ঢাকা বৃহষ্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

যশোরে মাএ ৪৮ ঘণ্টার ব্যবধানে ৫ মরদেহ উদ্ধার, খুন-রহস্যজনক মৃত্যুর ঘটনায় উদ্বেগ


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ১০-৬-২০২৬ দুপুর ২:৫৯

যশোর জেলায় মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে মা-শিশুসহ পাঁচজনের মরদেহ উদ্ধারের ঘটনায় জনমনে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জেলার বিভিন্ন স্থানে ঘটে যাওয়া এসব ঘটনায় উঠে এসেছে পারিবারিক দ্বন্দ্ব, নারী উত্ত্যক্তের প্রতিবাদ এবং রহস্যজনক মৃত্যুর নানা অভিযোগ। পৃথক ঘটনায় ইতোমধ্যে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ ও আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঘরে ঝুলছিল মা ও শিশুর মরদেহ
ঝিকরগাছা উপজেলার নাভারন ইউনিয়নের শরীফপুর গ্রামে নিজ ঘর থেকে রেবেকা খাতুন (২৬) ও তার দেড় বছর বয়সী ছেলে সোহরাব হোসেনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, শিশুকে হত্যার পর মা আত্মহত্যা করে থাকতে পারেন। তবে নিহত রেবেকার পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
স্বজনদের অভিযোগ, জমিজমা সংক্রান্ত বিরোধ ও অর্থনৈতিক চাপের কারণে রেবেকা ও তার সন্তানকে হত্যা করে ঘটনাটি আত্মহত্যা হিসেবে সাজানোর চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় স্বামী জনি মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ, প্রাণ গেল নানার
মণিরামপুর উপজেলার স্মরণপুর বাজার এলাকায় ইনামুল হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
স্থানীয় সূত্রে জানা যায়, স্কুলপড়ুয়া নাতনিকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিল কয়েকজন যুবক। বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয়ে সোমবার রাতে বাড়ি ফেরার পথে ইনামুলের ওপর হামলা চালানো হয়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। পুলিশ একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
বিয়ের ছয় মাস না পেরোতেই নববধূকে হত্যা
যশোর সদর উপজেলার শেখহাটি এলাকায় পারিবারিক কলহের জেরে সামিনা আক্তার শাম্মী (২০) নামে এক নববধূ স্বামীর হাতে নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
সোমবার সকালে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, পারিবারিক বিরোধ ও অর্থনৈতিক টানাপোড়েনের একপর্যায়ে স্বামী সুজন ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে হত্যা করেন। পরে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। বর্তমানে তিনি পুলিশি পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবারের সদস্যরা জানান, প্রেমের সম্পর্কের পর প্রায় ছয় মাস আগে তাদের বিয়ে হয়েছিল। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
স্কুল মাঠ থেকে উদ্ধার বৃদ্ধ, হাসপাতালে মৃত্যু
যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া স্কুল মাঠ থেকে হামিদ বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চিকিৎসকদের প্রাথমিক ধারণা, তিনি অজ্ঞান পার্টির কবলে পড়ে অসুস্থ হয়ে থাকতে পারেন। তবে মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ থাকায় ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, রিপোর্ট পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।
বাড়ছে উদ্বেগ, জোরদার তদন্তের আশ্বাস
অল্প সময়ের মধ্যে একাধিক মৃত্যু ও হত্যাকাণ্ডের ঘটনায় জেলার সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন এলাকায় পুলিশি টহল ও নজরদারি বাড়ানো প্রয়োজন। 
তবে আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, প্রতিটি ঘটনার গুরুত্ব সহকারে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে এসব ঘটনার প্রকৃত রহস্য উদঘাটিত হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এমএসএম / এমএসএম

সাভার প্রেসক্লাবের বৃক্ষ ও তাঁত মেলার উদ্বোধন

বালু উত্তোলনে অভিযান: মনপুরায় দুই ড্রেজার আটক, একটি পেল ছাড়

বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত

নন্দীগ্রামে উপজেলা প্রেসক্লাবের প্রথম সভা অনুষ্ঠিত

শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত

উলিপুরে ড্রাইভার হামিদুল হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

বড়লেখায় আন্তর্জাতিক যুব দিবসে যুব সমাবেশ ও র‍্যালি

বাগেরহাটে ব্র্যাকের যুব উদ্যোক্তা প্রকল্পের সমাপনি সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে নারিকেল বাগান প্রকল্পের উদ্বোধন

বাঘায় ১৫০ বোতল ইস্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গোদাগাড়ীতে অনিয়মের সত্যতা, সেবা ক্লিনিক সিলগালা

দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান

নবীনগরে বালু উত্তোলনের প্রতিবাদ করায় বৃদ্ধকে কুপিয়ে জখম, মামলা