ঢাকা বুধবার, ৫ আগস্ট, ২০২৬

সিরাজগঞ্জে সাসেক-২ প্রকল্পে ‘টাকা দিয়েও মেলেনি চেক’—অভিযোগে কর্মস্থলেও অনুপস্থিত কানুনগো


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৪-৬-২০২৬ দুপুর ৪:৩

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প হাটিকুমরুল সাসেক-২ ইন্টারচেঞ্জ এখন নির্মাণের শেষ পর্যায়ে। প্রায় ৭৩৮ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত এই প্রকল্প উন্নয়নের প্রতীক হিসেবে আলোচিত হলেও এর আড়ালে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ নিয়ে অসন্তোষ ও অনিয়মের অভিযোগ ঘুরে বেড়াচ্ছে ভুক্তভোগীদের মুখে মুখে।

ভূমি মালিকদের অভিযোগ, অধিগ্রহণ করা জমির বিপরীতে ক্ষতিপূরণের চেক পেতে বছরের পর বছর ঘুরতে হচ্ছে। কারও কারও দাবি, ফাইল এগিয়ে নিতে এবং প্রক্রিয়া দ্রুত করতে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগও রয়েছে। যদিও এসব অভিযোগ সংশ্লিষ্ট কর্মকর্তারা অস্বীকার করেছেন।

এই আলোচনার মধ্যেই সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখায় দায়িত্ব পালন করা কানুনগো রকিবর রহমান রকিবকে রায়গঞ্জ উপজেলা ভূমি অফিসে সংযুক্ত করা হয়। তবে নতুন কর্মস্থলে যোগদানের কয়েকদিনের মধ্যেই তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিন দিনের নৈমিত্তিক ছুটির আবেদন করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বুধবার (১০ জুন) তিনি রায়গঞ্জ উপজেলা ভূমি অফিসে কানুনগো হিসেবে যোগদান করেন। পরে গত রোববার (১৪ জুন) তিনি সহকারী কমিশনার (ভূমি), রায়গঞ্জ বরাবর ১৪ থেকে ১৬ জুন পর্যন্ত নৈমিত্তিক ছুটির আবেদন করেন। আবেদনে চিকিৎসকের পরামর্শ গ্রহণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়।

এদিকে তার যোগদানের খবর ছড়িয়ে পড়ার পর ক্ষতিপূরণসংক্রান্ত বিভিন্ন বিষয় জানতে কয়েকজন ভুক্তভোগী উপজেলা ভূমি অফিসে যান। তাদের দাবি, পূর্বের ফাইল, অর্থ প্রদান এবং নথিপত্রের অগ্রগতি সম্পর্কে জানতে তারা যোগাযোগ করতে চেয়েছিলেন। তবে কর্মকর্তাকে কর্মস্থলে না পেয়ে ফিরে যেতে হয় তাদের।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভুক্তভোগী বলেন, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিষয়গুলোর ব্যাখ্যা পাওয়ার আশায় তারা এসেছিলেন। কিন্তু কর্মকর্তার অনুপস্থিতিতে তাদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।

রাধানগর মৌজার এক ভুক্তভোগী অভিযোগ করেন, সাসেক-২ প্রকল্পের জন্য তার প্রায় সাড়ে ২৮ শতক জমি অধিগ্রহণ করা হয়। ২০২০ সাল থেকে তিনি ক্ষতিপূরণের জন্য দপ্তরে দপ্তরে ঘুরেছেন। তার দাবি, এক পর্যায়ে সংশ্লিষ্টদের মাধ্যমে ১৫ লাখ টাকা দাবি করা হয় এবং পরে অন্য জমি বিক্রি করে তিনি সেই অর্থ দেন। তবে পরে তাকে জানানো হয়, অধিগ্রহণ তালিকায় তার জমির অস্তিত্ব নেই। এরপর আবার অতিরিক্ত অর্থ দিলে কাগজপত্র ঠিক করা হবে বলে আশ্বাস দেওয়া হয় বলেও তিনি দাবি করেন।

একই ধরনের অভিযোগ আরও কয়েকজন জমির মালিকেরও। তাদের ভাষ্য, ক্ষতিপূরণ প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা ও অস্বচ্ছতার কারণে ৮ থেকে ১৫ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ ব্যয়ের চাপ তৈরি হয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অন্যদিকে এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন সাবেক সিরাজগঞ্জ ভূমি অধিগ্রহণ শাখার দায়িত্ব পালন করা এবং বর্তমানে রায়গঞ্জ উপজেলা ভূমি অফিসে কর্মরত কানুনগো রকিবর রহমান রকিব। তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল খালেক পাটোয়ারী বলেন, কর্মকর্তা নিয়ম অনুযায়ী যোগদান করেছেন এবং পরে অসুস্থতার কারণে ছুটির আবেদন করেছেন। ভূমি–সংক্রান্ত কোনো অভিযোগ লিখিতভাবে পাওয়া গেলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নুর নাহার বেগম জানান, ঘটনাটি তদন্তে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

উন্নয়ন প্রকল্পের এই বাস্তবতায় ক্ষতিপূরণ নিয়ে ওঠা প্রশ্ন এখন প্রশাসনের জন্যও একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন হবে এবং প্রাপ্য ক্ষতিপূরণ নিশ্চিত হবে ভুক্তভোগীদের জন্য।

এমএসএম / এমএসএম

লাকসামে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

রৌমারীতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশের প্রত্যয়, মনপুরায় গণঅভ্যুত্থান দিবস পালন

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে তারাগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় 'ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত

পাওনা টাকা চাইতে গিয়ে হয়রানির শিকার ব্যবসায়ী

রায়গঞ্জে শহীদ নজরুলের নামে সড়ক, উদ্বোধন করলেন এমপি আয়নুল হক

খানসামায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

তাড়াশে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

বিলাইছড়িতে গণঅভ্যুত্থান দিবস পালিত

আত্রাইয়ে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

কেশবপুরে অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির অর্থ লুটপাটের অভিযোগ

যোগদানপত্রে নাম বদলিয়ে চাকরিঃ অবসরকালীন সুবিধা চেয়ে ভূক্তভোগীর সংবাদ সম্মেলন