ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে তুলে নেওয়ার হুমকি, ক্ষোভে ফুঁসছে প্রেসক্লাব অঙ্গন


ফটিকছড়ি প্রতিনিধি photo ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ৯-৫-২০২৬ দুপুর ১:২১

চট্টগ্রামের ফটিকছড়িতে ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে সালাহউদ্দিন জিকু নামের এক সাংবাদিককে সশরীরে প্রেসক্লাবে গিয়ে দেখে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মো. শাহজাহান নামে এক জামায়াত নেতার বিরুদ্ধে। অভিযুক্ত শাহজাহান উপজেলা জামায়াতের পেশাজীবী পরিষদের সাবেক সহ-সভাপতি।

গত বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় ফটিকছড়ি সরকারি কলেজ মার্কেটে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এই ঘটনা ঘটে। এ নিয়ে স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর রাতেই নিজের নিরাপত্তা চেয়ে ফটিকছড়ি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

প্রত্যক্ষদর্শী ও সংবাদকর্মী সূত্রে জানা যায়, ফটিকছড়ি সদরের একটি বহুতল ভবন বিক্রির বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু তথ্যের প্রেক্ষিতে সকালে একটি রম্য পোস্ট দেন সাংবাদিক সালাহউদ্দিন জিকু। এতে ক্ষিপ্ত হয়ে সন্ধ্যায় কয়েকজন লোকসহ প্রেসক্লাবে চড়াও হন মো. শাহজাহান। তিনি সেখানে সাংবাদিক জিকুকে না পেয়ে অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং তাকে তুলে নিয়ে মারধরের হুমকি দেন। এ সময় উপস্থিত অন্য সাংবাদিকরা বাধা দিলে তাদেরও দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান তিনি।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম ও থানা পুলিশের একটি দল। ইউএনও জানান, তিনি সংশ্লিষ্ট সবার সাথে কথা বলেছেন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান বলেন, “বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ভুক্তভোগী সাংবাদিক সালাহউদ্দিন জিকু বলেন, “একটি তুচ্ছ বিষয় নিয়ে সরাসরি প্রেসক্লাবে এসে হুমকি প্রদান করায় আমি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”

অভিযুক্ত মো. শাহজাহান হুমকি দেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, “ফেসবুক পোস্টের কারণে আমার ক্ষতি হওয়ায় আমি সেখানে গিয়ে মেজাজ হারিয়েছিলাম, তবে কাউকে হুমকি দেইনি।”

এদিকে উপজেলা জামায়াতের অফিস সম্পাদক মোহাম্মদ আবু জাফর জানান, শাহজাহান বর্তমানে দলের কোনো দায়িত্বে নেই, তিনি একজন নিষ্ক্রিয় কর্মী।

প্রেসক্লাব নেতৃবৃন্দ এই ঘটনাকে গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ আখ্যা দিয়ে অবিলম্বে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা