জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেও সাড়া মেলেনি, নিজ উদ্যোগে রাস্তা মেরামতে গ্রামবাসী
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের রসুলপুর পকপাড়া গ্রামের বাসিন্দারা দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটাতে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছেন। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বারবার আবেদন করেও কোনো কার্যকর পদক্ষেপ না পেয়ে গ্রামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অর্থ সংগ্রহ করে রাস্তা মেরামতের কাজ শুরু করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মামুদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রসুলপুর পকপাড়া গ্রামে প্রায় দুই শতাধিক পরিবারের বসবাস। গ্রামের একমাত্র ইটসলিং সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বিভিন্ন স্থানে ইট উঠে গিয়ে তৈরি হয়েছে অসংখ্য গর্ত ও খানাখন্দ। প্রায় এক কিলোমিটার দীর্ঘ এ সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষকে প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
গ্রামবাসীর অভিযোগ, সড়কটি সংস্কারের জন্য তারা স্থানীয় ইউপি সদস্য ও ইউনিয়ন পরিষদের দায়িত্বশীলদের কাছে একাধিকবার আবেদন জানিয়েছেন। কিন্তু দীর্ঘ সময়েও কোনো উদ্যোগ গ্রহণ না হওয়ায় তারা নিজেরাই বাড়ি বাড়ি গিয়ে অর্থ সংগ্রহ করেন। পরে প্রায় ৫০ হাজার টাকা ব্যয়ে রাস্তা সংস্কারের কাজ শুরু করেন।
শুক্রবার (১২ জুন) সকালে রাস্তা মেরামতের সময় স্থানীয়দের সঙ্গে কথা হলে তারা জানান, পাঁচ থেকে ছয় বছর আগে সড়কটিতে ইটসলিং করা হয়েছিল। এরপর আর কোনো সংস্কার কাজ না হওয়ায় বর্তমানে রাস্তার অবস্থা অত্যন্ত নাজুক। কৃষিপণ্য বাজারে নিতে যেমন দুর্ভোগ পোহাতে হচ্ছে, তেমনি স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরাও প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছে।
স্থানীয় বাসিন্দা আজিজার রহমান, ইউসুফ আলী, জালাল উদ্দিন, একরামুল হক, মিটু মিয়া, হাশেম আলী ও আসলাম হোসেন বলেন, “বারবার চেয়ারম্যান ও মেম্বারের কাছে গিয়েও কোনো সুফল পাইনি। তাই গ্রামের মানুষ একজোট হয়ে নিজস্ব অর্থায়নে রাস্তা মেরামতের উদ্যোগ নিয়েছি। আমরা চাই দ্রুত সড়কটি কার্পেটিং করা হোক, যাতে দীর্ঘমেয়াদে সমস্যার সমাধান হয়।”
এ বিষয়ে ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল ইসলাম বলেন, “গ্রামবাসী আমার কাছে এসেছিল। বিষয়টি চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে। তবে প্রয়োজনীয় বরাদ্দ না থাকায় কাজ করা সম্ভব হয়নি।”
মামুদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিলন মন্ডল বলেন, “এলাকাবাসীর নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কারের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সরকারি বরাদ্দ পাওয়া গেলে সড়কটির স্থায়ী উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী বলেন, “গ্রামবাসী নিজেদের অর্থায়নে রাস্তা মেরামত করছেন—এ বিষয়টি আমার জানা ছিল না। বিষয়টি খোঁজ নিয়ে ইউনিয়ন পরিষদের সঙ্গে আলোচনা করা হবে। আগামী বরাদ্দে সড়কটির উন্নয়ন কাজ অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হবে।”
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied