসপির হকি কোচ জাহিদ হোসেন রাজু নারী হকি নিয়ে কাজ করছেন। নারীদের এই সাফল্য নিয়ে তিনি বলেন, ‘এশিয়ান গেমসের বাছাইয়ে অংশ নেয়া অন্য দেশগুলোর চেয়ে বাংলাদেশের মেয়েদের গড় বয়স অনেক কম। এরপরও আমরা সফল হয়েছি, কারণ একতা এবং সমন্বয়। এই মেয়েরা ছয় বছর বিকেএসপিতে এক সঙ্গে বেড়ে উঠছে। তাদের মধ্যে এত সুন্দর বোঝাপড়া এবং সব সময় অনুশীলনে থাকায় এটা হয়েছে। বিকেএসপি পুরুষ হকিতে অনেক অবদান রয়েছে, নারী হকিতেও অবদান রাখছে।’
এশিয়ান গেমসে যাওয়ার ভিত একাধিক জুনিয়র টুর্নামেন্ট
অর্পিতা-কনাদের বয়স বিশ বছরের কম। তারাই খেলছেন সিনিয়র দলে। কারণ সিনিয়র দল গড়ার মতো খেলোয়াড় বাংলাদেশে সেভাবে নেই। এশিয়ান গেমসের বাছাই টুর্নামেন্ট খেলার আগে অবশ্য বাংলাদেশের এই মেয়েরা বিদেশে বয়স ভিত্তিক টুর্নামেন্ট খেলেছে। ২০২১ সালে সিঙ্গাপুরে এএইচএফ অ-২১ টুর্নামেন্টই বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট। এরপর ওমানে ফাইভ-এ সাইড টুর্নামেন্ট খেলেছে বাংলাদেশ। গত বছর এএইচএফ অ-১৮ টুর্নামেন্টে প্রথমবার অংশ নিয়েই ব্রোঞ্জ জয়লাভ করে।

সত্তর দশকের পর নারী হকির লম্বা ছেদ
১৯৭৮-৭৯ সালে নারী হকি দল ছিল। সেই সময় ঢাকায় একটি প্রীতি ম্যাচ খেলার রেকর্ড পাওয়া যায়। নাছিমা নাহার পুতুলসহ আরো কয়েকজন নারী সেই দলে খেলেছিলেন। পরবর্তীতে জাতীয় দল কিংবা নারী টুর্নামেন্ট নিয়ে ফেডারেশন কিংবা এনএসসি সেভাবে মনোযোগ দেয়নি। নারী হকিও আর বিকশিত হয়নি।
সামনে এগিয়ে যাওয়ার পরিকল্পনা
অর্পিতারা বাংলাদেশের নারী হকিতে ইতিহাস করেছেন। তাদের এই সাফল্যে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক, ‘আমরা নারী হকি কাজ শুরু করেছিলাম। এই সাফল্যের পর এখন আরো সাংগঠনিকভাবে কাজ করতে হবে। ব্র্যাংক ব্যাক আমাদের নারী হকির ডেভলপমেন্ট পার্টনার। তাদের সঙ্গে আমরা সামনে নারী হকি নিয়ে আরো টুর্নামেন্ট, ক্যাম্প, আম্পায়ারিং-কোচিং প্রোগ্রাম করব।’

 

Aminur / Aminur

যেভাবে ‘শূন্য’ থেকে এশিয়ান গেমসে নারী হকি দল

জাতীয় দলে আরও ৫-৭ বছর খেলতে চান বিজয়

জিততে হলে রেকর্ড গড়তে হবে বাংলাদেশের

ছিটকে গেলেন নিউজিল্যান্ড অধিনায়ক, টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বিশ্বকাপের আগে নেদারল্যান্ডসে চোটের ধাক্কা

এনজোর গোলে এফএ কাপের ফাইনালে চেলসি

লারার মতো করে সূর্যবংশীকে তৈরির পরামর্শ ব্র্যাথওয়েটের

বাংলাদেশের মতো দলকে হারালে বোনাস নেই, হারলে শাস্তি

ফরম্যাট বদলাতেই ব্যাটিং অর্ডারে পরিবর্তন, সমস্যা দেখেন না লিটন

‘এভাবে আন্তর্জাতিক ক্রিকেটে কাউকে বল করতে দেখিনি’

বাংলাদেশের ২ তারকা ক্রিকেটারকে আইসিসির শাস্তি

সোবহানার ফিফটিতে দুইশ ছাড়ানো সংগ্রহ পেল বাংলাদেশ

এবার ব্যাটিংয়ের সবচেয়ে ভালো পরিবেশ পেয়েছি : কোহলি