ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

নারী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে ধর্মঘট, গাজীপুরে ইসলাম গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১-৭-২০২৬ দুপুর ১:৪৯

শ্রমিক ধর্মঘটের কারণ দেখিয়ে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় অবস্থিত ‘ইসলাম গার্মেন্টস লিঃ (ইউনিট-২)’ বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারা মোতাবেক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে জারি করা এক নোটিশের মাধ্যমে এই বন্ধের সিদ্ধান্ত জানানো হয়। পহেলা জুলাই বুধবার থেকে এই বন্ধ কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

কারখানার পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, গত ২৭ জুন শনিবার কারখানার সুইং অপারেটর রুবিনা বেগম (৫০) কর্মরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কারখানার ভেতরে অবস্থিত মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দিয়ে স্থানীয় কোনাবাড়ী ক্লিনিকে পাঠানো হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে স্থানান্তর করা হয় এবং ওই দিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত রুবিনা বেগম সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার মেঘাই গ্রামের মৃত সুমার আলী সরকারের মেয়ে। তিনি জরুন এলাকায় ভাড়া বাসায় থেকে ইসলাম গার্মেন্টসে চাকরি করতেন।

রোববার (২৮ জুন) সকালে ওই নারী শ্রমিকের মৃত্যুর খবর কারখানায় ছড়িয়ে পড়লে সাধারণ শ্রমিকরা কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম অবহেলার অভিযোগ এনে কাজ বন্ধ করে দেন। শ্রমিকদের দাবি, সঠিক সময়ে যথাযথ চিকিৎসা ও পদক্ষেপ না নেওয়ার কারণে রুবিনার মৃত্যু হয়েছে এবং এই অবহেলায় জড়িতদের তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

কারখানা কর্তৃপক্ষের নোটিশে দাবি করা হয়, গত ২৮ জুন রোববার সকাল ১১টার দিকে শ্রমিকরা বেআইনি ধর্মঘট ডেকে কারখানায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে চলে যায়। এরপর ২৯ জুন সোমবার এবং ৩০ জুন মঙ্গলবার সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করে হাজিরা নিশ্চিত করলেও কর্তৃপক্ষের বারবার অনুরোধ সত্ত্বেও কাজে যোগদান না করে কর্মবিরতি ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। শ্রমিকদের এমন আচরণ বেআইনি ধর্মঘটের শামিল হওয়ায় কারখানা কর্তৃপক্ষ বাধ্য হয়ে পহেলা জুলাই থেকে শ্রম আইনের ১৩(১) ধারা মোতাবেক কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। নোটিশে আরও বলা হয়, পরবর্তীতে কারখানা খোলার অনুকূল পরিবেশ সৃষ্টি হলে তা পুনরায় নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ না করায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন (পিপিএম) জানান, “শ্রমিকদের অভিযোগ কারখানা কর্তৃপক্ষের অবহেলার কারণেই ওই নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। যথাসময়ে সঠিক চিকিৎসা দিলে হয়তো এই দুর্ঘটনা ঘটত না। চিকিৎসায় কর্তৃপক্ষের কোনো অবহেলা ছিল কি না, তা আমরা গুরুত্বের সাথে তদন্ত করে দেখছি।” কারখানা বন্ধের প্রসঙ্গে তিনি বলেন, “কর্তৃপক্ষ শ্রম আইন অনুযায়ী তাদের কারখানা বন্ধ ঘোষণা করেছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আমরা পুরো বিষয়টি নিবিড়ভাবে তদারকি করছি।”

এমএসএম / এমএসএম

রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক