ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

গোদাগাড়ীতে বিএমডিএর পরিত্যক্ত কূপে পড়ে মহিষের মৃত্যু, ক্ষুদ্র নৃগোষ্ঠীর কৃষক নিঃস্ব


গোদাগাড়ী প্রতিনিধি  photo গোদাগাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৬-২০২৬ দুপুর ১২:৪৭

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের শাহানাপাড়া গ্রামে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) একটি গভীর পরিত্যক্ত কূপে পড়ে একটি মহিষের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) বিকেলে ঘটে যাওয়া এই বর্বরোচিত ঘটনায় ঋণ নিয়ে কেনা মহিষ হারিয়ে চরম বিপাকে পড়েছেন স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওঁরাও সম্প্রদায়ের এক হতদরিদ্র কৃষক।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকেলের দিকে চার বছর বয়সী মহিষটি হঠাৎ ছুটে গিয়ে চারপাশ অরক্ষিত থাকা প্রায় ৮০ ফুট গভীর একটি পরিত্যক্ত কূপে পড়ে যায়। খবর পেয়ে গোদাগাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তবে কূপের অতিরিক্ত গভীরতা ও সংকীর্ণতার কারণে দীর্ঘ চেষ্টা করেও মহিষটিকে জীবিত বা মৃত উদ্ধার করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, টর্চের আলোয় কূপের তলদেশে মহিষটিকে দেখা গেলেও কোনো নড়াচড়া না থাকায় সেটি ভেতরেই মারা গেছে বলে নিশ্চিত হওয়া গেছে।

মহিষের মালিক ক্ষুদ্র নৃগোষ্ঠীর কৃষক বিকাশ খা খা কান্নায় ভেঙে পড়ে জানান, বিভিন্ন এনজিও থেকে দেড় লাখ টাকা ঋণ নিয়ে তিনি দুটি মহিষ কিনেছিলেন। প্রতি মাসে তাঁকে ১৫ হাজার টাকা কিস্তি পরিশোধ করতে হয়। এই মহিষ দুটি দিয়েই অন্যের জমি হালচাষ করে তিনি ছয় সদস্যের পরিবারের জীবিকা নির্বাহ করতেন। একটি মহিষ হারিয়ে এখন ঋণের কিস্তি পরিশোধ ও সংসার চালানো নিয়ে তিনি চরম অনিশ্চয়তায় পড়েছেন। বিকাশের মেয়ে মন্দিরা খা খা বলেন, “মহিষটি গর্তে পড়ে যাওয়ার খবর শুনে বাবা ঘটনাস্থলেই স্ট্রোকের মতো করে অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা মাথায় পানি ঢেলে তাঁকে সুস্থ করেন। আমাদের পুরো সংসার এই মহিষের ওপর নির্ভরশীল ছিল। এখন আমরা কীভাবে বাঁচব, বুঝতে পারছি না।”

সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, প্রায় ৪ ফুট ব্যাসের ওই মরণকূপটির চারপাশে নামমাত্র বাঁশের চাটাই দিয়ে ঘেরা থাকলেও ওপরের মুখটি সম্পূর্ণ খোলা ছিল। স্থানীয়দের অভিযোগ, বেশ কয়েক মাস আগে এখানে গভীর নলকূপ স্থাপনের জন্য বিএমডিএর মাধ্যমে খননকাজ করা হলেও পরবর্তীতে কাজ শেষ না করে কূপটি খোলা রেখেই চলে যান সংশ্লিষ্টরা। তাদের এমন চরম অবহেলা ও উদাসীনতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ এলাকাবাসীর। তারা অবিলম্বে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র নৃগোষ্ঠীর কৃষকের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কূয়া খননের উদ্যোক্তা নাসির উদ্দিন বাবু জানান, কয়েকজন মিলে সেখানে গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ নিয়েছিলেন। তবে জমির প্রয়োজনীয় কাগজপত্র জমা না হওয়ায় প্রকল্পটি সাময়িক বন্ধ হয়। ভবিষ্যতে নলকূপ স্থাপনের আশা থাকায় তারা কূপটি ভরাট বা বন্ধ করেননি। মহিষের মৃত্যুর বিষয়টি অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, সবার সঙ্গে আলোচনা করে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তার একটি সমাধানের চেষ্টা করা হবে।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে রাজশাহীর তানোর উপজেলায় বিএমডিএর একটি অরক্ষিত ও পরিত্যক্ত কূপে পড়ে দুই বছরের শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যু দেশজুড়ে তীব্র আলোড়ন ও ক্ষোভের সৃষ্টি করেছিল। সেই ঘটনার পর উচ্চ আদালত ও প্রশাসনের পক্ষ থেকে বরেন্দ্র অঞ্চলের সব পরিত্যক্ত কূপ দ্রুত বন্ধ করার কঠোর নির্দেশ দেওয়া হলেও শাহানাপাড়ার এই মরণকূপটি এখনো খোলা থাকায় আবারও এই দুর্ঘটনা ঘটল। এতে বিএমডিএর গাফিলতি নিয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি বরেন্দ্র অঞ্চলের সব পরিত্যক্ত বোরহোল দ্রুত ভরাট বা বন্ধে কার্যকর আইনি উদ্যোগ নেওয়ার দাবি আরও জোরালো হয়েছে।

Aminur / Aminur

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দাউদকান্দি টোল প্লাজায় তারেক রহমানকে স্বাগত, স্লোগানে মুখরিত মহাসড়ক

‎আশুলিয়ায় ‘রাস্তার নামে’ ভূমি দখলের পাঁয়তারা, ইউএনওর কাছে ভুক্তভোগীর আবেদন

আদমদীঘিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

এনএসআই কর্মকর্তার প্রভাবে মামলা প্রভাবিত, অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার

আন্তর্জাতিক প্রবীণ দিবসে পটুয়াখালীতে র‌্যালি ও আলোচনা সভা