সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন
ঢাকার সাভারে ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে ১৫ বছর বয়সী এক কিশোরকে অপহরণ করে ব্যক্তিগত অফিসে নিয়ে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, নির্যাতনের ফলে কিশোরটির দুই চোখের কর্নিয়া নষ্টসহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
ভুক্তভোগীর দুলাভাই স্বপন চন্দ্র সূত্রধর সাভার মডেল থানায় দায়ের করা লিখিত অভিযোগে উল্লেখ করেন, তার শ্যালক রিপন (১৫) গত ৩০ মে মধ্য রাজাশনের পালোয়ানপাড়া এলাকায় সমবয়সী কয়েকজনের সঙ্গে খেলাধুলা করছিল। এ সময় অনাকাঙ্ক্ষিতভাবে স্থানীয় এক কিশোরের সঙ্গে ধাক্কা লাগার ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে ওঠেন ওই কিশোরের কথিত বড় ভাই সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন সামির ওরফে ফেন্সি সামির।
অভিযোগে বলা হয়েছে, ওই ঘটনার জের ধরে সামির তার সহযোগীদের দিয়ে রিপনকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে গত ২ জুন বিকেলে রাজাশন পালোয়ানপাড়া এলাকায় রাজধানী বেকারির নিকট থেকে রিপনকে জোরপূর্বক ধরে সামিরের ব্যক্তিগত অফিসে নিয়ে যাওয়া হয়।
লিখিত অভিযোগে আরও বলা হয়, অফিস কক্ষে নিয়ে যাওয়ার পর রিপনের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়। তাকে দেয়ালের সঙ্গে মাথা আছড়ে মারার পাশাপাশি লাঠি দিয়ে চোখে আঘাত করা হয়। এতে তার দুই চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের সৃষ্টি হয়। নির্যাতনের একপর্যায়ে সে অচেতন হয়ে পড়লে অভিযুক্তরা তাকে মৃত ভেবে বাড়ির সামনে ফেলে রেখে চলে যায়।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।
অভিযোগে প্রধান অভিযুক্ত হিসেবে সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন সামির ওরফে ফেন্সি সামিরের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া ফেন্সি সামিরের সহযোগী মানিক ওরফে পিস্তল মানিক, সজিব, আলাউদ্দিন ওরফে আলমগীরসহ আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।
এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একটি সামান্য ঘটনাকে কেন্দ্র করে একজন সনাতন ধর্মাবলম্বী কিশোরের ওপর এমন নৃশংস নির্যাতনের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও চলতি দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, "অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এমএসএম / এমএসএম
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন
বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬