ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

আলফাডাঙ্গার একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা


শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা photo শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা
প্রকাশিত: ১১-৫-২০২৬ দুপুর ২:২৪

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম সাময়িক পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছিল—প্রশ্নপত্র, উত্তরপত্র কিংবা পরীক্ষা সংক্রান্ত কোনো খাতে শিক্ষার্থীদের কাছ থেকে এক টাকাও নেওয়া যাবে না। কিন্তু সেই সরকারি নির্দেশনাকে প্রকাশ্যে অমান্য করে একাধিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ উঠেছে উপজেলার ২১ নং কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫৯ নং ইকরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে। এসব বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের কাছ থেকে ২০ টাকা থেকে শুরু করে ২০০ টাকা পর্যন্ত আদায় করা হয়েছে বলে অভিযোগ করেন অভিভাবকরা। স্থানীয় সূত্রে জানা যায়, টগরবন্দ ইউনিয়নের নদীভাঙন কবলিত কৃষ্ণপুর ও আশপাশ এলাকার অধিকাংশ মানুষ নিম্নআয়ের। অনেক পরিবার ঠিকমতো সন্তানদের খাবার ও শিক্ষা উপকরণ জোগাড় করতেই হিমশিম খাচ্ছে। সেই অবস্থায় সরকারি বিদ্যালয়ে পরীক্ষার নামে টাকা নেওয়ায় চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে এলাকাজুড়ে।

সরেজমিনে কয়েকজন শিক্ষার্থী জানায়, তাদের কাছ থেকে বাধ্যতামূলকভাবে পরীক্ষা ফি নেওয়া হয়েছে। পঞ্চম শ্রেণির এক ছাত্রী রহিমা বলে, “পরীক্ষার ফি বাবদ আমার কাছ থেকে ৫০ টাকা নিয়েছে।” চতুর্থ শ্রেণির ছাত্র রহিম জানায়, “আমাদের ক্লাসের সবার কাছ থেকে ৪০ টাকা করে নেওয়া হয়েছে।” ৫৯ নং ইকরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র মোহাম্মদ আল্লাহ ইসলাম (রোল-৮) জানায়, “আমার কাছ থেকে ৪০ টাকা নেওয়া হয়েছে।” একই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী জান্নাতুল বলে, “ছোট ক্লাসের ছাত্রদের কাছ থেকে ২০ টাকা আর চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে ৪০ টাকা করে নেওয়া হয়েছে। প্রধান শিক্ষক আশরাফ স্যারের নির্দেশে ফুলমালা ম্যাডাম টাকা নিয়েছেন।” দ্বিতীয় শ্রেণির ছাত্র মুসালিন জানায়, “আমার কাছ থেকে ৩০ টাকা নেওয়া হয়েছে।” তৃতীয় শ্রেণির ছাত্র মিরাজ (রোল-৩১) বলে, “আমার কাছ থেকেও ৪০ টাকা পরীক্ষা ফি নেওয়া হয়েছে।”

২১ নং কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগের সত্যতা মিলেছে। চতুর্থ শ্রেণির ছাত্রী জান্নাতি জানায়, “আমাদের কাছ থেকে ৬০ টাকা নেওয়া হয়েছিল। পরে দ্বিতীয় পরীক্ষার সময় টাকা ফেরত দিয়েছে।” আরেক ছাত্রী মরিয়ম বলে, “রহিমা ম্যাডাম আমাদের সবার কাছ থেকে ৬০ টাকা নিয়েছে।” কেষ্টপুর গ্রামের দ্বিতীয় শ্রেণির ছাত্রী মিম জানায়, “আমার কাছ থেকে ২০০ টাকা নেওয়া হয়েছে।” একই বিদ্যালয়ের আরও দুই শিক্ষার্থী জানায়, ৯ মে পরীক্ষা শেষে তাদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেওয়া হয়েছে। তবে অন্যদের টাকা এখনো ফেরত দেওয়া হয়নি। শিক্ষকেরা খুচরা টাকার সংকট দেখিয়ে পরে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন বলেও দাবি করে তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক অভিযোগ করে বলেন, “সরকার বছরের পর বছর ফ্রি শিক্ষার কথা বলছে। অথচ স্কুলে গেলেই বিভিন্ন অজুহাতে টাকা দিতে হয়। গরিব মানুষের সন্তানদের কাছ থেকে পরীক্ষার নামে টাকা নেওয়া অমানবিক।” আরেক অভিভাবক বলেন, “আমরা নিয়ম জানি না। শিক্ষকরা টাকা চাইলে বাধ্য হয়েই দিতে হয়। না দিলে আবার বাচ্চাদের সঙ্গে খারাপ আচরণ করা হবে কিনা সেই ভয় থাকে।” এলাকার সচেতন মহল বলছে, সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও যদি শিক্ষা প্রতিষ্ঠানে প্রকাশ্যে অর্থ আদায় হয়, তাহলে তা শুধু অনিয়ম নয়—এটি শিক্ষা ব্যবস্থার প্রতি চরম অবহেলা ও দায়িত্বহীনতার পরিচয়।

অভিযোগের বিষয়ে ২১ নং কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল আহমেদ বলেন, “ছাত্র-ছাত্রীদের কাছ থেকে না নিলে আমি কি নিজের পকেট থেকে দিব? পরীক্ষার খরচ তো স্লিপের টাকা থেকে হওয়ার কথা, কিন্তু সেই টাকা পাওয়া যায় না।” তবে স্থানীয়দের প্রশ্ন—সরকারি বরাদ্দ ও স্পষ্ট নির্দেশনা থাকার পরও কেন শিক্ষার্থীদের পকেট থেকে টাকা তুলতে হবে? শিক্ষা অফিসের নির্দেশনা কি শুধুই কাগজে-কলমে সীমাবদ্ধ?

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, “সরকারি নির্দেশনা অনুযায়ী পরীক্ষার জন্য কোনো শিক্ষার্থীর কাছ থেকে ফি নেওয়ার সুযোগ নেই। অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।” স্থানীয় সচেতন নাগরিকরা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা এবং শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থ ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম

কুমিল্লায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ

হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় হাটহাজারী মৎস্য অধিদপ্তরের অভিযান

চৌগাছায় লেপ তোশকের গোডাউনে আগুন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি

বাগেরহাটে বিপুল পরিমান ইয়াবাসহ বিত্রেুতা গেফতার

আদমদীঘি প্রেসক্লাবে বিএনপি নেতার মতবিনিময়

বাজেটকে কেন্দ্র করে পাবনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার

রায়গঞ্জে নারী অধিকার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

প্রবাসীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগটন "নয় বাড়ীয়া ফোরাম"র নতুন কমিটি ঘোষণা

লামায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

শালিখায় গঙ্গাদেবীর পূজা ও গঙ্গা স্নানের মেলা অনুষ্ঠিত