ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

নকশায় সোজা, দখলের কারণে বাঁকা হচ্ছে সরকারি সড়ক!


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২-৭-২০২৬ বিকাল ৫:২০

রাজশাহীর বাগমারা উপজেলার গণিপুর ইউনিয়নের মাঝিগ্রামে সরকারি রাস্তার জমি দখলমুক্ত না করেই হেরিংবোন (ইটের) সড়ক নির্মাণ করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, অনুমোদিত নকশা, অ্যাসাইনমেন্ট ও মৌজা ম্যাপ অনুযায়ী সড়কটি সোজা হওয়ার কথা থাকলেও কয়েকটি পরিবারের দখলের কারণে সেটি আঁকাবাঁকা পথে নির্মাণ করা হয়েছে। বর্তমানে একই পথে পাকা সড়ক নির্মাণের প্রস্তাব মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

স্থানীয়দের দাবি, দখলদারদের উচ্ছেদ না করে পাকা সড়ক নির্মাণ করা হলে সরকারি রাস্তা স্থায়ীভাবে বাঁকা হয়ে যাবে। এতে ভবিষ্যতে যান চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়বে।

অভিযোগ রয়েছে, সরকারি রাস্তার জমি দখল করে থাকা ব্যক্তিদের মধ্যে একজন অবসরপ্রাপ্ত সৈনিক জোবায়েদ হোসেন। এছাড়া বজলু ও রেজাউল নামে দুই ভাইয়ের বিরুদ্ধেও সরকারি জমি দখলের অভিযোগ রয়েছে। স্থানীয়দের ভাষ্য, ২০১৮ সালে জোবায়েদ হোসেনের বাড়ির সামনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এবং "জোবায়েদ হোসেন, সভাপতি, বঙ্গবন্ধু সৈনিক লীগ, বাগমারা উপজেলা শাখা" লেখা একটি সাইনবোর্ড টানানো ছিল। এলাকাবাসীর অভিযোগ, সে সময় একাধিক অভিযোগ, মানববন্ধন ও প্রশাসনিক উদ্যোগের পরও দখল অপসারণ না হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিকল্প হিসেবে বাঁকা পথেই হেরিংবোন সড়ক নির্মাণ করে।

স্থানীয় সূত্র জানায়, ২০১৮ সালে প্রথম বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। পরে ২০২০ সালে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেন এবং পুনরায় ইউএনও বরাবর আবেদন করেন। বিষয়টি নিয়ে জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়।

এরপর তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান সরেজমিন পরিদর্শন ও মাপজোক শেষে দখলদারদের ২১ দিনের মধ্যে সরকারি জমি ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। তবে অভিযোগ অনুযায়ী, সেই নির্দেশ আজও বাস্তবায়ন হয়নি। পরবর্তীতে ২০২১ সালে এলাকাবাসী তৎকালীন জেলা প্রশাসকের কাছেও আবেদন করেন।

সর্বশেষ গত ২৯ জুন এলাকাবাসী রাজশাহীর জেলা প্রশাসক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রধান প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেছেন। আবেদনে মৌজা ম্যাপ ও অ্যাসাইনমেন্ট অনুযায়ী সরকারি রাস্তার সীমানা যাচাই, দখলমুক্তকরণ এবং প্রয়োজনীয় সমন্বিত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

মাঝিগ্রামের বাসিন্দাদের একটাই প্রত্যাশা—সরকারি জমি দখলমুক্ত করে অনুমোদিত নকশা অনুযায়ী সোজা পাকা সড়ক নির্মাণ করা হোক।

এ বিষয়ে এলজিইডি, রাজশাহীর নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলামের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

তবে রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, "সমস্যাটি অনেক দিনের। এতদিন কেন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি, তা আমি জানি না। তবে রাস্তা সোজা হলে এলাকাবাসীর অনেক উপকার হবে। বর্তমানে বাঁকা হওয়ার কারণে নানা সমস্যা তৈরি হচ্ছে। বিষয়টি আমি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)-কে দেখার নির্দেশ দিয়েছি। আগামী সমন্বয় সভায় এলজিইডিসহ সংশ্লিষ্ট সব দপ্তরের উপস্থিতিতে বিষয়টি উত্থাপন করা হবে এবং সমাধানের বিষয়ে আলোচনা করা হবে।"

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়