সামাজিক যোগাযোগমাধ্যমে সড়কের দুর্দশা প্রকাশের পর বরাদ্দ বাতিলের অভিযোগ, বড়ঘোপে জনদুর্ভোগ নিয়ে ক্ষোভ
কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আরব সিকদার পাড়ার পশ্চিমাংশের একটি জনগুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশের পর ওই সড়কের উন্নয়ন বরাদ্দ বাতিলের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা, ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে থাকা একটি জনপদের সমস্যা তুলে ধরার কারণে যদি উন্নয়ন বরাদ্দ বন্ধ হয়ে যায়, তবে তা জনস্বার্থ ও জবাবদিহিতার পরিপন্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের অনুপযোগী অবস্থায় রয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন অংশ হাঁটুসমান পানিতে তলিয়ে যায়। ফলে নারী, শিশু ও বৃদ্ধসহ সাধারণ মানুষের চলাচল অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে। কর্মজীবীরা সময়মতো কর্মস্থলে পৌঁছাতে পারেন না, শিক্ষার্থীরা স্কুল, কলেজ ও মাদ্রাসায় যেতে ভোগান্তির শিকার হয়। স্থানীয়দের দাবি, ইতোমধ্যে অনেকেই সড়কটিতে পড়ে দুর্ঘটনারও সম্মুখীন হয়েছেন।
এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান দায়িত্ব গ্রহণের পর থেকেই তারা একাধিকবার সড়কটি সংস্কারের দাবি জানিয়ে আসছেন। চেয়ারম্যান সড়কটির পূর্বদিক থেকে সিসি ঢালাইয়ের মাধ্যমে উন্নয়নের আশ্বাসও দিয়েছিলেন। কয়েক দফা পরিমাপের জন্য লোকজন এলেও বাস্তবে কোনো কাজ শুরু হয়নি।
পরবর্তীতে এলাকার মানুষের অনুরোধে একজন সচেতন নাগরিক হিসেবে সড়কের দুরবস্থার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়। ভিডিওটি প্রকাশের পর বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম শহিদ উদ্দিন ছোটনের নজরে এলে তিনি বিরূপ প্রতিক্রিয়া জানান বলে অভিযোগ করেন স্থানীয়রা।
বিষয়টি নিয়ে এলাকাবাসী চেয়ারম্যানের সঙ্গে সরাসরি যোগাযোগ করলে তিনি জানান, সড়কটির জন্য প্রায় ৫ লাখ টাকা বরাদ্দ ছিল এবং গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে সেই অর্থ ইউনিয়ন পরিষদের হিসাবে স্থানান্তর করা হয়েছে। চেয়ারম্যানের দাবি, সড়কের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হওয়ার পর ওই বরাদ্দ বাতিল করা হয়েছে এবং অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
এ বিষয়ে চেয়ারম্যান আ.ন.ম শহিদ উদ্দিন ছোটন বলেন, “সড়কটি পূর্বদিক থেকে করে আনার সিদ্ধান্ত হয়েছিল। আগামী সোমবার থেকে কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ভিডিও প্রকাশের কারণে বরাদ্দ বাতিল করা হয়েছে।” তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদের উন্নয়ন কাজ তিনি নিজেই তদারকি করেন এবং কোনো মেম্বারের মাধ্যমে কাজ পরিচালনা করেন না।
তবে চেয়ারম্যানের এ বক্তব্যে সন্তুষ্ট নন এলাকাবাসী। তাদের প্রশ্ন, একটি জনদুর্ভোগের বিষয় প্রকাশ পাওয়ার কারণে কীভাবে একটি সরকারি উন্নয়ন বরাদ্দ বাতিল হতে পারে? বরাদ্দ বাতিল হয়ে থাকলে তার লিখিত বা প্রশাসনিক ভিত্তি কী, সেটিও জানতে চান তারা।
স্থানীয়দের অভিযোগ, তারা চেয়ারম্যানকে সড়কটির জরুরি সংস্কারের জন্য অনুরোধ করলেও কাঙ্ক্ষিত আশ্বাস পাননি। বরং তাদের বলা হয়েছে, আপাতত বিকল্প উপায়ে চলাচল করতে এবং পরবর্তীতে সুযোগ হলে সড়কটির কাজ করা হবে।
এলাকাবাসী আরও জানান, আরব সিকদার পাড়ার পশ্চিমাংশ দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চনার শিকার। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নানা কারণে এলাকাটি অবহেলিত অবস্থায় রয়েছে বলে তাদের অভিযোগ। বিভিন্ন সময়ে জেলা পরিষদ বা প্রশাসনের উদ্যোগে সড়কের কিছু অংশ উন্নয়ন হলেও ইউনিয়ন পরিষদের নিজস্ব উদ্যোগে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি বলেও দাবি করেন তারা।
স্থানীয় সচেতন মহলের মতে, জনগণের কষ্ট, দুর্ভোগ ও অবকাঠামোগত সমস্যার বিষয় সংবাদমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরা নাগরিক অধিকার। এসব অভিযোগের জবাবে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরিবর্তে উন্নয়ন বরাদ্দ বাতিল বা স্থানান্তরের মতো বক্তব্য জনমনে বিভ্রান্তি ও নেতিবাচক বার্তা সৃষ্টি করে।
তারা মনে করেন, যদি সত্যিই বরাদ্দ বাতিল হয়ে থাকে, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত বিষয়টি স্পষ্ট করা। আর যদি বরাদ্দ বহাল থাকে, তাহলে দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে দ্রুত কাজ শুরু করা প্রয়োজন।
এলাকাবাসী উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, স্থানীয় সরকার বিভাগ এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, রাজনৈতিক বা ব্যক্তিগত বিবেচনা নয়, জনস্বার্থকে প্রাধান্য দিয়ে জনগুরুত্বপূর্ণ এই সড়কটির দ্রুত সংস্কার নিশ্চিত করা হোক, যাতে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটে।
এমএসএম / এমএসএম
লাকসামে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
রৌমারীতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশের প্রত্যয়, মনপুরায় গণঅভ্যুত্থান দিবস পালন
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে তারাগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় 'ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত
পাওনা টাকা চাইতে গিয়ে হয়রানির শিকার ব্যবসায়ী
রায়গঞ্জে শহীদ নজরুলের নামে সড়ক, উদ্বোধন করলেন এমপি আয়নুল হক
খানসামায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
তাড়াশে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
বিলাইছড়িতে গণঅভ্যুত্থান দিবস পালিত
আত্রাইয়ে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
কেশবপুরে অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির অর্থ লুটপাটের অভিযোগ